ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

মসজিদে নববীর জুমার খুতবার সারসংক্ষেপ


মসজিদে নববীর জুমার খুতবার সারসংক্ষেপ

মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো উত্তম চরিত্র ও সুন্দর কথাবার্তা। সদয় বাক্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে, পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং বিবাদ-বিসংবাদ দূর করে। অপরদিকে, কঠোর ও অশালীন কথা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারে। তাই কথা বলার ক্ষেত্রে সর্বোত্তম শব্দ বেছে নেওয়া এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলার আহ্বান জানান পবিত্র মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. খালিদ আল-মুহান্না।

গতকাল (শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬) মদিনার মসজিদে নববিতে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। খুতবায় তিনি তাকওয়ার গুরুত্ব, রাসুলুল্লাহ (সা.)-এর অনুপম চরিত্র, উত্তম কথার মর্যাদা এবং মানুষের সঙ্গে সদয় আচরণের ফজিলত তুলে ধরেন।

শায়খ খালিদ আল-মুহান্না বলেন, আল্লাহভীতি এমন এক মহৎ গুণ, যা মানুষের অন্তরের গোপন বিষয়কে পবিত্র রাখে, প্রকাশ্য আচরণকে সুন্দর করে এবং জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়। তাকওয়াই প্রকৃত সুখের পথ এবং দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম পাথেয়। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সুরা লাইলের ৫-৭ নম্বর আয়াতের মর্ম তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম প্রতিদানকে সত্য বলে বিশ্বাস করে, তার জন্য তিনি সহজ পথ সুগম করে দেন।

আরও পড়ুন: নববী শিক্ষার মাধ্যমে সুশৃঙ্খল পৃথিবী গড়ার গুরুত্ব

মসজিদে নববির ইমাম বলেন, মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর অন্যতম বড় অনুগ্রহ হলো, তিনি তাদের এমন জীবনাদর্শ দিয়েছেন, যা অনুসরণ করলে মানুষের চরিত্র, কথা ও কাজ সুন্দর হয়ে ওঠে। এই আদর্শের সর্বোৎকৃষ্ট নমুনা হলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। রাসুলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাঁর জীবন ছিল উত্তম আচরণ, মার্জিত কথাবার্তা, কোমলতা ও প্রজ্ঞার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে একজন মুমিন নিজের চরিত্রকে পরিশুদ্ধ করতে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন।

শায়খ আল-মুহান্না বলেন, মহানবী (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম ছিল তাঁর অসাধারণ বাগ্মিতা, মধুর কথাবার্তা, মনোমুগ্ধকর আচরণ এবং বিচক্ষণতা। তিনি কখনো অকারণে কঠোর ভাষা ব্যবহার করতেন না। বরং মানুষকে সুসংবাদ দিতেন, কোমলভাবে উপদেশ দিতেন এবং প্রয়োজনের সময়ও মার্জিত ভাষায় সংশোধন করতেন।

রাসুলুল্লাহ (সা.) উচ্চকণ্ঠ, অশ্লীলভাষী কিংবা অভদ্র ছিলেন না। তাঁর কথা ও কাজ উভয়ই ছিল পরিপূর্ণ সৌন্দর্য ও মহত্ত্বের প্রতিফলন। তাই তাঁর সুন্নাহ অধ্যয়ন করলে দেখা যায়, তিনি পরিচ্ছন্ন, সুন্দর ও ইতিবাচক শব্দ পছন্দ করতেন। ভালো নাম পছন্দ করতেন এবং মন্দ অর্থবোধক নাম অপছন্দ হলে তা পরিবর্তন করে দিতেন। পবিত্র কোরআনে জান্নাতবাসীদের সম্পর্কে বলা হয়েছে, ‘আর তাদের পবিত্র বাক্যের দিকে পরিচালিত করা হয়েছিল।’ (সুরা : হাজ, আয়াত : ২৪)

তিনি ব্যাখ্যা করেন, উত্তম কথার সর্বোচ্চ পর্যায় হলো তাওহিদ ও ইখলাসের বাণী—‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এর পাশাপাশি আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত, দোয়া, তাঁর প্রশংসা ও মহিমা বর্ণনা এবং কল্যাণকর জ্ঞানচর্চাও উত্তম কথার অন্তর্ভুক্ত। একইভাবে, মানুষের উপকারে আসে, কল্যাণের শিক্ষা দেয় কিংবা মানুষের মধ্যে ভালোবাসা ও সংশোধনের পরিবেশ সৃষ্টি করে—এমন প্রতিটি কথাই উত্তম কথার মর্যাদা পেতে পারে।

আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি, ২১ অক্টোবর ২০২৬

তিনি আরো বলেন, আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র ও উত্তম বিষয়ই গ্রহণ করেন। তাই একজন মুমিনের কথাবার্তায় সত্যবাদিতা, শালীনতা, আন্তরিকতা ও কল্যাণের প্রতিফলন থাকা উচিত। অশ্লীলতা, কুরুচিপূর্ণ ভাষা, পরনিন্দা ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে দূরে থাকাই মুমিনের পরিচয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো বস্তু থাকবে না। আর আল্লাহ অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারকারী ব্যক্তিকে অপছন্দ করেন। (জামে তিরমিজি, হাদিস : ২০০২)

শায়খ খালিদ আল-মুহান্না মুসলিমদের রাগের সময় নিজেদের সংযত রাখার এবং অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উত্তেজনার মুহূর্তে মানুষ অনেক সময় এমন কথা বলে ফেলে, যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। তাই রাগের সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করা এবং উত্তম শব্দ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সালাম দেওয়া ও তার উত্তর দেওয়া, উপকারী জ্ঞান শিক্ষা দেওয়া, মানুষকে ভালো কাজে উৎসাহিত করা এবং বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া—এসবই উত্তম কথার উদাহরণ। যে কথা মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এবং মানুষের উপকার করে, তা কল্যাণের অন্তর্ভুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, দেশে খাদ্যের মজুত চাহিদার তুলনায় বেশি। তিনি উল্লেখ করেছেন, দেশে খাদ্যের সংকট নেই এবং আসন্ন রমজান মাসে খাদ্য সংকটের আশঙ্কা নেই। তবে, গুদামগুলোতে জনবলের সংকট বিদ্যমান। এই সংকট মোকাবেলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় প্রধান খাদ্য গুদামঘর বা সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান।

আফরোজা খানম রিতা বলেন, "দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশে খাদ্যের কোনো সংকট নেই। যতটুকু চাহিদা রয়েছে, তার চেয়ে বেশি খাদ্য মজুত আছে। তাই খাদ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রমজানেও কোনো সংকট হবে না।"

তিনি আরও বলেন, খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং মানুষের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়ার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে যাতে অসুবিধা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি জনগণের কাছে সুলভ মূল্যে পণ্য সরবরাহের আশ্বাসও দেন।

আফরোজা খানম রিতা বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের কারণে দাম বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, "আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই পণ্যের দামে পরিবর্তন এসেছে। তবে দেশের মানুষের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে, বিষয়টি বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। জনগণের যাতে কোনো অসুবিধা না হয়, সরকার সেই চেষ্টা করছে।"

তিনি আরও বলেন, খাদ্য মজুত ও সরবরাহব্যবস্থা সচল রাখতে খাদ্যগুদামগুলোর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, এসব গুদামে প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে। জনবলসংকট কাটিয়ে খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রমজান সামনে রেখে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় তাজমিন হত্যার প্রধান আসামী সুমন মিয়া গ্রেফতার, আইফোন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


কুমিল্লায় তাজমিন হত্যার প্রধান আসামী সুমন মিয়া গ্রেফতার, আইফোন উদ্ধার

কুমিল্লা, ১০ অক্টোবর, ২০২৬ : কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পুলিশ রহস্য উদঘাটন করেছে। চট্টগ্রাম থেকে অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুল ছাত্রীর ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া এসব তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের পাশে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আসা কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের বাবা মরদেহ শনাক্ত করেন, যার নাম জান্নাতুল তাজমিন। এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে তথ্য-প্রযুক্তি ও অন্যান্য সূত্রের সহায়তায় সিএনজিচালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে সুমনের সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। ভাড়া নির্ধারণ করা হয় ৩শ’ টাকা। পথে তাজমিন চালককে ১শ’ টাকা দিয়ে কলা ও রুটি কিনে আনতে পাঠায়।

পরে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সুমন অটোরিকশাটি নির্ধারিত পথে না গিয়ে চাঁদপুরগামী সড়ক দিয়ে বিজরা বাজার হয়ে লালমাইয়ের একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে অটোরিকশা বন্ধ করে দিলে তাজমিন আতঙ্কিত হয়ে পড়ে। সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে সুমন তাকে বাধা দেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় তাজমিন চিৎকার করলে সুমন তার গলায় গামছা পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাজমিন দুর্বল হয়ে পড়লে তাকে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সুমন। পরে ধানক্ষেতের মাটিতে মুখ চেপে ধরে শ্বাসরোধে তার মৃত্যু নিশ্চিত করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সুমন।

পুলিশ আরও জানায়, হত্যার পর তাজমিনের হাতব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে দেয় সুমন। এরপর ঘটনাস্থলে নিজের অটোরিকশা রেখে কাচিকাটা মসজিদের সামনে একটি পুকুরে গোসল করে। পরে ভাড়ায় চালিত অন্য একটি সিএনজিতে করে বাখরাবাদ এলাকায় যায়। সেখানে একটি পুকুর পাড়ের ঝোপে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যায়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে বাখরাবাদ এলাকার একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর লুকিয়ে রাখা তাজমিনের আইফোন উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারের সদস্যদের সঙ্গে সে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত। সে নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার দিন আগে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। পরে তার কক্সবাজারে যাওয়ার তথ্য পাওয়া যায়। সেখান থেকে ফেরার পথে সে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নামে। এরপর বাড়ি ফেরার জন্য অটোরিকশা ভাড়া করতে গিয়ে এ ঘটনার শিকার হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাসা থেকে বের হওয়ার পর ভুক্তভোগীর পরিবার কোনো জিডি করেননি। তাজমিন কেন বা কার সাথে কক্সবাজার গিয়েছে তার পরিবারের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি-না সব কিছুই আমরা তদন্ত করছি।

এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ড গড়ে এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


রেকর্ড গড়ে এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ার পর, আন্তর্জাতিক সংগীতের মঞ্চে নজর কাড়ার অপেক্ষায় রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর এবং এতে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিটির অ্যালবামটি গ্র্যামি পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছে। শুধু পুরো অ্যালবামটিই নয়, মনোনয়নের জন্য এর নয়টি গানও পাঠানো হয়েছে। প্রযোজনা সংস্থা টি-সিরিজ ও বি৬২ স্টুডিওজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরের একাধিক বিভাগে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে ‘ধুরন্ধর ২’-এর গানগুলো। সুরকার শাশ্বত সাচদেবের তৈরি পুরো অ্যালবামটি ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি, অ্যালবামের নয়টি গান আলাদা নয়টি বিভাগে জমা দেওয়া হয়েছে। নির্মাতারা ছবিটির প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’। গানটি ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন ও সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। ‘জান সে গুজরাতে হ্যায়’ ও ‘কানহাইয়া’ গান দুটি জমা পড়েছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে।

এছাড়া, জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’ পাঠানো হয়েছে ‘বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স’ বিভাগে। ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’ বিভাগের জন্য জমা দেওয়া হয়েছে ‘ডেস্টিনি—মন আটকিয়া’, ‘বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং’ বিভাগে ‘ভারি জাভান’ এবং ‘বেস্ট রিমিক্সড রেকর্ডিং’ বিভাগে ‘হাম প্যায়ার করনে ওয়ালে’।

তবে, গ্র্যামির জন্য গান জমা দেওয়া এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়া দুটি ভিন্ন বিষয়। জমা দেওয়া গানগুলো শেষ পর্যন্ত মনোনয়নের তালিকায় স্থান পাবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যামির ৬৯তম আসরে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ কোনো বিভাগে চূড়ান্ত মনোনয়ন পায় কি না, সেদিকেই এখন নজর সংগীতপ্রেমীদের।

এদিকে, বক্স অফিসে ছবিটির সাফল্যও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে মুক্তি পাওয়া এর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’—দুই ছবির সম্মিলিত আয় ৩ হাজার ১৯ কোটি ৩৫ লাখ রুপি বলে স্যাকনিল্কের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই আয় ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দুই পর্বের সম্মিলিত আয়ের চেয়েও বেশি বলে দাবি করা হয়েছে।

চলতি বছরের মার্চে ভারতের ২১ হাজার ৭২৮টি পর্দায় মুক্তি পায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিনেই ভারতে ১০২ কোটি ৫৫ লাখ রুপির ব্যবসা করে ছবিটি। এর মধ্য দিয়ে হিন্দি সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার দাবিও সামনে আসে।

বক্স অফিসের সাফল্যের পর, আন্তর্জাতিক সংগীতের সম্মানজনক আসরে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে ছবিটির অ্যালবাম। নয়টি গান ও পুরো সাউন্ডট্র্যাক জমা পড়লেও, শেষ পর্যন্ত গ্র্যামির মনোনয়ন তালিকায় কতগুলো গান জায়গা পায়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে মাদকসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


সৌদিতে মাদকসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের জেদ্দায় মাদক বিক্রি ও প্রচারের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৮ দশমিক ৫ কেজি মেথামফেটামিন মাদক বিক্রি ও প্রচারের অভিযোগ রয়েছে। তবে জেদ্দার কোন নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের নাম, পরিচয়, বয়স ও পেশা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে মামলার পরবর্তী অগ্রগতি বা আদালতের সিদ্ধান্ত সম্পর্কেও কিছু জানানো হয়নি।

সৌদি আরবে মাদক পাচার, বিক্রি ও প্রচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকসংক্রান্ত অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নাগরিক ও প্রবাসীদের প্রতি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

সূত্র: সৌদি সংবাদমাধ্যম আর-রিয়াদ, সাবক এবং আজেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%