০৮:০৮ পি.এম
রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার এক নারী কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় একজন যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলার পেছনে ‘ব্যক্তিগত দ্বন্দ্ব’ রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর এলাকায় নুপুর নামের ওই নারীর ওপর হামলা চালানো হয়। প্রথমে তার মৃত্যুর খবর শোনা গেলেও, পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন যে, তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নুপুর ভোলা লালমোহনের মোখলেছুর রহমানের কন্যা। তিনি রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার পরিবার জানিয়েছে, নুপুর ‘ভীষণ গার্মেন্টস’-এর অপারেটর হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: ঢাকার পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন, আটক এক
নুপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে খাবার খেতে ফিরছিলেন নুপুর। এ সময় রূপনগর শিয়ালবাড়ি ৫ নম্বর রোডে এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নুপুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, ‘নুপুরের আগামী মাসের ১২ তারিখে বিয়ে ঠিক হয়ে আছে। এ ঘটনায় ওই যুবককে পুলিশ আটক করেছে বলে জানতে পেরেছি।’
এদিকে, নুপুরের ওপর হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, একসঙ্গে কয়েকজন নারী শ্রমিক হেঁটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে পেছন থেকে এক যুবক এক নারীকে কোপাতে শুরু করেন। কয়েকটি কোপের পর ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও যুবকটি অনবরত আঘাত করতে থাকে। এ সময় দুজন এগিয়ে এলেও পরক্ষণে সরে যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, রায়হান নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নুপুর চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এ নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।
আরও পড়ুন: রাত পোহালেই রোহিঙ্গা গণহত্যার বিচার, কী আছে মিয়ানমারের ভাগ্যে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন