ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ, অসময়ে সবজি উৎপাদনে বাড়বে উৎসাহ


কাউখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ, অসময়ে সবজি উৎপাদনে বাড়বে উৎসাহ

পিরোজপুরের কাউখালীতে উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের সবজি উৎপাদনে উৎসাহিত করার জন্য এবং বর্ষা মৌসুমে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নির্বাচিত ৫০০ জন কৃষকের হাতে এ প্রণোদনা তুলে দেওয়া হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল সাত ধরনের সবজির বীজ—কলমি শাক, পুঁইশাক, হাইব্রিড লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন ও শসা। এছাড়া কৃষকদের ডিএপি ও এমওপি রাসায়নিক সারও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা জিয়াউল হক হিরো ও তারিকুল ইসলাম পান্নুসহ কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার কৃষকরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন

কৃষি বিভাগ জানায়, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে অতিবৃষ্টির কারণে অনেক সময় সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বাজারে সবজির সংকট ও দাম বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপকারভোগী কৃষক গোলাম মোস্তফা বলেন, সরকারের দেওয়া এই বীজ ও সার আমাদের জন্য অনেক সহায়ক। এতে উৎপাদন খরচ কমবে। আমরা নিজেদের পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করতে পারব।

কৃষক শাজাহান সরদার বলেন, বর্ষাকালে সবজি চাষ করা অনেক ঝুঁকিপূর্ণ। কৃষি অফিস থেকে উন্নতমানের বীজ ও সার পেয়ে আমরা নতুন করে উৎসাহিত হয়েছি। আশা করছি ভালো ফলন হবে এবং বাজারেও সবজির সংকট কমবে।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, বর্ষা মৌসুমে সবজি উৎপাদন ধরে রাখা এবং কৃষকদের উৎপাদনে উদ্বুদ্ধ করতেই এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কৃষকরা যেন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারজাত করে বাড়তি আয় করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ী জেলা কারাগারে হাজতি নারায়ণ চন্দ্র দাসের মৃত্যু

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষকদের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা বর্ষা মৌসুমেও সবজি উৎপাদন বাড়াতে পারবেন, যা একদিকে তাদের আর্থিকভাবে লাভবান করবে, অন্যদিকে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রেখে সাধারণ ভোক্তারও উপকার করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৪০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৪০

রাজধানীর ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

এ নিয়ে আজ রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানালেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেফতার করা হয়েছে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১২৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার ৫৫০ টাকা। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে কৃষ্ণচূড়া গাছ কাটার অভিযোগ, বন বিভাগের অনুমোদন নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ভৈরবে কৃষ্ণচূড়া গাছ কাটার অভিযোগ, বন বিভাগের অনুমোদন নিয়ে প্রশ্ন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচন অফিসের সামনে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি কৃষ্ণচূড়া গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি ও পথচারীদের ছায়া প্রদানকারী গাছটি কাটায় পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছটির প্রায় সব ডালপালা কেটে ফেলা হয়েছে। শ্রমিকরা কাটা ডালপালা সরিয়ে নিচ্ছেন এবং গাছের মূল কাণ্ড অপসারণের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাস্থলে উপস্থিত নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. মোর্শেদ মিয়া জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সরদার মাসুম হাসানের নির্দেশে গাছটি কাটা হচ্ছে। তার ভাষ্য, অফিস প্রাঙ্গণের জাতীয় পতাকার স্ট্যান্ড এবং বিদ্যুতের লাইনের নিরাপত্তার স্বার্থেই গাছটি অপসারণ করা হচ্ছে।
তবে সরেজমিনে দেখা যায়, গাছটির সঙ্গে বিদ্যুতের তার ও পতাকার স্ট্যান্ডের উল্লেখযোগ্য দূরত্ব রয়েছে। স্থানীয়দের দাবি, প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ডালপালা ছাঁটাই করেই গাছটি সংরক্ষণ করা সম্ভব ছিল। তাই পুরো গাছ কেটে ফেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা সরদার মাসুম হাসানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া অফিস চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কার্যালয়েও পাওয়া যায়নি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, "নির্বাচন অফিস কর্তৃপক্ষ যথাযথ কারণ দেখিয়ে নিয়ম অনুযায়ী গাছটি কাটছে বলে আমাকে জানিয়েছে। তবে বন বিভাগের অনুমোদন নিয়ে গাছটি কাটা হয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন চুপ্পু, দেশের ২২তম রাষ্ট্রপতি, পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করলেন।

তিনি রবিবার (২৬ জুলাই) দুপুরে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের দিকে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।

সংবিধানের বিধি অনুযায়ী, তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি মাত্র তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন।

পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান কোনো দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


পাকিস্তান কোনো দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: রাজনাথ সিং

ভারতের বিরুদ্ধে পাকিস্তান যদি কোনো আগ্রাসন বা দুঃসাহস দেখায়, তাহলে এমন একটি জবাব দেওয়া হবে, যা তাদের কল্পনারও চেয়ে তীব্র হবে— এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রবিবার, কার্গিল যুদ্ধের ২৭তম বিজয় দিবস উপলক্ষ্যে ভারতের লাদাখের দ্রাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে, তিনি দেশের শহীদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনাথ সিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা করতেই হয়, তবে তা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) নিয়েই হবে, অন্য কোনো বিষয়ে আলোচনার সম্ভাবনা নেই।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত তার মহাকাশ অভিযানের জন্য পরিচিত, আর পাকিস্তান চলছে প্রক্সি মিশন। ভারত যখন মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে, তখন পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী পাঠাতে ব্যস্ত। ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, তখন পাকিস্তান সন্ত্রাসের জোগান দিচ্ছে।’

‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে বা তাতে লিপ্ত হয়, তাদের কি পরিণতি হতে পারে, এই অভিযানের মাধ্যমে তা স্পষ্ট হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘দিল্লিতে বসে যারা সশস্ত্র বাহিনীকে অগ্রাধিকার দিতেন না, এখন আর সেই সময় নেই। বর্তমানে দিল্লিতে এমন একটি সরকার রয়েছে, যা ভারতের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%