০১:০৬ পি.এম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, যার ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আবারো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় মার্কিন অবরোধের হুমকির মুখে গত ২৪ ঘণ্টায় ইরান তাড়াহুড়ো করে প্রায় ১১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল সরিয়ে নিয়েছে। ব্লুমবার্গের ট্যাঙ্কার ট্র্যাকিং তথ্য অনুযায়ী, পাঁচটি সুপারট্যাঙ্কার ও একটি সুয়েজম্যাক্স জাহাজের মাধ্যমে এই বিপুল পরিমাণ তেল দেশটির বন্দরগুলো থেকে রওনা হয়েছে। এর মধ্যে চারটি জাহাজ বর্তমানে ওমান উপসাগরে অবস্থিত এবং একটি হরমুজ প্রণালী অতিক্রম করার সংকেত দিয়েছে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের মতো সামরিক হামলার পর এই পদক্ষেপ নিয়েছে তেহরান, যা ইরানের বেসামরিক অবকাঠামো ও রেলসেতুকে লক্ষ্য করে করা হয়েছিল। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, উক্ত হামলায় ১৪ জন নিহত এবং অন্তত ৭৮ জন আহত হয়েছে, যার মধ্যে ৪৭ জন হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছে। এই রক্তক্ষয়ী হামলার ফলশ্রুতিতে সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ ভেঙে পড়ার ঝুঁকিতে আছে, যার ফলে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচল স্থবির হয়ে যেতে পারে। সামরিক উত্তেজনার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে, চলতি সপ্তাহে তেলের দাম প্রায় নয় শতাংশ বেড়ে বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে প্রায় ৭৯ ডলারে।
তবে তাড়াহুড়ো করে সরানো এই ১১ মিলিয়ন ব্যারেল তেলের জন্য কোনো ক্রেতা আগে থেকে নির্ধারিত আছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। এর আগে, কাতার ও সৌদি আরবের বেশ কয়েকটি জাহাজে ইরানি হামলার অভিযোগে ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ক একটি বিশেষ ছাড়পত্র বাতিল করে। এর ফলে মঙ্গলবার থেকেই লাখ লাখ ব্যারেল ইরানি তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে এবং ভবিষ্যতে কোনো হস্তক্ষেপ হলে তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে। অতীতে ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্রিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থেকেও, বর্তমানে হরমুজ প্রণালীই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: শিকাগোর খাবার ডেলিভারির রোবটের ক্যামেরায় মুখের ছবি, উঠল তথ্য চুরির অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন