০২:১১ পি.এম
মস্তিষ্কে টিউমার ধরা পড়লে রোগী এবং তার পরিবারের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রথমেই মাথায় আসে নানা প্রশ্ন। অস্ত্রোপচার করতে হবে কি? ঝুঁকি কতটা? দেশের মধ্যে চিকিৎসা সম্ভব, নাকি বিদেশে যেতে হবে? অনেক পরিবার তখন বিদেশে চিকিৎসার সন্ধানে বের হয়। কেউ আবার খরচের চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েন।
কিন্তু অনেকেই জানেন না যে, বাংলাদেশে কিছু মস্তিষ্কের টিউমারের চিকিৎসা অস্ত্রোপচার ছাড়াই করা সম্ভব। আধুনিক চিকিৎসাপদ্ধতির নাম রেডিওসার্জারি।
প্রতিবছর ২৪ নভেম্বর বিশ্ব রেডিওসার্জারি দিবস পালন করা হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে চিকিৎসাবিজ্ঞানে নতুন নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রয়োজন শুধু সেগুলো সম্পর্কে জানা এবং সঠিক সময়ে চিকিৎসা নেওয়া।
আরও পড়ুন: ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
কেন ২৪ নভেম্বর এই দিবস?
রেডিওসার্জারির জনক হিসেবে সুইডেনের চিকিৎসক লার্স লেকসেল পরিচিত। তিনি ১৯০৭ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে তিনি প্রথম এমন চিকিৎসার ধারণা দেন, যেখানে অস্ত্রোপচার ছাড়াই মস্তিষ্কের নির্দিষ্ট স্থানে রেডিয়েশন প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। পরবর্তীতে তার গবেষণার ভিত্তিতে গামা নাইফ নামক বিশেষ প্রযুক্তির উদ্ভব ঘটে।
লেকসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ইন্টারন্যাশনাল স্টেরিওট্যাকটিক রেডিওসার্জারি সোসাইটি (ISRS)-এর উদ্যোগে প্রতিবছর ২৪ নভেম্বর বিশ্ব রেডিওসার্জারি দিবস পালন করা হচ্ছে।
রেডিওসার্জারি আসলে কী?
আরও পড়ুন: আগামী বছর বাড়তে পারে এইডসের সংখ্যা: জাতিসংঘের সতর্কবার্তা
নামের মধ্যে ‘সার্জারি’ থাকলেও এই চিকিৎসায় কোনো ধরনের ছুরি-কাঁচি ব্যবহার করা হয় না। শরীরের কোথাও কাটাছেঁড়া করতে হয় না। সহজভাবে বললে, বিশেষ যন্ত্রের মাধ্যমে টিউমারের সঠিক স্থানে অত্যন্ত নিখুঁতভাবে শক্তিশালী রেডিয়েশন বা বিকিরণ প্রয়োগ করা হয়। এর ফলে টিউমারের বৃদ্ধি থামানো বা কিছু ক্ষেত্রে টিউমার ছোট করা সম্ভব হয়। আশপাশের সুস্থ অংশের ক্ষতি কমানোর চেষ্টা করা হয়।
অনেক ক্ষেত্রে একদিনেই চিকিৎসা সম্পন্ন করা যায়। কারও ক্ষেত্রে কয়েক দিন লাগতে পারে। সাধারণত দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না।
শুধু গামা নাইফ নয়, অন্যান্য যন্ত্রের মাধ্যমেও এই চিকিৎসা করা সম্ভব।
অনেকের ধারণা, রেডিওসার্জারি মানেই গামা নাইফ। আসলে তা নয়। গামা নাইফ ছাড়াও সাইবার নাইফ এবং আধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর বা লিন্যাক মেশিনের সাহায্যেও এই চিকিৎসা করা যায়।
আরও পড়ুন: প্রথমবারের মতো নারীরা নিজেই নিতে পারবেন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন
সবচেয়ে আশার কথা, বাংলাদেশে আধুনিক লিন্যাক মেশিনের মাধ্যমে রেডিওসার্জারি চিকিৎসা হচ্ছে। অর্থাৎ এই চিকিৎসার প্রয়োজন হলে বিদেশে যেতে হবে, এমন নয়।
তবে সব লিন্যাক মেশিনে এই চিকিৎসা সম্ভব নয়। এর জন্য বিশেষ ব্যবস্থা, দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল এবং নিয়মিত মাননিয়ন্ত্রণ প্রয়োজন।
কোন কোন রোগে এই চিকিৎসা কার্যকর?
মস্তিষ্কের কিছু ছোট টিউমার, শরীরের অন্য জায়গা থেকে ক্যানসার মস্তিষ্কে ছড়িয়ে পড়া, কিছু ক্যানসারবিহীন টিউমার এবং মস্তিষ্কের রক্তনালির বিশেষ সমস্যায় রেডিওসার্জারি ব্যবহার করা হয়।
আরও পড়ুন: ৪০% মানুষ জানেই না তাদের ডায়াবেটিস আছে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
একই ধরনের প্রযুক্তি দিয়ে ফুসফুস, লিভার ও মেরুদণ্ডের কিছু টিউমারের চিকিৎসাও করা সম্ভব।
তবে সব রোগীর জন্য এই চিকিৎসা উপযুক্ত নয়। টিউমারের আকার, অবস্থান এবং রোগীর শারীরিক অবস্থা দেখে বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধান্ত নেন।
বাংলাদেশে সুযোগ আছে, কিন্তু সবাই কি জানেন?
বাংলাদেশে কয়েকটি বিশেষায়িত হাসপাতালে বর্তমানে এই চিকিৎসা প্রদান করা হচ্ছে। এটি আমাদের চিকিৎসাব্যবস্থার জন্য একটি ইতিবাচক খবর।
আরও পড়ুন: নারীরা জন্ম নিয়ন্ত্রণে নিজেরাই নিতে পারবেন ইনজেকশন
কিন্তু বাস্তবতা হলো, দেশের অনেক মানুষ এখনো জানেন না যে এমন চিকিৎসা বাংলাদেশে সম্ভব। ফলে কেউ বিদেশে যাওয়ার কথা ভাবেন, আবার কেউ চিকিৎসা শুরু করতে দেরি করেন।
ঢাকার বাইরে থেকে আসা রোগীদের জন্য যাতায়াত, থাকা ও চিকিৎসার খরচও বড় সমস্যা। তাই শুধু আধুনিক মেশিন থাকলেই হবে না। চিকিৎসার সুযোগ বৃদ্ধি করতে হবে, দক্ষ জনবল তৈরি করতে হবে এবং চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।
সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা জরুরি, যাতে আরও বেশি রোগী এই চিকিৎসার সুবিধা পান।
শেষ কথা
আরও পড়ুন: চট্টগ্রামে বিআইটিআইডি অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন
মস্তিষ্কে টিউমার ধরা পড়লে ভয় পেয়ে আশা ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। সব টিউমার ক্যানসার নয়। আবার সব টিউমারের জন্য অস্ত্রোপচারও প্রয়োজন হয় না। তবে রেডিওসার্জারিও সবার জন্য নয়। সবচেয়ে জরুরি হলো সময়মতো সঠিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া।
বিশ্ব রেডিওসার্জারি দিবসে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা হলো: বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন, আপনার প্রয়োজনীয় চিকিৎসা বাংলাদেশে সম্ভব কি না।
আধুনিক চিকিৎসা যেন শুধু বড় শহর বা সামর্থ্যবান মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও যেন এর সুফল পান।
কারণ চিকিৎসাবিজ্ঞানের আসল সাফল্য শুধু নতুন প্রযুক্তি আবিষ্কারে নয়, সেই চিকিৎসা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই।
ডা. আরমান রেজা চৌধুরী
সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি
এভারকেয়ার হাসপাতাল ঢাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন