ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিকম্পের তথ্য বিকৃতের অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের


ভূমিকম্পের তথ্য বিকৃতের অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত জাপানের পারমাণবিক কেন্দ্রপ্রধানের

ভূমিকম্পের ঝুঁকির তথ্য বিকৃত করার অভিযোগের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জাপানের ‘চুবু ইলেকট্রিক পাওয়ার’ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামাওকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা পর্ষদের প্রধান কিঙ্গো হায়াশি এবং চেয়ারম্যান সাতোরু কাৎসুনো পদত্যাগ করবেন। একইসাথে, কেন্দ্রটির দুটি রিয়্যাক্টর পুনরায় চালু করার পরিকল্পনাও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত একটি স্বাধীন প্যানেলের ২৫০ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে যে, স্থগিত থাকা পারমাণবিক কেন্দ্রটি দ্রুত চালু করার জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কর্মীদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করেছিল। এই চাপের প্রভাবে কর্মচারীরা ভূমিকম্পের ডাটা জালিয়াতি করতে বাধ্য হন। ২০২৪ সালের শুরুতে কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা নিয়ন্ত্রকদের কাছে ভুয়া তথ্য জমা দেয়, যেখানে সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেখানো হয়েছিল। পরে একজন তথ্য প্রকাশকারীর (হোইসলব্লোয়ার) মাধ্যমে এই জালিয়াতি প্রকাশ্যে আসলে পারমাণবিক সুরক্ষা কর্তৃপক্ষ এনআরএ কেন্দ্রটির সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা স্থগিত করে।

উল্লেখযোগ্য যে, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা বিপর্যয়ের কারণে জাপান তাদের পারমাণবিক শক্তি উৎপাদন বন্ধ করে দিয়েছিল। তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে দেশটি পুনরায় পারমাণবিক শক্তি ব্যবহারে মনোযোগ দিচ্ছিল। হামাওকা বিদ্যুৎকেন্দ্রের দুটি রিয়্যাক্টর চালুর আবেদন প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে জাপানের পারমাণবিক শক্তি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা বড় ধাক্কা খেল।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা কাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির বিরুদ্ধে রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন সোমবার (১৪ সেপ্টেম্বর)। এর আগে ১৭ আগস্ট সোমবার মামলাটির শুনানি শেষে রায় প্রদানের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলায় উপস্থিত ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে।

প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশনারও আবেদন করেছে।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, ‘ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি।’

তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এ কথা বলেন।

স্পিকার আরও জানান, ‘বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো স্পষ্ট নয়।’

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে রিজারভেশন তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এ সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

 

স্পিকার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য মোজোর ৩৫ লাখ টাকার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য মোজোর ৩৫ লাখ টাকার সহায়তা

মোজো সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি যেকোনো সংকট ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকাই মোজোর অন্যতম অঙ্গীকার। মানবিক কাজে পাশে থাকার এই দায়বদ্ধতার ধারাবাহিকতায় এবার প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের এক নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজো।

নেপাল-তিব্বত সীমান্তে ভোতে কোশী ও ত্রিশূলী নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি নদীর তীব্র স্রোতে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, নিখোঁজ হয়েছেন বহু মানুষ। স্বজন ও ঘরবাড়ি হারিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

প্রতিবেশী দেশের এই সংকটের খবর স্পর্শ করেছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। মোজো বিশ্বাস করে, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে কোনো ভৌগোলিক সীমারেখা বাধা হতে পারে না। এমন কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থাকাকেই মোজো তার মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করে।

আকস্মিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষের জরুরি ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে ৩৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে মোজো। নেপাল দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরকালে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রতিনিধিগণ বলেন, ‘স্বজন ও ঘরবাড়ি হারিয়ে যারা দিশেহারা, তাদের এই শূন্যতা পূরণ করার সাধ্য কারও নেই। কিন্তু এই কঠিন সময়ে আমরা নেপালের মানুষকে একা বোধ করতে দিতে চাই না। প্রতিবেশীর বিপদে পাশে থাকা কোনো সাহায্য নয়, এটি আমাদের দায়িত্ব। মোজো ও বাংলাদেশের মানুষের একটাই প্রত্যাশা—নেপালের মানুষ যেন দ্রুত এই শোক কাটিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারে।’

মোজো ভবিষ্যতেও যেকোনো সংকট ও দুর্যোগে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সম্মতিতে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি তৈরির কারখানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


ট্রাম্পের সম্মতিতে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি তৈরির কারখানা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি নির্মাতারা যদি কারখানা স্থাপন করে গাড়ি তৈরি করতে চান, তাহলে তিনি তাতে বাধা দেবেন না। তবে, মার্কিন আইনপ্রণেতা এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশ চীনা গাড়ি নির্মাতাদের মার্কিন বাজারে প্রবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

শুক্রবার ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, "যদি চীনা কোনো গাড়ি নির্মাতা যুক্তরাষ্ট্রে এসে কারখানা খুলে গাড়ি তৈরি করতে চান, তবে আমার আপত্তি নেই।" তিনি উল্লেখ করেন, জাপানের গাড়ি নির্মাতারাও যুক্তরাষ্ট্রে কারখানা পরিচালনা করে, যা মার্কিন নাগরিকদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করে। ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কারখানায় মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি হওয়া। তবে, তিনি চান না চীনা কোম্পানিগুলো মেক্সিকোতে গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রের বাজারে পাঠাক। ট্রাম্প বলেন, "আমি চীনা গাড়ির বিরুদ্ধে নই। তবে চীনা গাড়ি যাতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে না পারে, সেটি আমি চাই।"

 

দুই সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি বিক্রির সুযোগ দেওয়া নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ট্রাম্প প্রশাসনের কাছে চীনা গাড়ি নির্মাতাদের মার্কিন বাজারে প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। বুধবার মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন দাবি করেন, ট্রাম্প চীনের সঙ্গে বড় কোনো চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি বিক্রির সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন- এমন আলোচনা চলছে। তিনি বলেন, "এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে ভুল হবে।" তবে স্লটকিনের এই বক্তব্যকে ট্রাম্প "পুরোপুরি ভুয়া গুজব" বলে মন্তব্য করেন। তিনি বলেন, তার প্রশাসন চীনা গাড়িকে যুক্তরাষ্ট্রের বাজারের বাইরে রেখেছে।

যুক্তরাষ্ট্রে চীনা গাড়ির ওপর ইতোমধ্যে বেশ কিছু কঠোর বিধিনিষেধ কার্যকর রয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২০২৫ সালের শুরুতে একটি নতুন বিধি জারি করে, যার ফলে চীনা গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী গাড়ি তৈরি ও বিক্রির সুযোগ কার্যত বন্ধ হয়ে যায়। বিশেষ করে, ইন্টারনেটের সঙ্গে যুক্ত গাড়ির সফটওয়্যার ও যন্ত্রপাতির ক্ষেত্রে চীনা প্রযুক্তির ব্যবহার নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি, চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশের বেশি শুল্ক রয়েছে, যা চীনা বৈদ্যুতিক গাড়ির জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা অত্যন্ত কঠিন করে তুলেছে।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী একটি জোট চীনা গাড়িকে মার্কিন বাজার থেকে স্থায়ীভাবে দূরে রাখতে নতুন আইন করার দাবি জানিয়েছে। গত সপ্তাহে অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশন মার্কিন কংগ্রেসকে দ্রুত এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানায়। জোটটির সদস্যদের মধ্যে রয়েছে জেনারেল মোটরস, ফোর্ড, টয়োটা, ফক্সওয়াগেন, হুন্দাই, হোন্ডা ও স্টেলান্টিসের মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তারা ডিসেম্বরের শেষ নাগাদ প্রস্তাবিত আইন পাস করার আহ্বান জানিয়েছে। অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশনের প্রধান নির্বাহী জন বোজেলা কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, "চীনা গাড়ি নির্মাতারা সরকারি সহায়তা পাওয়া গাড়ি এবং ইন্টারনেট-সংযুক্ত সফটওয়্যার ও যন্ত্রপাতি বিশ্বের বিভিন্ন বাজারে দ্রুত ছড়িয়ে দিচ্ছে।" তার মতে, চীনা গাড়ি নির্মাতাদের এই বিস্তার যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্প ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

 

চীনা গাড়ি নিয়ে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে যুক্তরাষ্ট্রের নীতিতে নতুন প্রশ্ন উঠেছে। একদিকে তিনি বলছেন, চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রে এসে কারখানা করলে তাতে বাধা দেবেন না। অন্যদিকে, তার প্রশাসন ইতোমধ্যে চীনা গাড়ির ওপর কঠোর বিধিনিষেধ ও উচ্চ শুল্ক বজায় রেখেছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, চীনা গাড়ি নির্মাতারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে কারখানা তৈরি করলে এবং সেখানে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান হলে তিনি সেটিকে ইতিবাচকভাবে দেখছেন। তবে, চীনা গাড়ি মেক্সিকোতে তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানোর সুযোগ দেওয়ার বিষয়ে তার অবস্থান কঠোর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%