০৮:৩৯ পি.এম
কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত সংহতি ফুটবল টুর্নামেন্টে রোহিঙ্গা শরণার্থীদের একটি দল চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২১ জুন) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), ব্র্যাক এবং অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় জনগোষ্ঠী, মানবিক সহায়তা কর্মী ও সরকারি প্রতিনিধিরা।
রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে, মানবিক সংস্থা ও সরকারি প্রতিনিধিদের নিয়ে গঠিত দলকে ২-০ গোলে পরাজিত করে রোহিঙ্গা দল শিরোপা জিতে নেয়। রোহিঙ্গা দলটি ক্যাম্পভিত্তিক আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের সদস্যদের নিয়ে গঠিত, যেখানে ৩৩টি শরণার্থী ক্যাম্পের খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করেন।
প্রতি বছর ২০ জুন পালিত বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। খেলাধুলা কিভাবে মানুষকে একত্র করতে পারে, সেই বার্তা তুলে ধরাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। এই আয়োজন শরণার্থী ও অন্য অংশগ্রহণকারীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, বন্ধুত্ব বৃদ্ধি এবং একসঙ্গে ইতিবাচক সময় কাটানোর সুযোগ তৈরি করে দেয়।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
রোহিঙ্গা দলের কোচ এমদাদ উল্লাহ বলেন, খেলাধুলা শরণার্থীদের আশা জোগায় এবং প্রতিদিনের কষ্ট ও সংগ্রাম থেকে কিছুটা মুক্তির সুযোগ করে দেয়। তিনি বলেন, ‘খেলাধুলা মানুষকে একত্র করে এবং আমাদের ভবিষ্যতের দিকে আশাবাদী হয়ে তাকাতে সাহায্য করে।’
রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পারার জন্য অধিনায়ক আপতার হোসেন নিজেকে গর্বিত মনে করেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, একদিন নিরাপদে নিজ দেশে ফিরতে পারব এবং আবার নিজেদের দেশের হয়ে ফুটবল খেলতে পারব।’
ম্যাচ শেষে ইউএনএইচসিআর বাংলাদেশ-এর রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন বিশ্বজুড়ে শরণার্থীদের দৃঢ়তা ও প্রতিকূলতার মধ্যেও নতুন করে জীবন গড়ে তোলার প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউএনএইচসিআর হিসেবে আমরা এখানে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রতিদিনই এই শক্তি ও সহনশীলতার পরিচয় দেখতে পাই।’ ফ্রেইসেন আরো বলেন, এই আয়োজন একদিকে যেমন রোহিঙ্গা শরণার্থীদের অধ্যবসায় ও সংগ্রামকে সম্মান জানিয়েছে, অন্যদিকে বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের অসাধারণ উদারতা ও সংহতিকেও স্বীকৃতি দিয়েছে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন