০৫:১৮ পি.এম
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি থানার ভেতরে এক নারীকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ওই থানার ১৫ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তসহ তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাতে স্বামীর সাথে পারিবারিক বিরোধের কারণে পুলিশের সহায়তা নিতে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসাওয়ান জেলার গমহারিয়া থানায় যান এক নারী।
থানার পুলিশ সদস্যরা ওই নারীকে থানার একটি কক্ষে অপেক্ষা করতে বলেন। পরে থানায় কর্মরত ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরা ওই কক্ষে গিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার দুই দিন পর, ৩১ অক্টোবর, ওই নারী লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ঝাড়খণ্ডজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য পুলিশের কাছে যাওয়া একজন নারী কিভাবে থানার ভেতরেই যৌন সহিংসতার শিকার হলেন।
তিন পুলিশ সদস্য গ্রেপ্তার
অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে মূল অভিযুক্ত ওয়্যারলেস অপারেটর নীরজ লাকরাকে গ্রেপ্তার করা হয়।
এরপর বিশেষ তদন্ত দলের (এসআইটি) তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক মনোজ কুমার সাহু এবং কনস্টেবল সন্তোষ কুমার রাইকে গ্রেপ্তার করা হয়। তিনজনকেই আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান
১৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
ঘটনার পর দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনা যথাসময়ে না জানানোর অভিযোগে পর্যায়ক্রমে থানার ১৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তদের মধ্যে রয়েছেন- ২ জন উপপরিদর্শক (এসআই), ৪ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ২ জন হাবিলদার, ১ জন কনস্টেবল এবং অন্যান্য পদমর্যাদার ৬ জন পুলিশ সদস্য।
এদিকে, ঘটনার তদন্তে সরাইকেলা মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অনুভব ভরদ্বাজের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। দলটি ঘটনাস্থল পরিদর্শনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন: ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক ৭ নভেম্বর কোচিতে
পুলিশ জানিয়েছে, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার বা দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন