১২:০৩ পি.এম
বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে কাজ করতে চায়।
বুধবার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানি এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তারা বাংলাদেশে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারি উন্নয়ন-পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণে আগ্রহী।
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৈঠকে উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রতিটি শিশুর জন্য কার্যকর ও মানসম্মত শিখন নিশ্চিত করা। তিনি বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী দক্ষতা অর্জনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বৈঠকে মেয়েদের ঝরে পড়া রোধ, শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ, পৃথক স্যানিটেশন ব্যবস্থা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পরিবারগুলোকে সক্ষম করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন