ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় পরিবহন ব্যবসায়ী হত্যার মামলায় ২ জন গ্রেপ্তার


খুলনায় পরিবহন ব্যবসায়ী হত্যার মামলায় ২ জন গ্রেপ্তার

পরিবহন ব্যবসায়ী রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ‘আশিক গ্রুপ’-এর সদস্য দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

মঙ্গলবার র‌্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড় এলাকায় র‌্যাব-৬ সদর দপ্তরের একটি দল অভিযান চালিয়ে খুলনার লবণচরা এলাকার বাসিন্দা ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)কে আটক করে।

র‌্যাব জানায়, রফিক গাজী হত্যার ঘটনায় লবণচরা থানায় দায়ের করা মামলার তদন্তে এই দু’জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছিল।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

মামলার বিবরণে জানা যায়, গত ১২ জুন সকাল ১১টা ২০ মিনিটের দিকে পরিবহন ব্যবসায়ী রফিক গাজী (৪০) স্ত্রী এবং সন্তানকে নিয়ে যাওয়ার সময় লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার রায়পাড়ায় হামলার শিকার হন।

হেলমেট পরিহিত হামলাকারীরা তাঁকে গতিরোধ করে এবং পিস্তল দিয়ে গুলি চালিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত রফিক গাজীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে, তাঁর স্ত্রী রিনা বেগম লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

র‌্যাব জানায়, আটকদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসা ফি বাড়িয়ে বড় ধাক্কা দিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ভিসা ফি বাড়িয়ে বড় ধাক্কা দিল জাপান

বিদেশি পর্যটক এবং অভিবাসীদের জন্য সূর্যোদয়ের দেশ জাপান ধীর গতিতে বড় দুঃসংবাদ দিয়েছেন। আগামীকাল ১ জুলাই থেকে দেশটিতে প্রবেশ করতে বিদেশি নাগরিকদের জন্য আগের তুলনায় পাঁচ গুণ বেশি ভিসা ফি দিতে হবে। ১৯৭৮ সালের পর অর্থাৎ প্রায় ৪৮ বছর পর এই প্রথম ভিসা ফি বাড়ানোর একটি নজিরবিহীন সিদ্ধান্ত টোকিও নিয়েছে।

জাপান সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি অর্থাৎ একবার প্রবেশের ভিসার আবেদন ফি ৩ হাজার জাপানি ইয়েন থেকে বাড়িয়ে একলাফে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। অন্যদিকে, মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ভিসার খরচ ৬ হাজার ইয়েন থেকে বেড়ে ৩০ হাজার ইয়েন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জাপানে বিদেশি পর্যটকদের জন্য রেকর্ড উপচে পড়া ভিড় দেখা গেছে। এই বিপুল চাপের কারণে দেশটির সামগ্রিক অবকাঠামো এবং জনসেবার ওপর ব্যাপক চাপ আসছে। জাপান সরকার জানিয়েছেন, বর্তমান বিশ্ববাজারের মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ প্রশাসনিক খরচ বৃদ্ধি এবং জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড অবমূল্যায়নের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই ভিসা ফি বাড়ানোর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভিসা ফি বাড়ানোর পাশাপাশি সব ভ্রমণকারীর জন্য ডিপার্চার ট্যাক্স বা দেশ ত্যাগ করাও ১ হাজার ইয়েন থেকে বেড়ে ৩ হাজার ইয়েন করা হয়েছে। এ ছাড়া স্থায়ীভাবে বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩ লাখ ইয়েন এবং রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ফি ১ লাখ ইয়েন করার আইন পাস করেছে দেশটির উচ্চকক্ষ।

অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আকস্মিক এই ফি বৃদ্ধির প্রধান উদ্দেশ্য অতিরিক্ত পর্যটকদের ভিড় সরাসরি নিয়ন্ত্রণ করা নয়, বরং বিপুলসংখ্যক দর্শনার্থী সামলানোর প্রশাসনিক ও পরিচালন খরচের একটি বড় অংশ বিদেশি নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা। তবে, ফি পাঁচ গুণ বেড়ানোর পরও নান্দনিক দেশ হিসেবে জাপানের যে চিরন্তন আবেদন রয়েছে, সেই কারণে পর্যটক বা দক্ষ অভিবাসীদের আসার সংখ্যায় খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন দেশটির নীতি-নির্ধারকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য অধিদপ্তর স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির তথ্য চাইল স্বাস্থ্য অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


স্বাস্থ্য অধিদপ্তর স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির তথ্য চাইল স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য সহকারীদের স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির লক্ষ্যে জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। এসআইটি (SIT) কোর্স সম্পন্ন স্বাস্থ্য সহকারীদের এ পদোন্নতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন-২ শাখার পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য সহকারীরা যারা ৫৩তম থেকে ৫৪তম ব্যাচ পর্যন্ত এসআইটি কোর্স সম্পন্ন করেছেন এবং স্যানিটারি ইন্সপেক্টর পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন, তাদের পদোন্নতি প্রক্রিয়াকে এগিয়ে নিতে জ্যেষ্ঠতা তালিকা হালনাগাদ করা হবে।

সংশ্লিষ্টদের নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র নিম্নস্বাক্ষরকারীর কাছে পাঠাতে হবে। আবেদনপত্র, চাকরিবই (যারা ফেরত নিয়েছেন), বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর), হালনাগাদ চাকরি সন্তোষজনক প্রত্যয়নপত্র এবং বিভাগীয় মামলা নেই-মর্মে হালনাগাদ প্রত্যয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে।

যাইহোক, যেসব প্রার্থীর ২০২১ ও ২০২২ সালের এসিআর ইতোমধ্যে জমা রয়েছে, তাদের ওই দুই বছরের এসিআর পুনরায় জমা দেওয়ার প্রয়োজন হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রার্থী প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে না পারেন, তবে পরবর্তীতে তা গ্রহণযোগ্য হবে না।

এ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) এবং জ্যেষ্ঠতা তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্য-সচিবের স্বাক্ষর রয়েছে। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশের জন্য সহকারী পরিচালক (এমআইএস)-কে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সকল পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপিও পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন দিন পেরিয়েও দুই গ্রামের সংঘর্ষের রেশ কাটেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


তিন দিন পেরিয়েও দুই গ্রামের সংঘর্ষের রেশ কাটেনি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে ১০টা থেকে থেমে থেমে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এই সংঘর্ষ চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি হামলার শিকার হয়, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এছাড়া সংঘর্ষের কারণে সরাইল–নাসিরনগর–লাখাই সড়কটি যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ থেকে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাওনার দাবি করেন। কিন্তু খাদিম ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর গত রোববার রাত থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে খাদিম নিহত হন।

সোমবার বিকেলে খাদিমের জানাজা শেষে আবারও দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা চলা ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের বাসিন্দারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেছেন, থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধ  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভা মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভাটি বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুল নেহার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী চায়না সমাদ্দার, মৌমিতা সাহা, নিতু মণ্ডল এবং শিক্ষার্থী প্রতিনিধি হুমায়মা ও ফাতেমা।

বক্তারা এই সভায় বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় অন্তরায় সৃষ্টি করে।

বাল্যবিবাহ রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন আছে। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন যে, তারা ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নিজেদের পরিবার ও সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলবেন।

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দার বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

মেয়েদের শিক্ষা নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ অনেকাংশে কমে আসবে। বাংলাদেশ মহিলা পরিষদ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে নিয়মিত এরকম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “প্রতিটি মেয়েকে তার স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে। ১৮ বছরের আগে বিয়ে নয়—এই বার্তাটি সমাজের প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে।

শিক্ষার্থীরা সভায় বলেন, আজকের সভা থেকে আমরা বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি।

আমরা শপথ নিয়েছি ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে করব না এবং অন্যদেরও এ বিষয়টি সম্পর্কে সচেতন করব।

আমরা লেখাপড়া করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। বাল্যবিবাহ আমাদের ভবিষ্যৎ নষ্ট করে। তাই আমরা সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%