ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা


ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা

এশিয়া কাপে দুর্দান্ত শুরুর পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এই র‍্যাঙ্কিংয়ে মারুফার পাশাপাশি উন্নতি হয়েছে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের।

নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে শিকার করেন ৩ উইকেট। টানা দুই ম্যাচে কার্যকর বোলিংয়ের ফলেই র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে ২১ বছর বয়সী এই পেসারের।

আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না

মারুফার বর্তমান রেটিং পয়েন্ট ৬২২। র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি এটিও তার ক্যারিয়ার সেরা। এর আগে ২০২৪ সালের মে মাসে ২৩তম স্থানে উঠেছিলেন তিনি। তখন তার রেটিং ছিল ৬০৬।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া অফ স্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন।

তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার। লেগ স্পিনার রাবেয়া খাতুন এক ধাপ নেমে ২১তম এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার চার ধাপ পিছিয়ে ৩২তম স্থানে রয়েছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ এখনো সেরা বিশে জায়গা করে নিতে পারেননি। এক ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের ইনিংস খেলে তিন ধাপ উন্নতি করেছেন সোবহানা মোস্তারি। তিনি উঠে এসেছেন ৩৬তম স্থানে। আর দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২তম অবস্থানে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবিতে সেরা গবেষক অ্যাওয়ার্ড চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


গোবিপ্রবিতে সেরা গবেষক অ্যাওয়ার্ড চালু

পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও গবেষণামুখী করা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘ছোট ছোট উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেই সঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।’

চলতি বছর অ্যাওয়ার্ডের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ থেকে একজন করে শিক্ষক নির্বাচিত হবেন। মূল্যায়নের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্র বিবেচনায় নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুযায়ী ইমপ্যাক্ট ফ্যাক্টরসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রকে গুরুত্ব দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন বলেন, আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করতে নির্ধারিত গুগল ফর্মে প্রবেশ করতে হবে। ফর্ম পূরণে কোনো সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল কাদের শাকিলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে পালাতে গিয়ে গ্রেফতার হলেন হত্যা মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


ভারতে পালাতে গিয়ে গ্রেফতার হলেন হত্যা মামলার আসামি

ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলার পলাতক আসামি ইদ্রিস আলীকে (৪০) আটক করেছে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ইদ্রিস আলীকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো.শরীফুল ইসলাম। 

ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মো.শরীফুল ইসলাম জানান, একাধিক হত্যা মামলা থাকার কারণে ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশনে আসেন। 

এ সময় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় ইদ্রিস আলীর বিরুদ্ধে ৫ আগস্টের পর ঢাকার আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা থাকার, বিষয়টি জানতে পেরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি আশুলিয়ার জামপাড়া গ্রামের বাসিন্দা আলী আহম্মদের ছেলে। তবে তার সাথে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, ইদ্রিস আলীর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দায়িত্বরত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ইমিগ্রেশন করতে আসেন। এ সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায় তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটককরে করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাবেদ উল ইসলাম জানান, আখাউড়া ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করেছি। আশুলিয়া থানা পুলিশ আসার পর তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তরিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইদ্রিস আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে থানা পুলিশের কাছে অত্যন্ত করেছে। আমরা সেখান থেকে তাকে নিয়ে আসার প্রক্রিয়া করছি। আশুলিয়া থানায় আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লান্ত দুপুরে পাতিচখায় খাবার সারেন চা শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ক্লান্ত দুপুরে পাতিচখায় খাবার সারেন চা শ্রমিকরা

চা শ্রমিকদের খাবার দুপুরের ক্লান্তি কাটাতে পাতিচখায় চলে আসে।

 

ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের যাত্রা। কারো মাথায় ঝুড়ি, কারো কাঁধে পাতাভর্তি ব্যাগ থাকে।

 

আঁকাবাঁকা পাহাড়ি পথে তাদের গন্তব্য চা-বাগান। চারপাশে সারি সারি সবুজ চা-গাছ দেখা যায়। সেই সবুজের ভেতর কাঁচি হাতে, আঙুলের ফাঁকে কচি পাতা তুলে দিন শুরু হয় চা শ্রমিকদের।

দূর থেকে দৃশ্যটি মনোমুগ্ধকর মনে হয়।

 

কিন্তু এই সবুজের আড়ালে লুকিয়ে রয়েছে অন্য এক গল্প। সেই গল্প ক্ষুধা, অভাব এবং বেঁচে থাকার কঠিন লড়াইয়ের।

দুপুর গড়িয়ে এলে চা-বাগানের ব্যস্ততায় কিছুটা ছন্দপতন ঘটে। কাজের ফাঁকে গাছের ছায়ায় বসে পড়েন শ্রমিকরা।

 

কারো কাছে পলিথিনে করে আনা মুড়ি, কারো পাত্রে পান্তা ভাত থাকে। কেউ সঙ্গে আনেন চালভাজা কিংবা আটার মোটা রুটি। সেই রুটির সঙ্গে থাকে চা-পাতা দিয়ে তৈরি ঝাল এক খাবার—শ্রমিকদের ভাষায় ‘পাতিচখা’ বলে পরিচিত।

চা গাছের কচি পাতা, কাঁচা মরিচ, রসুন-পেঁয়াজ—কখনও কাঁচা, কখনও সামান্য ভেজে প্রস্তুত হয় এই খাবার। অভাবের সংসারে এটি কোনো শখের খাবার নয়; বরং চা শ্রমিকের কাছে এটি দুপুরের ক্ষুধা সামলানোর অন্যতম ভরসা।

চায়ের সবুজ পাতায় মিশে রয়েছে শ্রমিকের জীবনের এমনই এক নির্মম বৈপরীত্য। যে পাতা দেশের অর্থনীতিতে মূল্য যোগ করে, সেই পাতাই ক্লান্ত দুপুরে চা শ্রমিক পরিবারে ক্ষুধা নিবারণের উপকরণ হয়ে দাঁড়ায়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শমশেরনগর ইউনিয়নে অবস্থিত কানিহাটি চা-বাগানে গিয়ে দেখা মেলে এই বাস্তবতার। রবিবার দুপুর ২টার দিকে পাতা ওজন করে গাড়িতে তোলার অপেক্ষায় ছিলেন শ্রমিকরা। ব্যস্ততার মধ্যেই চোখে পড়ে দুপুরে তাদের একসঙ্গে বসে খাবারগ্রহণের দৃশ্য।

চা শ্রমিক গীতা বুনার্জীর সংসারের গল্প যেন পুরো বাস্তবতারই প্রতিচ্ছবি। অভাবের সংসারে চাল জোগাড় করাই যখন কঠিন, তখন ডাল কিংবা তরকারি তাদের কাছে প্রায় বিলাসিতা হয়ে দাঁড়ায়।

গীতা বুনার্জী জানান, "তাদের ঘরে চাল থাকে না। ডাল বা তরকারি তাদের কাছে বিলাসিতা। দুপুরের খাবারে তাই রুটি বানিয়ে নেন। আর চায়ের কুঁড়ি দিয়ে পাতিচখা বানিয়ে খেয়ে নেন। কখনো কাঁচা পাতা, কখনো ভেজে নেন। এটা দিয়েই তাদের দিন চলে যায়।"

গীতা বুনার্জীর এই কথার মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে ‘পাতিচখা’র অর্থ।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহের ছয় দিন তাদের কাজে থাকতে হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বাগানের কাজ। এর পরও দিনের পরিশ্রম শেষ হয় না।

ঘরে ফিরেই অপেক্ষা করে আরেক দফা দায়িত্ব- রান্না করা, পানি সংগ্রহ, সন্তানদের দেখাশোনা, সংসারের কাজ। বিশেষ করে নারী শ্রমিকদের জন্য কর্মস্থলের পর ঘরের কাজ হয়ে ওঠে দ্বিতীয় কর্মদিবস।

এক নারী শ্রমিক জানান, "সপ্তাহে ছয় দিনই সকাল ৮টায় কাজে যোগ দেন। ছুটি হয় বিকেল ৫টায়। এরপর ঘরে ফিরে রান্না, পানি আনা, বাচ্চাদের দেখভাল—সব করতে হয়।"

বাগান দূরে হলে ভোরের আগেই ঘর ছাড়তে হয় চা শ্রমিকদের। তাদের অনেকেই কয়েক কিলোমিটার পথ হেঁটে কর্মস্থলে পৌঁছান। দিনভর পরিশ্রমের পর হাতে আসে ১৭৮ টাকা। নির্ধারিত পরিমাণ পাতা তুলতে না পারলে মজুরি কমে যাওয়ার আশঙ্কা থাকে।

এই আয়ে সংসারের খাবার, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য-সবকিছুর হিসাব মেলাতে গিয়ে প্রতিদিনই হিমশিম খেতে হয় তাদের।

সরেজমিন বাগানে গিয়ে দেখা যায়, চা-পাতা তোলার কাজ বাইরে থেকে সহজ ও নান্দনিক মনে হলেও বাস্তবে তা অনেক কঠিন। ঘণ্টার পর ঘণ্টা সামনে ঝুঁকে কাজ করতে হয়। গরম, বৃষ্টি, কাদা কিংবা প্রতিকূল আবহাওয়া-কিছুই তাদের শ্রম থামাতে পারে না।

শ্রমিকদের কেউ কেউ জানান, "দীর্ঘসময় ধরে কাজ করার কারণে পা ফুলে যায়। হাতে পড়ে কড়া, কখনও চামড়া উঠে যায়, তবু বিশ্রামের সুযোগ নেই। কারণ একদিন কাজ বন্ধ মানেই একদিনের আয় বন্ধ। আর আয় কমে গেলে কমে যায় পরিবারের খাবারের পরিমাণও।"

খোঁজ নিয়ে জানা গেছে, মৌলভীবাজারে রয়েছে ৯২টি চা-বাগান। দেশের চা উৎপাদনের একটি বড় অংশ আসে এই অঞ্চল থেকে। চা শিল্পের পাশাপাশি পর্যটনের জন্যও এ জেলার রয়েছে বিশেষ পরিচিতি। পাহাড়, টিলা আর বিস্তীর্ণ চা-বাগানের সবুজে মুগ্ধ হন দেশ-বিদেশের পর্যটক।

কিন্তু সেই সবুজ সৌন্দর্যের আড়ালেই বসবাস করেন এমন মানুষ, যাদের জীবন বাস্তবতায় অনেকটাই বিবর্ণ।

শত বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে চা শিল্পের বিকাশ ঘটলেও এই শিল্পের অন্যতম প্রধান শক্তি চা শ্রমিকদের জীবনমান এখনও কাঙ্খিত পর্যায়ে পৌঁছায়নি। অনেক শ্রমিকের বসতঘর পুরনো ও জরাজীর্ণ। স্যানিটেশন ব্যবস্থা দুর্বল। স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত। শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও শিক্ষার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

ফলে প্রজন্মের পর প্রজন্ম চা-বাগানকেন্দ্রিক জীবনে বেড়ে ওঠা মানুষের বড় একটি অংশ এখনও দারিদ্র্য, অপুষ্টি ও নানা সামাজিক সংকটের সঙ্গে লড়াই করে যাচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেন, "প্রশাসনের পক্ষ থেকে চা শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। কেউ অসুস্থ হলে খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি উপজেলার ১২ হাজার ৫৯২ জন চা শ্রমিককে প্রতিমাসে ৬৫০ টাকা করে দেওয়া হচ্ছে। এটি বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। শিগগির বর্ধিত অর্থ পাবেন তারা।"

ইউএনও বলেন, "চা-বাগানে পাতা তোলার কাজে নিয়োজিত শ্রমিকদের স্যানিটেশনের প্রয়োজন হয়, কিন্তু অনেক জায়গায় সেটি নেই। তাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পুষ্টির বিষয়েও বাগান ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবি পরিবহন পুলে নতুন বাস সংযোজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


নোবিপ্রবি পরিবহন পুলে নতুন বাস সংযোজন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবহন পুলে নতুন একটি রিনোভেট বাস সংযোজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বাসটি সম্পূর্ণ নতুনভাবে রিনোভেট করা হয়েছে। নতুন সংযোজিত বাসের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে এবং পরিবহন সংকট কিছুটা কমবে।

তিনি জানান, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শিগগিরই আরও দুটি বাস পরিবহন পুলে সংযোজন করা হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের পরিবহন সুবিধা আরও বাড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত বাস সংযোজনেরও চেষ্টা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%