ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো


শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে উল্লেখ করা হয়েছে, কূটনৈতিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা, দেশে ফেরার পর কারা হেফাজতে রাখা এবং আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের অ্যাডভোটেক মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশটি পাঠিয়েছেন। মন্ত্রিপরিষদসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশে বিবাদী করে পাঠানো হয়েছে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সংবিধান প্রদত্ত অধিকার সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

নোটিশে মাহমুদুল হাসান মামুন উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে এ উদ্যোগ নেননি। বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ অবস্থান থেকে এ নোটিশ দিয়েছেন। নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তার জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

এ ছাড়া ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘ অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দেন নোটিশদাতা।

সাত দফা প্রস্তাব

আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নোটিশে সাতটি পদক্ষেপের কথা বলা হয়েছে।

প্রথমত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের উল্লেখ করে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তৃতীয়ত, হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশনা

চতুর্থত, বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

পঞ্চমত, দেশে ফেরার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাকে ওই স্থানে নেওয়ার প্রস্তাবও রয়েছে।

ষষ্ঠত, দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে।

নোটিশে বলা হয়, এ ধারায় আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে আপিল শুনানির সুযোগ রয়েছে কি না, তা আদালতের বিবেচনার বিষয় হতে পারে বলে মত দিয়েছেন আইনজীবী।

আরও পড়ুন: মানবপাচার সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

সপ্তমত, শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার কারণে প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণের কথা বলা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার দাবিও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-অগাস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার এরই মধ্যে ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি আইনি প্রক্রিয়া ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এখনো তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্য বয়সের সংকট: উত্তরণের উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


মধ্য বয়সের সংকট: উত্তরণের উপায়

জীবনের একটি নির্দিষ্ট সময় এসে মানুষে পরিবর্তন দেখা দেয়। বাইরের পরিবেশ হয়তো আগের মতোই থাকে, পরিচিত মানুষগুলোও একই থাকে, সংসার তার নিজস্ব নিয়মে চলে, কর্মক্ষেত্রের ব্যস্ততাও অব্যাহত থাকে; কিন্তু নিজের ভেতরে একটি অদৃশ্য পরিবর্তন ঘটে যায়। মনে হয়, প্রকৃতি থেকে কোমলতা আস্তে আস্তে বিদায় নিচ্ছে, চারপাশে জমছে রুক্ষতার ধুলো। মনের গোপন কুঠুরিতে কিছু অযাচিত বেদনা জন্ম নেয়, যার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। মনোবিজ্ঞানের পরিভাষায় এই অধ্যায়কে অনেক সময় Midlife Crisis বা মধ্য বয়সের সংকট বলা হয়। সাধারণত চল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে অনেক মানুষ জীবনের হিসাবনিকাশ নতুন করে করতে শুরু করেন। এতদিন যে জীবনকে সাফল্য মনে করা হয়েছে, হঠাৎ করেই তার মধ্যে কিছু অপূর্ণতার হিসাব চোখে পড়ে। মনে হয়, অনেক কিছু অর্জন করেছি, অথচ কোথায় যেন নিজেকেই হারিয়ে ফেলেছি। একসময় যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে আত্মবিশ্বাসে বুক ভরে উঠত, এখন সেই আয়নাই যেন কিছু অপ্রিয় সত্য মনে করিয়ে দেয়। কপালের ভাঁজ, চোখের কোণের বলিরেখা, মাথার চুলে রুপালি আভা—সবকিছু মিলে বয়সের এক নীরব বিজ্ঞপ্তি প্রকাশ করে। শরীর তখন আর সব আবদার মেনে চলে না। রাত জেগে কাজ করলে পরদিন ক্লান্তি পিছু ছাড়ে না। একটু বেশি হাঁটলে হাঁটুতে আপত্তি, একটু বেশি খেলে পেটে প্রতিবাদ। অথচ মনের ভেতর সেই তরুণ বয়সের দুরন্ত মানুষটি তখনো দিব্যি বেঁচে থাকে। সে এখনো নতুন কিছু করতে চায়, অজানাকে জানতে চায়, ভালোবাসতে চায়, স্বপ্ন দেখতে চায়। কিন্তু বাস্তবতার দেয়াল তাকে বারবার মনে করিয়ে দেয়—সব ইচ্ছারও একটা বয়স আছে!

কেন এমন হয়: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা অনেক সময় বস্তুগত বিষয় থেকে আবেগীয় নিরাপত্তার দিকে সরে যায়। আগে যে মানুষটি দামি উপহার পেলে খুশি হতেন, এখন হয়তো তার কাছে সবচেয়ে দামি উপহার হলো কেউ একটু সময় নিয়ে তার কথা শুনুক। এক কাপ চা হাতে নিয়ে পাশে বসুক। বলুক, ‘তোমার দিনটা কেমন কাটল?’ এটুকুই যথেষ্ট।

উত্তরণের উপায়: প্রথমত, নিজেকে বয়সের সঙ্গে প্রতিযোগিতায় না নামানো। পঁচিশ বছরের উদ্যম আর পঞ্চাশ বছরের প্রজ্ঞা এক জিনিস নয়। দুটির সৌন্দর্য আলাদা। দ্বিতীয়ত, নিজের জন্য কিছুটা সময় রাখা। নিজের পছন্দের বই পড়া, গান শোনা, ভ্রমণ করা, বাগান করা, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করা। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশা কিছুটা কমিয়ে আন্তরিকতা বাড়ানো। চতুর্থত, শরীরের যত্ন নেওয়া। নিয়মিত হাঁটা, পরিমিত খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুমানো, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো। শরীর ভালো থাকলে মনের আকাশেও রোদ ওঠার সম্ভাবনা বাড়ে।

পঞ্চমত, জীবনের অপূর্ণতাগুলোকে ব্যর্থতা হিসেবে না দেখা। সব স্বপ্ন পূরণ হওয়ার জন্য নয়। কিছু স্বপ্ন আমাদের পথ দেখায়, কিছু স্বপ্ন আমাদের মানুষ করে, আর কিছু স্বপ্ন অপূর্ণ থেকেই জীবনের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

শেষ কথা: জীবনকে যদি একটি ক্রিকেট ম্যাচের সঙ্গে তুলনা করা হয়, তাহলে মধ্য বয়স হলো প্রথম ইনিংস শেষে বিরতির সময়। প্রথম ইনিংসে অনেক দৌড়ানো হয়েছে। কখনো সেঞ্চুরি করা হয়েছে, কখনো শূন্য রানে আউট হওয়া হয়েছে। কখনো দর্শকদের হাততালি পাওয়া গেছে, কখনো সমালোচনার শিকার হতে হয়েছে। অনেক সময় নিজের উইকেট বাঁচাতে গিয়ে সুন্দর শট খেলার আনন্দটুকুও ভুলে গেছি। দ্বিতীয় ইনিংসে এখানে আর কাউকে প্রমাণ করার প্রয়োজন নেই যে আপনি কত বড় খেলোয়াড়। বরং নিজের মতো করে খেলাটাকে উপভোগ করার সময় এসেছে। এবার একটু ধীরে হাঁটুন। বিকালের আকাশ দেখুন। বৃষ্টির শব্দ শুনুন। প্রিয় মানুষটির সঙ্গে গল্প করুন। পুরোনো বন্ধুদের ফোন করুন। সন্তানদের বড় হতে দিন, তাদের নিজস্ব আকাশ তৈরি করতে দিন। নিজের জন্যও একটি ছোট্ট আকাশ রাখুন। মনে রাখবেন, জীবনের সৌন্দর্য শুধু বসন্তে নয়; শরৎ, হেমন্ত, এমনকি শীতেও প্রকৃতি তার নিজস্ব রূপে অপরূপ। গাছের পাতা ঝরে যায় বলে গাছের জীবন শেষ হয়ে যায় না। বরং সেই ঝরে পড়া পাতার মধ্য দিয়েই নতুন কুঁড়ির জন্মের প্রস্তুতি চলে। মানুষের জীবনও তেমন। মুখে বলিরেখা আসবে, চুলে পাক ধরবে, শরীরের গতি কমবে—এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু মনের জানালায় আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব আমাদের নিজেদের। মধ্য বয়স মানে যৌবনের মৃত্যু নয়; বরং অপরিণত আকাঙ্ক্ষা থেকে পরিণত উপলব্ধির দিকে যাত্রা। যে মানুষটি চল্লিশ-পঞ্চাশ বছর বয়সেও নতুন করে স্বপ্ন দেখতে পারেন, অন্যের সাফল্যে আনন্দিত হতে পারেন, ছোট্ট একটি ফুল দেখে মুগ্ধ হতে পারেন, প্রিয়জনের হাত ধরে হাঁটতে পারেন, নিজের ভুল স্বীকার করে হাসতে পারেন—তার জীবনে বার্ধক্য এলেও মন কখনো বৃদ্ধ হয় না। তাই প্রকৃতির রুক্ষতার ছোঁয়া থাকুক, মনের অযাচিত বেদনা মাঝেমধ্যে উঁকি দিক—তবু জীবনকে ভালোবাসতে শিখি। কারণ, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনো লেখা হয়নি। বয়স আমাদের জন্মদিনের সংখ্যা বাড়ায়, কিন্তু জীবনের আনন্দ উপভোগ করার অধিকার একটুও কমায় না।

লেখক: ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিত্তথলিতে পাথর: কেন হয়, ঝুঁকিতে কারা এবং চিকিৎসার উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


পিত্তথলিতে পাথর: কেন হয়, ঝুঁকিতে কারা এবং চিকিৎসার উপায়

পিত্তথলিতে পাথর বা গলস্টোন একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনগণের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। পিত্তথলিতে পাথর থাকলেও অনেক মানুষের তা বুঝতে অসুবিধা হয়। কারণ, প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা দেয় না। তবে পাথরের কারণে জটিলতা সৃষ্টি হলে তীব্র পেটব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

২০২৪ সালে প্রকাশিত American Family Physician সাময়িকীতে চিকিৎসক হিতেন প্যাটেল ও জ্যাকলিন জেপসেনের একটি পর্যালোচনায় পিত্তথলির পাথরের কারণ, ঝুঁকি, লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে।

পিত্তথলিতে পাথর কেন হয়?

পিত্তথলিতে জমে থাকা পিত্তরসের বিভিন্ন উপাদান থেকে পাথর তৈরি হয়। এর মধ্যে কোলেস্টেরলজনিত পাথর সবচেয়ে বেশি দেখা যায়। মোট পাথরের প্রায় ৮০ শতাংশই এই ধরনের।

এছাড়া, কালো রঙের পিগমেন্ট পাথর বিলিরুবিন জমার কারণে তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে রক্তকণিকা ভাঙার সমস্যা থাকলে এ ধরনের পাথরের ঝুঁকি বৃদ্ধি পায়। অন্যদিকে, বাদামি রঙের পিগমেন্ট পাথরের সঙ্গে পিত্তনালির সংক্রমণের সম্পর্ক রয়েছে।

কারা বেশি ঝুঁকিতে?

কিছু শারীরিক অবস্থা এবং জীবনযাপনের কারণে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। যেমন—

- নারী হওয়া

- বয়স বেড়ে যাওয়া

- স্থূলতা

- টাইপ-২ ডায়াবেটিস

- নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার

- দ্রুত ওজন কমে যাওয়া

- রক্তকণিকা ভাঙার রোগ

- নির্দিষ্ট কিছু ওষুধ সেবন

পিত্তথলিতে পাথরের লক্ষণ কী?

অধিকাংশ ক্ষেত্রে পাথর থাকলেও কোনো লক্ষণ দেখা যায় না। তবে উপসর্গ দেখা দিলে সাধারণত হঠাৎ পেটের ডান দিকের ওপরের অংশে অথবা পেটের ওপরের মাঝামাঝি স্থানে ব্যথা শুরু হয়।

কখনো কখনো এই ব্যথা তীব্র হতে পারে এবং পিত্তথলির প্রদাহসহ বিভিন্ন জটিলতার কারণ হতে পারে।

কী কী জটিলতা হতে পারে?

পিত্তথলির পাথর থেকে কয়েক ধরনের জটিলতা তৈরি হতে পারে। এর মধ্যে রয়েছে—

- পিত্তথলির প্রদাহ বা কোলেসিস্টাইটিস

- পিত্তনালিতে পাথর আটকে যাওয়া

- পাথরের কারণে অগ্ন্যাশয়ে প্রদাহ

- পিত্তনালিতে সংক্রমণ

এসব জটিলতার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

কীভাবে রোগ শনাক্ত করা হয়?

পিত্তথলিতে পাথর শনাক্ত করার প্রাথমিক পরীক্ষা হলো আলট্রাসনোগ্রাম। এই পরীক্ষার মাধ্যমে পাথরের উপস্থিতি এবং পিত্তথলিতে প্রদাহের লক্ষণ দেখা যায়।

আলট্রাসনোগ্রামে নিশ্চিত হওয়া না গেলে বা ফলাফল অস্পষ্ট হলে বিশেষ ক্ষেত্রে এইচআইডিএ স্ক্যান করা হয়। পিত্তনালিতে পাথর, বাধা কিংবা নির্দিষ্ট কিছু টিউমার শনাক্ত করতে এমআরসিপি নামের বিশেষ এমআরআই পরীক্ষাও কার্যকর।

চিকিৎসা কী?

পিত্তথলির পাথরের কারণে ব্যথা বা প্রদাহ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হয়। ব্যথা নিয়ন্ত্রণে কিছু নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ কার্যকর হতে পারে।

অধিকাংশ উপসর্গযুক্ত রোগীর ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি অপসারণকে সবচেয়ে কার্যকর চিকিৎসা হিসেবে বিবেচনা করা হয়।

কিছু নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়া ওষুধের মাধ্যমে চিকিৎসার সুযোগ রয়েছে। তবে ইউরসোডিঅক্সিকোলিক অ্যাসিড ও কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড নিয়মিতভাবে পিত্তথলির পাথরের চিকিৎসায় ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না।

অস্ত্রোপচারের পরও হতে পারে সমস্যা

পিত্তথলি অপসারণের পর কিছু রোগীর পেটব্যথা, পেট ফাঁপা ও ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। একে পোস্টকোলেসিস্টেকটমি সিনড্রোম বলা হয়।

তাহলে পিত্তথলিতে পাথর ধরা পড়লে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। উপসর্গ, পাথরের অবস্থান এবং সম্ভাব্য জটিলতা বিবেচনা করে চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কেন্দ্রীয় কার্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কেন্দ্রীয় কার্যালয়ে

বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ তথ্য একটি গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, যা সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সাক্ষরিত।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে যে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেনমোহরের অর্থ স্ত্রীর ভরণপোষণে ব্যবহার করা যাবে কি?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


দেনমোহরের অর্থ স্ত্রীর ভরণপোষণে ব্যবহার করা যাবে কি?

নারী ও পুরুষের মধ্যে আকর্ষণ একটি স্বাভাবিক বিষয়। বৈধ ভালোবাসার মাধ্যমে একে অপরের প্রতি সিক্ত হওয়ার প্রধান হালাল মাধ্যম হলো বিয়ে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেনমোহর। এটি স্ত্রীর অধিকার এবং ইসলামের বিধান অনুযায়ী স্বামীকে এটি পরিশোধ করতে হবে।

বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা ইসলামে ওয়াজিব। স্বামীর জন্য এটি পরিশোধ করা ফরজ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন,

وَ اٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحۡلَۃً فَاِنۡ طِبۡنَ لَکُمۡ عَنۡ شَیۡءٍ مِّنۡهُ نَفۡسًا فَکُلُوۡهُ هَنِیۡٓــًٔا مَّرِیۡٓــًٔا অর্থ: "আর তোমরা নারীদের উপহার হিসেবে তাদের মোহর দিয়ে দাও, তারপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তিসহকারে খেতে পার।" (সুরা নিসা: ৪)

দেনমোহরকে স্ত্রীর মূল্য হিসেবে দেখা উচিত নয়, বরং এটি একটি উপহার। কোরআনের আয়াতেও এটি উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নারীর মূল্য বা বিনিময় নয়। কোরআনে নির্দেশনা রয়েছে যে, দেনমোহর স্ত্রীর মালিকানা হবে, তার পরিবার বা অভিভাবকদের নয়। স্ত্রীর ইচ্ছা হলে তিনি দেনমোহরে ছাড়ও দিতে পারেন।

বিয়েতে নির্ধারিত দেনমোহর স্বর্ণ-রৌপ্যের অলংকার বা নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। তবে, দেনমোহরের অর্থ স্ত্রীর ভরণপোষণে ব্যয় করা যাবে না এবং ভরণপোষণের খরচ দেনমোহর থেকে কর্তন করা যাবে না। দেনমোহর এবং ভরণপোষণের ব্যয় দুটি আলাদা দায়িত্ব স্বামীর। বিয়ের দেনমোহর পরিশোধ করা যেমন আবশ্যক, তেমনি বিবাহিতা স্ত্রীর থাকার ব্যবস্থা করা ও ভরণপোষণের ব্যয় নির্বাহ করাও স্বামীর ওপর ফরজ। মহান আল্লাহ বলেছেন,

عَلَی الۡمَوۡلُوۡدِ لَهٗ رِزۡقُهُنَّ وَ كِسۡوَتُهُنَّ بِالۡمَعۡرُوۡفِ অর্থ: "আর বাবার ওপর কর্তব্য বিধি মোতাবেক তাদের (তার স্ত্রী বা সন্তানের মায়েদের) খাবার ও পোশাক প্রদান করা।" (সুরা বাকারা: ২৩৩)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%