০২:৩৪ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশনে আজ শনিবার থেকে যাত্রাবিরতি শুরু করবে রাজশাহীগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ এবং ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’। দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও দাবির ফলস্বরূপ, ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্টের স্বাক্ষরিত একই তারিখের একটি পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন, "দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এই যাত্রাবিরতি পাচ্ছি। এ দাবির পক্ষে যারা আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন এবং নীরবে সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে অভিনন্দন।"
পোস্টে সালাহউদ্দিন আম্মার আরও উল্লেখ করেন, তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া রাতের অন্যান্য ট্রেনগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। লিখিত আবেদন জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, "পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।" একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, যাতে এ সুবিধা বন্ধ না হয়।
এর আগে রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানানো হয়। স্টেশনটি দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় এবং রাতে যাতায়াত ও নিরাপত্তার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হওয়ায় শিক্ষার্থীরা এ দাবি জানিয়ে আসছিলেন।
আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন