ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি


সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে।

তিনি উল্লেখ করেন, পূজা কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতি সম্ভব হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদান করছেন পূজা কমিটির সদস্যরা। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

আইজিপি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণকে গুজব সম্পর্কে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করে যেতে হবে।

তিনি বলেন, ‘আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই। সকল অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।’

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ২-৩ দিনের মধ্যে জমা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৫ এম


অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ২-৩ দিনের মধ্যে জমা হবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলার চার্জশিট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুবদলকর্মী আবু কাউছার হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন এবং প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার আরও জানান, অপ্রতীম হত্যা মামলায় তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের নাম হলো সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান (১৫)।

তিনি উল্লেখ করেন, ‘অপ্রতীম হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইনশা আল্লাহ, এই সপ্তাহের মধ্যে, সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করব।’

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো. কামরুল হাসান ও মো. সিয়ামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটির বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার: ৩৫ বিজিবির অধিনায়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৫ এম


দুর্গাপূজায় সীমান্তে নিরাপত্তা জোরদার: ৩৫ বিজিবির অধিনায়ক

জামালপুরের বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং শহরে টহলসহ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এ তথ্য জানিয়েছেন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালপুরের বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি পূজার সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ বছর সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা পালন করতে সক্ষম হবেন।

লে. কর্নেল হাসানুর রহমান আরও বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। প্রতিবছর দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করে। এবারের দুর্গাপূজায় জামালপুরে বিজিবি সদস্যরা সরাসরি মাঠে উপস্থিত রয়েছেন।

এ সময় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনের জন্য কৌশল সাজাচ্ছেন ট্রাম্প, রিপাবলিকানদের নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ এম


মধ্যবর্তী নির্বাচনের জন্য কৌশল সাজাচ্ছেন ট্রাম্প, রিপাবলিকানদের নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা থাকায় তিনি নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজন হলে কংগ্রেসের নিয়ন্ত্রণ ছাড়াই ক্ষমতা ধরে রাখার প্রস্তুতি রয়েছে ট্রাম্প প্রশাসনের। নির্বাচনে রিপাবলিকানদের হাউস নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউস বর্তমানে দুই কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) নিয়ন্ত্রণ ধরে রাখার চেয়ে অন্তত সিনেট রক্ষা করাকেও বাস্তবসম্মত লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ভোটার পরিচয় এবং পোস্টাল ভোটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশলও নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি করে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তিনি।

লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউজ জানিয়েছে, অন্তত একটি কক্ষ হারানোর আশঙ্কা নির্বাচনের ফলাফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক ক্ষমতার উপর প্রভাব ফেলবে। পাশাপাশি এটি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পথও প্রভাবিত করতে পারে।

এই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট অনুষ্ঠিত হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষণ অনুযায়ী, রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হলো, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজে প্রার্থী নন। ফলে তার শাসন নিয়ে ভোটারদের অসন্তোষ সরাসরি রিপাবলিকান প্রার্থীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এজন্য ট্রাম্প এক বক্তব্যে রিপাবলিকানদের উদ্দেশে বলেছেন, 'মনে করুন আমি ব্যালটে আছি।'

রিপাবলিকানরা বিশ্বাস করছে, ট্রাম্পের প্রভাবে যদি দলের ভোটাররা ভোটকেন্দ্রে বেশি সংখ্যায় আসে, তাহলে ক্ষতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে।

রিপাবলিকান শিবিরকে চাঙ্গা করা প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে ট্রাম্প। নির্বাচনের শেষ পর্যায়ে ব্যাপক প্রচারে নামছেন তিনি। রিপাবলিকানদের হিসাব হলো, প্রেসিডেন্টের জনপ্রিয়তা আগের মতো না থাকলেও তার ব্যক্তিগত রাজনৈতিক আবেদন এখনও মধ্যবর্তী নির্বাচনে ফল ঘুরিয়ে দিতে পারে।

বিশেষ করে টেক্সাস, আইওয়া, আলাস্কা ও ওহাইওর মতো অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীদের জন্য ট্রাম্প সমর্থকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে।

কিন্তু বাস্তবতা হলো, রিপাবলিকান প্রার্থীদের একটি অংশ জীবনযাত্রার ব্যয়, নিত্যপণ্যের দাম এবং ইরান যুদ্ধের মতো ইস্যু সামনে আনছেন। তারা এখন উল্টো ট্রাম্প থেকে নিজেদের কিছুটা দূরে রাখার চেষ্টা করছেন।

মিশিগানের সিনেট প্রার্থী মাইক রজার্সের মতো প্রার্থীরা মনে করেন, ট্রাম্পের জনপ্রিয়তার চেয়ে অর্থনীতি ও যুদ্ধের প্রভাব ভোটে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সিনেট রক্ষা চায় হোয়াইট হাউস

ট্রাম্পের এক উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, নভেম্বরের নির্বাচন ‘খুব কঠিন’ হতে যাচ্ছে এবং রিপাবলিকানদের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হতে পারে সিনেট ধরে রেখে হাউস হারানো। অর্থাৎ, হোয়াইট হাউস এখন দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার চেয়ে অন্তত সিনেট রক্ষা করাকেও বাস্তবসম্মত লক্ষ্য হিসেবে দেখছে।

ব্রুকিংসের হিসাবে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের হাউসের নিয়ন্ত্রণ নিতে মাত্র কয়েকটি আসনই প্রয়োজন হতে পারে। ভোটের সম্ভাব্য হিসাবগুলো ডেমোক্র্যাটদের আসন বাড়ার দিকে ইঙ্গিত করছে। বর্তমানে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন ২১৪ ও রিপাবলিকানদের আসন ২১৮। ব্যবধান মাত্র কয়েকটি আসনের।

ভোটের আগেই নির্বাচনি ব্যবস্থা ঘিরে বিতর্ক সৃষ্টি হচ্ছে।

নির্বাচনি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ট্রাম্পের আরেকটি কৌশল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে ভোট জালিয়াতির অভিযোগ তোলার পর থেকেই তিনি নির্বাচনি ব্যবস্থার প্রতি সন্দেহ তৈরি করে আসছেন।

এবারও নির্বাচনি ব্যবস্থা ‘বিপজ্জনকভাবে উন্মুক্ত’ বলে মন্তব্য করেছেন। এমনকি তিনি নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন।

চাথাম হাউস লিখেছে, ট্রাম্পের এই কৌশলের প্রভাব ইতোমধ্যেই জনমতের ওপর পড়ছে। মাত্র ৫৮ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন নভেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অথচ চার বছর আগে এই হার ছিল ৮১ শতাংশ। ট্রাম্পের কৌশলে ভোটারদের মধ্যে নির্বাচনি ব্যবস্থার প্রতি আস্থার পার্থক্য তৈরি হচ্ছে।

ভোটার পরিচয় ও পোস্টাল ভোটে নিয়ন্ত্রণ

নির্বাচনি ব্যবস্থাকে ঘিরে ট্রাম্প প্রশাসনের আরেকটি উদ্যোগ হলো 'সেভ আমেরিকা অ্যাক্ট'। এই আইনে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ এবং ভোট দেওয়ার ক্ষেত্রে ফটো আইডির মতো শর্ত আরোপের পাশাপাশি পোস্টাল ভোট সীমিত করার প্রস্তাব রয়েছে। বিলটি হাউসে পাস হলেও সিনেটে এখনও আটকে আছে।

চাথাম হাউস বলছে, নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত কঠোর শর্ত ভোটারদের এক অংশকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি পোস্টাল ভোট সীমিত করার উদ্যোগও ডেমোক্র্যাটদের ওপর তুলনামূলক বেশি প্রভাব ফেলতে পারে।

পিউ রিসার্চ সেন্টার জানায়, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে বা অনুপস্থিত ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৬০ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থীদের এবং ৩৮ শতাংশ রিপাবলিকান প্রার্থীদের সমর্থন করেছিলেন।

কংগ্রেস হারালেও কি থামবেন ট্রাম্প

হোয়াইট হাউসের জন্য হাউস বা সিনেট হারানো নিঃসন্দেহে বড় ধাক্কা হবে। ব্রুকিংসের বিশ্লেষণ বলছে, রিপাবলিকানরা যে কোনো একটি কক্ষ হারালে ট্রাম্পের আইন প্রণয়নের পর্ব কার্যত থেমে যেতে পারে এবং প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক কংগ্রেসনাল তদন্ত শুরু হতে পারে।

ডেমোক্র্যাটরা হাউসের নিয়ন্ত্রণ নিলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার ক্ষমতা পাবে। প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী ও করপোরেট দাতাদের সম্পর্কের বিষয়টি আগে তদন্তের দাবি উঠতে পারে।

তাছাড়া কথিত ‘পে-টু-প্লে’ ব্যবস্থা এবং ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায় বিদেশি সার্বভৌম সম্পদ তহবিলের বিনিয়োগের মতো বিষয়ও আসতে পারে।

এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মতো ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনাও আলোচনায় থাকতে পারে।

এশিয়া টাইমসের বিশ্লেষক বিল এমটের মতে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছরে আইন প্রণয়নের পাশাপাশি নির্বাহী আদেশ, প্রশাসনিক ক্ষমতা এবং আদালতের সঙ্গে আইনি লড়াইয়ের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছেন। এবারও তিনি ভেটো ক্ষমতা, নির্বাহী ক্ষমতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবহার করে নিজের এজেন্ডা এগিয়ে নিতে চাইবেন।

সূত্র: সিএনএন, ব্রুকিংস ইনস্টিটিউশন, চাথাম হাউস ও এশিয়া টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ এম


কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার একটি দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পদদলিত হয়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। শনিবার সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে দেবিদর্শনে উপচে পড়া ভিড়ের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূজামণ্ডপে পদদলিত হওয়া অন্তত ৩৫ জনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বৃষ্টির মধ্যে পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়ের কারণে গিরিশ পার্ক থানার অধীন সারদা পার্কের (চোরবাগান) পূজামণ্ডপের বহির্গমন ফটকে পদদলনের ঘটনা ঘটে। আহত সবাইকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও জানানো হয়, কন্ট্রোল রুম, দমকল বাহিনী, কলকাতা পুলিশ, দুর্যোগ মোকাবিলা দলের সদস্য, চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্য সচিব মনোজ আগরওয়াল পরিস্থিতি পর্যালোচনা করতে হাসপাতালে পৌঁছেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘চোরবাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন আহত সবাইকে দ্রুত সুস্থ করে তোলেন এবং এই কঠিন সময়ে তাদের পরিবারকে শক্তি ও সাহস দেন।’

প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা এএনআই-কে জানান, পদদলনের ঘটনায় অনেকে জ্ঞান হারান। তাদের অনেককে মোটরসাইকেলে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রবেশপথটি খুব সংকীর্ণ ছিল, আর বের হওয়ার ফটকটিও সরু ছিল।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%