ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন


টেকসই কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সরকার বদ্ধপরিকর : মাহদী আমিন

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন দেশের মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি টেকসই, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধি, অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।’

আজ শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত ‘কাজের ভবিষ্যৎ: সকলের জন্য মর্যাদাপূর্ণ কাজ এবং সামাজিক সুরক্ষা’ শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মাহদী আমিন বলেন, ‘আগামী দিনের বৈশ্বিক ও অভ্যন্তরীণ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের শ্রমিক ভাই-বোনেরা যেন তাদের ন্যায্য সুযোগ-সুবিধা নিয়ে সম্মানের সঙ্গে জীবনধারণ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার। কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কলকারখানা যেন বন্ধ না হয়, সেজন্য মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং স্থিতিশীল শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। কারখানা বন্ধ না রেখে তা সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে আমরা বদ্ধপরিকর।’

কর্মক্ষেত্রের সার্বিক পরিবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘আমরা এমন একটি ‘ওয়ার্কিং ইকোসিস্টেম’ গড়ে তুলতে চাই, যেখানে কর্মক্ষেত্র হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই- যা দেশের ভেতরের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দৃষ্টান্ত স্থাপন করবে। প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা হলো—‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’। এটি কেবল একটি স্লোগান নয়, এটিই বর্তমান সরকার পরিচালনার মূল চেতনা।’

নারীর অর্থনৈতিক অবদানের বিষয়ে মাহদী আমিন উল্লেখ করেন, তৈরি পোশাক খাতসহ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন আরও সুদৃঢ় করতে সরকার ‘ফ্যামিলি কার্ড স্কিম’-এর মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ ও উপযুক্ত ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়িত হচ্ছে।

তরুণ সমাজের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ কাজে লাগানোর তাগিদ দিয়ে তিনি বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা চলমান রয়েছে। একই সঙ্গে অতীত শ্রম আইনের নানা জটিলতা নিরসন করে শ্রমিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সরকারের জবাবদিহিতা ও গত সাত মাসের সাফল্য তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই সরকার শতভাগ জনবান্ধব। ক্ষমতার উৎস জনগণ এবং সেই জনগণের একটি বড় অংশই শ্রমজীবী মানুষ। বিগত সাত মাসে ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকার মানবাধিকার রক্ষা, বাক-স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বন্ধ কারখানা চালু ও নতুন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে ঈদের সময় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে দুর্ভোগ হতো, সরকার দায়িত্ব নেওয়ার পর গৃহীত কার্যকর পদক্ষেপে গত দুটি ঈদে শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা গেছে।

সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আন্তর্জাতিক শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিলসের মো. মজিবুর রহমান ভূঁইয়া এবং সৈয়দ সুলতান উদ্দিন আহমেদসহ শীর্ষস্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা গ্রামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যাবে, পরিবেশের জন্য ততই ভালো হবে।" তিনি আরও বলেন, পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহার করে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ করার এবং বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইটভাটার দূষণ নিয়ে তিনি মন্তব্য করেন, "ইটভাটার ধোঁয়া ও দূষিত বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।" তবে তিনি উল্লেখ করেন, উন্নয়নের জন্য ইটের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ক্ষতি কমিয়ে ইট উৎপাদনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি জানান, সরকার ব্লকসহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়েও পরিকল্পনা করছে।

বরেন্দ্র অঞ্চলের পানিসংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, "এ অঞ্চলের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।" তিনি উল্লেখ করেন, গ্রীষ্মকাল ও খরার সময় পানির চাহিদা বৃদ্ধি পায়। মানুষের প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ ও সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরে তিনি পানিহারা গ্রামের জাবঠাপাড়ায় টেকসই জ্বালানি ও জলবায়ু সহনশীল বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন, ইএসডিও ইনচার্জ কলি ইয়াসমিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত সমাজ গঠনে কাউখালীতে ৪ গ্রামের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: মুক্তারকাঠি চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


মাদকমুক্ত সমাজ গঠনে কাউখালীতে ৪ গ্রামের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: মুক্তারকাঠি চ্যাম্পিয়ন

পিরোজপুরের কাউখালীতে "মাদকে না বলি, খেলাধুলায় অংশ নিই"—এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে দিনব্যাপী এক মিনি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাউখালী সদর ইউনিয়নের আয়রন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে সদর ইউনিয়নের ৪টি গ্রাম—জয়কুল, আয়রন, বড় বিড়ালজুরি ও মুক্তারকাঠী অংশ নেয়।
দিনভর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মুক্তারকাঠি একাদশ ও আয়রন একাদশ। জমজমাট লড়াইয়ে মুক্তারকাঠি একাদশ ১-০ গোলে আয়রন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এমন ক্রীড়া আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উবারে চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৩০০ কর্মী, বিপাকে জেন-জি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


উবারে চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৩০০ কর্মী, বিপাকে জেন-জি

উবারের কর্মী সংখ্যা ৩,৩০০ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা জেন-জি কর্মীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

ক্যালিফোর্নিয়াভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবার একটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিশ্বব্যাপী কর্মী সংখ্যা থেকে প্রায় ১০ শতাংশ ছাঁটাই করবে। ফলে প্রায় ৩,৩০০ কর্মী চাকরি হারানোর সম্ভাবনায় রয়েছে।উবারের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট কর্মী সংখ্যা প্রায় ৩৬,৬০০। এর মধ্যে ১৪,৬০০ কর্মী যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছেন।তবে উবারের প্ল্যাটফর্মের চালক ও কুরিয়ারদের এই ছাঁটাইয়ের আওতায় ধরা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উবার জানিয়েছে, তাদের বৈশ্বিক কর্মীদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কর্মরত। সেখানে সান ফ্রান্সিসকো ও সানিভেলে উবারের প্রধান কার্যালয় এবং অন্যান্য অফিস রয়েছে।প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরোশাহি উল্লেখ করেন, ‘আমরা ব্যবস্থাপনার স্তর কমাচ্ছি, টিমের কাঠামো সহজ করছি, বৈশ্বিক অবস্থান কৌশল পুনর্বিন্যাস করছি এবং সামনে থাকা সবচেয়ে বড় সুযোগগুলোর দিকে আমাদের কর্মী ও বিনিয়োগকে কেন্দ্রীভূত করছি।’এছাড়া, এই পুনর্গঠনের প্রভাব চাকরি হারানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না।কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে উবার তাদের রিমোট ওয়ার্ক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে। এর ফলে নমনীয় কর্মপরিবেশে অভ্যস্ত জেন-জি কর্মীদের ওপর চাপ বাড়তে পারে।খসরোশাহি জানান, বৈশ্বিক টিমগুলোকে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর মতো বড় হাবগুলোতে, আঞ্চলিক টিমগুলোকে নির্ধারিত আঞ্চলিক হাবে, স্থানীয় টিমগুলোকে সংশ্লিষ্ট দেশের হাবে এবং প্রযুক্তি টিমগুলোকে নির্ধারিত টেক হাবে কেন্দ্রীভূত করা হবে।

ভবিষ্যতে উবারের মাত্র ১ শতাংশ কর্মী পুরোপুরি রিমোট পদ্ধতিতে কাজ করবেন। অর্থাৎ, বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত হাজারো কর্মীকে নির্ধারিত অফিসের কোনো কেন্দ্রে গিয়ে কাজ করতে হতে পারে।

খসরোশাহি আরও বলেন, ‘আমরা আমাদের হাইব্রিড কর্মনীতি মেনে চলার বিষয়টিও আরও জোরদার করব। এই নীতি অনুযায়ী কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে কাজ করতে হবে।’

এভাবে মহামারির সময় চালু হওয়া নমনীয় কর্মব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসার তালিকায় উবারও যুক্ত হলো। বিশেষ করে তরুণ কর্মীরা এই পরিবর্তনের প্রভাব বেশি অনুভব করতে পারেন।

এদিকে, বিনিয়োগকারীরা উবারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছেন বলে মনে হচ্ছে। ঘোষণার পর বুধবার সকালে উবারের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্বতারোহীদের মূত্রে গলছে হিমালয়ের বরফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


পর্বতারোহীদের মূত্রে গলছে হিমালয়ের বরফ

হিমালয়ের বরফ গলানোর পেছনে পর্বতারোহীদের মূত্রবিসর্জনের ভূমিকাএকটি গবেষণায় উঠে এসেছে যে, হিমালয়ের বেজ ক্যাম্পে পর্বতারোহীদের ব্যবহৃত জ্বালানির তাপ এবং সরাসরি হিমবাহে ত্যাগ করা মূত্রের কারণে প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে।আন্তর্জাতিক গবেষকদের একটি দল নেপালের এভারেস্ট অঞ্চলের খুম্বু হিমবাহ নিয়ে গবেষণা করে এই তথ্য সংগ্রহ করেছে। এভারেস্ট বেজ ক্যাম্প হিমবাহটির ওপর অবস্থিত। গবেষণার ফলাফল ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’ জার্নালে প্রকাশিত হয়েছে।বসন্তের পর্বতারোহণ মৌসুমে বেজ ক্যাম্পে হাজার হাজার পর্বতারোহী, গাইড এবং সহায়ক কর্মী অবস্থান করেন। এই সময় এটি একটি ব্যস্ত পর্যটন গ্রামে পরিণত হয়, যেখানে এসপ্রেসো ক্যাফে, বড় পর্দার টেলিভিশন, উচ্চগতির ইন্টারনেট, গরম পানির গোসল এবং তাঁবু উষ্ণ রাখার ব্যবস্থা থাকে।

 

গবেষকেরা ২০২৩ সালের বসন্ত মৌসুমের ৫০ দিনের তথ্য বিশ্লেষণ করেছেন। এই সময়ের মধ্যে প্রায় ১ হাজার ৬০০টি তাঁবুতে রান্না, উষ্ণতা এবং বিদ্যুৎ সরবরাহের জন্য ৮২৪টি এলপিজি ক্যানিস্টার, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রোল ব্যবহার করা হয়েছে।

গবেষণার হিসাব অনুযায়ী, জ্বালানি পোড়ানো এবং মানুষের মূত্র থেকে উৎপন্ন তাপ মিলিয়ে ওই সময়ে মোট প্রায় ৮ লাখ ৪৯ হাজার ১৭৪ মেগাজুল তাপশক্তি তৈরি হয়েছে। এই পরিমাণ তাপ আনুমানিক ২ হাজার ৪৯২ টন বরফ ও তুষার গলানোর জন্য যথেষ্ট। হিসাবের ত্রুটি বা মার্জিন বিবেচনায়, বরফ গলার এই পরিমাণ ১ হাজার ৯৬৪ থেকে ৩ হাজার ২০ টনের মধ্যে হতে পারে।

গবেষকদের হিসাব অনুযায়ী, এতে যে পরিমাণ পানি তৈরি হয়, তা অলিম্পিক গেমসের আকারের একটি সুইমিং পুল, প্রায় ৮৩টি পানির ট্যাংকার অথবা ১৬ হাজার ৭০০টি সাধারণ বাথটাব পূর্ণ করার জন্য যথেষ্ট।

এই গবেষণায় মানুষের মূত্রকে তাপের একটি উল্লেখযোগ্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। উচ্চতায় পানিশূন্যতা এড়াতে পর্বতারোহী ও গাইডরা প্রচুর পরিমাণে পানি পান করেন। ফলে সেখানে প্রতিদিন সম্মিলিতভাবে প্রায় ৬ হাজার লিটার মূত্র ত্যাগ করা হয়।

যদিও কঠিন বর্জ্য সংগ্রহ করে পাহাড়ের নিচে নিয়ে যাওয়া হয়, মূত্রের বড় অংশ সরাসরি হিমবাহের ওপর ফেলা হয়। গবেষকদের হিসাব অনুযায়ী, একটি পর্বতারোহণ মৌসুমে শুধুমাত্র মূত্রের তাপেই প্রায় ১৫৪ টন বরফ গলে যেতে পারে।

স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণেও বেজ ক্যাম্প এলাকায় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ল্যান্ডস্যাটের ছবি বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পেয়েছেন, ক্যাম্পের আশপাশের ভূপৃষ্ঠের তাপমাত্রা বছরে গড়ে ০.২৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এই হার পার্শ্ববর্তী খুম্বু হিমবাহে রেকর্ড করা তাপমাত্রা বৃদ্ধির প্রায় দ্বিগুণ।

গবেষক দলের সদস্য হিসেবে নেপালের ভূমি ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সার্ভেয়ার কিম লাল গৌতম কাজ করেছেন। গবেষকদের মতে, বেজ ক্যাম্পের মানবসৃষ্ট তাপের প্রকৃত প্রভাব তাদের হিসাবের চেয়েও বেশি হতে পারে। কারণ গবেষণায় হেলিকপ্টার চলাচল, পর্বতারোহীদের শরীরের তাপ এবং রসদ পরিবহনে ব্যবহৃত চমরীগাইয়ের শরীর থেকে উৎপন্ন তাপ হিসাবের মধ্যে ধরা হয়নি।

তবে গবেষকেরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এভারেস্টের হিমবাহ দ্রুত গলে যাওয়ার প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। একই সঙ্গে তারা মনে করেন, ইতিমধ্যে দ্রুত সংকুচিত হতে থাকা একটি হিমবাহের ওপর প্রতিবছর হাজার হাজার মানুষের এমন ব্যাপক সমাগম দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য নয়।এ কারণে গবেষকেরা বেজ ক্যাম্পটি হিমবাহের ওপর থেকে সরিয়ে কাছাকাছি কোনো স্থিতিশীল স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%