০৯:২৩ পি.এম
পশ্চিমবঙ্গ বিধানসভার আউশগ্রাম আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক কলিতা মাঝি প্রতিমন্ত্রী (এমওএস) হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি ছিলেন একটি গৃহপরিচারিকা, এখন হলেন রাজ্যের এমওএস।
সোমবার (১ জুন) লোক ভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কলিতা।
এক সময় মাসে ২৫০০ টাকা বেতনে কাজ করা গৃহপরিচারিকার, শপথের কিছুক্ষণ পরে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কলিতা মাঝি বলেন, ‘এখন গোটা রাজ্যের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে।’
আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সংসারের টানাপড়েন ও সন্তান মানুষ করতে তিনি বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেছেন। কলিতার স্বামী কলের মিস্ত্রি।
তবে সংসারে বাড়তি কিছু উপার্জনের জন্য পরিচারিকার কাজ করতে হয়েছে কলিতাকে। এক পুত্র এবং স্বামী নিয়ে তাঁর সংসার।
কলিতার মানুষের পাশে দাঁড়ানোর আগ্রহ আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত সেই সুযোগ চলে আসে বিজেপির হাত ধরে।
বছর সাতেক রাজনীতি করার পরে ২০২১ সালে বিজেপি প্রথমবার তাঁকে বিধানসভায় প্রার্থী করে। কিন্তু তৃণমূলের অভেদানন্দ থান্ডার কাছে তিনি ১১ হাজার ৮১৫ ভোটে হেরে যান। তবে এবারও বিজেপি তার ওপর ভরসা রেখেছিল। টিকিট পেয়ে এবার জয় এনে দিয়েছেন এই সাবেক গৃহপরিচারিকা।
আরও পড়ুন: কসোভোতে মুসলিম দেশ হিসেবে অন্য এক দৃষ্টান্ত: ক্যাথলিক নারী নির্বাচিত প্রেসিডেন্ট
কলিতা বলেন, ‘আমি গরিব পরিবারের একজন বধূ। তাই গরিব মানুষের কষ্ট বুঝি। বিধায়ক হয়েছি, এখন মন্ত্রীও হয়েছি, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। আমি আতিশয্য চাই না। আউশগ্রামের মানুষের জন্য কাজ করতে চাই।’
কলিতার এই উত্থানে গুসকরার মানুষেরাও খুশি। এই প্রথমবার বিধানসভায় আউশগ্রাম থেকে কোনো বিধায়ক রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন