০৬:৪৩ পি.এম
গাজীপুর জেলার অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে ৭৩টি সেলাই মেশিন বিতরণ করেছে গাজীপুর জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টায় জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগী নারীদের মধ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী নিজ বাড়িতে বসেই পোশাক তৈরি ও সেলাইয়ের কাজ করে আয় করতে পারেন। এতে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়।
তাঁরা আরও বলেন, দরিদ্র ও অসচ্ছল নারীদের শুধু আর্থিক সহায়তা নয়, বরং আয়বর্ধক কাজের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের দক্ষতা কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করবে। পাশাপাশি পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, উপকারভোগী নারীরা সেলাই মেশিন ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ৭৩টি সেলাই মেশিন বিতরণের এ উদ্যোগকে অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে একটি সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকারভোগী নারীরা নিজেদের আয়ের ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন