ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নভেম্বরে বাংলাদেশে পরিবেশিত হবে ঐতিহাসিক ফরাসি-বাংলা অপেরা ফিউশন


নভেম্বরে বাংলাদেশে পরিবেশিত হবে ঐতিহাসিক ফরাসি-বাংলা অপেরা ফিউশন

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : আগামী নভেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো পরিবেশিত হতে যাচ্ছে ঐতিহাসিক ফরাসি-বাংলা ফিউশন। এই অনুষ্ঠানের আয়োজন করবে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’। ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে ফরাসি ও বাংলা অপেরার ঐতিহাসিক ফিউশন পরিবেশন করা হবে।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’ এর প্রথম বর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান।

১১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১১ দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। সাংস্কৃতিক আয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব।

আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান উল্লেখ করেন, দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রদানের স্বপ্ন নিয়ে তিন বছর আগে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছিল এবং ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি তাদের প্রশংসিত নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’র ২ শতাধিক পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।

তিনি আরও জানান, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবটি তিনটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। প্রথমত, ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের খুঁজে বের করতে দেশব্যাপী ‘অ্যাটেলিয়ার অ্যাওয়ার্ড : ইয়াং পেইন্টার্স অব টুমরো’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের সেরা চিত্রশিল্পীদের প্রতিষ্ঠিত করবে ক্লাব।

দ্বিতীয়ত, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন, হাসন রাজা, মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল, হাজংসহ বিভিন্ন ঐতিহ্যের সংগীত পরিবেশন করা হবে।

শেষে, ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে ফরাসি ও বাংলা অপেরার ঐতিহাসিক ফিউশন পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমাপ্ত হবে।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেড্রিক ইনজা, দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড-এর সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর প্রতিনিধি সংগীতশিল্পী মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ার লোরো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুহুল কবির রিজভীর শোক, মরিয়ম বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ এম


রুহুল কবির রিজভীর শোক, মরিয়ম বেগমের মৃত্যুতে দুঃখ প্রকাশ

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসিরের মমতাময়ী মা মরিয়ম বেগমের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ‘মরহুমা মরিয়ম বেগম একজন ধর্মপ্রাণ মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি— মহান রাব্বুল আলামিন যেন মরহুমা মরিয়ম বেগমকে বেহেশত নসিব এবং গভীর শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদের এই বিশাল শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

শোকবার্তায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরিয়ম বেগম আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬০ নয়, ১০০ বছর বিদ্যুৎ দেবে রূপপুর! কিন্তু কীভাবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


৬০ নয়, ১০০ বছর বিদ্যুৎ দেবে রূপপুর! কিন্তু কীভাবে?

নকশা অনুযায়ী, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের আয়ুষ্কাল ৬০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে, এই সময়ের হিসাব এখানেই শেষ হচ্ছে না। বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর যে নতুন প্রবণতা দেখা দিয়েছে, তার আলোকে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও সতর্ক পদক্ষেপ গ্রহণ করা হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৬০ বছরের পরিবর্তে ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া সম্ভব।

বর্তমানে বিশ্বজুড়ে বিদ্যমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানোর কৌশল গ্রহণ করা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিশাল অঙ্কের নতুন বিনিয়োগ ছাড়াই পুরোনো অবকাঠামোকে কাজে লাগিয়ে আরও কয়েক দশক অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। ফলে, এটি সময় ও অর্থ—দুদিক থেকেই অত্যন্ত সাশ্রয়ী ও যুক্তিযুক্ত সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ সফলভাবে বাড়ানোর উজ্জ্বল উদাহরণ হিসেবে রাশিয়ার অন্যতম প্রধান বিদ্যুৎকেন্দ্র ‘কালিনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট’ উল্লেখযোগ্য। মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী এই কেন্দ্রে ১৯৮৪ সালে প্রথম ইউনিট এবং ১৯৮৬ সালে দ্বিতীয় ইউনিট চালু করা হয়েছিল। এরপর ২০০৪ ও ২০১১ সালে উৎপাদনে আসে তৃতীয় ও চতুর্থ ইউনিট।

বিদ্যুৎকেন্দ্রটির বিশেষত্ব হলো, নির্ধারিত ৩০ বছরের প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার পর চুল্লির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকায়নের মাধ্যমে প্রথম দুই ইউনিটের আয়ুষ্কাল বাড়ানো হয়েছে। প্রথম ইউনিট ২০৪৪ সাল এবং দ্বিতীয় ইউনিট ২০৩৮ সাল পর্যন্ত চালুর পূর্ণ অনুমোদন পেয়েছে।

কালিনিন বিদ্যুৎকেন্দ্রের জ্যেষ্ঠ প্রধান শিফট কর্মকর্তা আলেকজান্ডার ইয়াকোভলেভিচ জানান, “পুরোনো ইউনিটের মেয়াদ বাড়াতে আমরা মডিউলার কন্ট্রোল প্যানেল পুরোপুরি বদলে ফেলে নতুন কন্ট্রোল সিস্টেম চালু করেছি। কেব্‌ল ও পাম্পিং ইকুইপমেন্ট প্রতিস্থাপনসহ কারিগরি নানা সংস্কারের পর রাশিয়ার পরমাণু নিয়ন্ত্রক সংস্থা মেয়াদ আরও ৩০ বছর বাড়ানোর অনুমোদন দেয়।”

বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ‘থ্রি প্লাস জেনারেশন’ (VVER-1200) প্রযুক্তিতে নির্মিত হচ্ছে, যা পৃথিবীর অন্যতম সেরা ও আধুনিক প্রযুক্তি হিসেবে পরিচিত। এই প্রযুক্তির মূল কাঠামো অত্যন্ত টেকসইভাবে নকশা করা হয়েছে। ৬০ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর এই কেন্দ্রের আয়ুষ্কাল আরও ২০ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানো কারিগরিভাবে সম্ভব।

তবে, এই সেঞ্চুরি স্পর্শ করতে হলে রূপপুরকে কিছু জরুরি শর্ত ও বৈজ্ঞানিক ধাপ অতিক্রম করতে হবে:

নিয়মিত ও নিবিড় পরিচর্যা: পারমাণবিক চুল্লির বিভিন্ন দীর্ঘমেয়াদি ও স্পর্শকাতর যন্ত্রাংশকে শতভাগ কার্যকর রাখতে প্রথম দিন থেকেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে।

প্রযুক্তির ক্রমাগত আধুনিকায়ন: সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কন্ট্রোল প্যানেল, কেব্‌লিং ও পাম্পিং সিস্টেমের মতো যন্ত্রাংশগুলো নিয়মিত বিরতিতে হালনাগাদ ও প্রতিস্থাপন করতে হবে।

কঠোর নিরাপত্তা ছাড়পত্র: নির্দিষ্ট সময় পরপর আন্তর্জাতিক ও জাতীয় পরমাণু নিয়ন্ত্রক সংস্থার কঠোর পরিদর্শন এবং ছাড়পত্র নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়াতে যে উদ্যোগগুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো প্রধান প্রধান কম্পোনেন্টকে দীর্ঘ মেয়াদে সচল রাখা। এর জন্য এখন থেকেই নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিবিড় পরিচর্যার প্রস্তুতি নিতে হবে। আগে থেকে প্রস্তুতি না নিলে মেয়াদ বাড়ানোর এই সুফল আমরা পাব না।”

বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব এই সুফল পুরোপুরি ঘরে তুলতে হলে কারিগরি দক্ষতার পাশাপাশি দরকার উচ্চমানের ব্যবস্থাপনাগত দক্ষতা। রাশিয়ার কালিনিন মডেলের অভিজ্ঞতা এবং এখন থেকেই সঠিক রক্ষণাবেক্ষণ ও বাড়তি সতর্কতা নিশ্চিত করা গেলে, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী এক শতাব্দীজুড়ে বাংলাদেশ পাবে পরিচ্ছন্ন ও নিরবচ্ছিন্ন আলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করলেন কলম্বিয়ার গায়িকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ এম


ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করলেন কলম্বিয়ার গায়িকা

মঞ্চে সংগীত পরিবেশন করার সময় ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কলম্বিয়ার র‍্যাপার চেলো হপ। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তাঁর প্রতিবাদী আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। অনেকেই তাঁর এই পদক্ষেপের প্রশংসা করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেলো হপ মঞ্চে গান গাইছেন। এ সময় এক দর্শক মঞ্চে উঠে তাঁর দিকে ইসরায়েলের পতাকা এগিয়ে দেন। পতাকাটি হাতে নেওয়ার পর গায়িকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি সেটি মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান এবং পরে লাথি মেরে সরিয়ে দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই জানতে চান, কে এই গায়িকা এবং ঘটনাটি কোথায় ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেলো হপ কলম্বিয়ার একজন র‍্যাপার। গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে অনুষ্ঠিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে চেলো হপ ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগানও দেন। স্প্যানিশ ভাষায় এই কথাটির অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’। গাজায় ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী তাঁর এই আচরণকে সমর্থন জানাচ্ছেন। এ কারণে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গায়িকার প্রতি সমর্থন জানিয়েছেন অনেকে।

চেলো হপ কেবল সংগীত পরিবেশনেই সীমাবদ্ধ নন, তাঁর গানে রাজনৈতিক বক্তব্য, সামাজিক আন্দোলন এবং প্রতিরোধের বিষয়ও উঠে আসে। উৎসবে তিনি ‘অ্যানাতোমিয়া’ শিরোনামের একটি গানও পরিবেশন করেন। এদিকে, ঘটনাটিকে ঘিরে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নিন্দা জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়্যা নিউজ ও ফ্রি প্রেসের প্রতিবেদন অবলম্বনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ড উপকূলে বালুদস্যুতা নিয়ে উদ্বেগ, মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪২ এম


সীতাকুণ্ড উপকূলে বালুদস্যুতা নিয়ে উদ্বেগ, মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন ও বাণিজ্যিক বিক্রির অভিযোগে উদ্বেগ ও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। উপকূলরক্ষা বেড়িবাঁধের নিকটবর্তী এলাকা থেকে ড্রেজার ব্যবহার করে বালু তোলার ঘটনা ঘটছে। সৈয়দপুর থেকে ফৌজদারহাট পর্যন্ত বিভিন্ন স্থানে এবং সোনাইছড়ির বকতারপাড়ায় মাবিয়া শিপইয়ার্ডসংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বালু তোলার অভিযোগ স্থানীয়দের। তাঁরা আশঙ্কা করছেন, উপকূলের সংবেদনশীল এলাকায় এ ধরনের কার্যক্রম চলতে থাকলে বেড়িবাঁধ, বসতভিটা ও কৃষিজমি যেকোনো সময় ভাঙনে বিলীন হতে পারে।

জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, সীতাকুণ্ড উপকূলে বালু উত্তোলনের জন্য কোনো অনুমতি প্রদান করা হয়নি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

গত শুক্রবার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতসংলগ্ন আকিলপুর এলাকায় ‘আকিলপুরের সর্বস্তরের সর্বসাধারণ’-এর ব্যানারে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে তাঁরা বালু উত্তোলনের বৈধতা যাচাই, বেড়িবাঁধের অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বাসিন্দাদের বক্তব্য হলো, উপকূলরক্ষা অবকাঠামোর নিকট থেকে বালু উত্তোলনের ক্ষতিকর প্রভাব যাচাই না করে এ পরিস্থিতি উপেক্ষা করা উচিত নয়। এজন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে বেড়িবাঁধের বর্তমান অবস্থা পরীক্ষা এবং বালু উত্তোলনের সম্ভাব্য ঝুঁকি নিরূপণে কারিগরি মূল্যায়নের দাবি উঠেছে।

যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল বলেন, ‘সীতাকুণ্ড উপকূলে বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি রয়েছে বলে যাঁরা দাবি করছেন, তাঁদের তথ্য সঠিক নয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বিকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।

সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকতারপাড়ার মাবিয়া শিপইয়ার্ডের পরিচালক এজাহার মিয়া জানান, ‘শিপইয়ার্ডটি শ্রমিক দলের নেতা রবিউলের কাছে ভাড়া দেওয়া হয়েছে।’ তাঁর দাবি, ভাড়াটিয়ারাই বালু উত্তোলন করে বিক্রি করছেন এবং এই কাজে সরকারি অনুমতি রয়েছে। সমুদ্রে পলি জমে নাব্যতা কমে যাওয়ায় জাহাজ বিচিঙে (তীরে ভেড়ানো) সমস্যা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে জেলা প্রশাসন বালু উত্তোলনের অনুমতির কথা পরিষ্কারভাবে অস্বীকার করেছে। রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, প্রতি বর্গফুট বালু উত্তোলনে খরচ হয় প্রায় ৩ টাকা ৫০ পয়সা এবং বিক্রিমূল্য ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকা। তবে এই হিসাবের ভিত্তি, উত্তোলিত বালুর প্রকৃত পরিমাণ কিংবা মোট আর্থিক লেনদেনের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে প্রতিদিন ঠিক কী পরিমাণ বালু উত্তোলন হচ্ছে এবং কত টাকার লেনদেন হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এটি উল্লেখ্য যে, সীতাকুণ্ড উপকূলে বালু উত্তোলন বন্ধে এর আগে প্রশাসনিক অভিযান পরিচালিত হয়েছে। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সৈয়দপুর, কুমিরা, বাঁশবাড়িয়া, বারআউলিয়া ও গুলিয়াখালিসহ কয়েকটি এলাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ড্রেজার জব্দ করা হয় এবং ১৩ জনকে আটক করা হয়েছিল।

অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন এবং সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জোর দাবি করেছেন, সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে উপকূলে অনুমোদনের নামে চলা বালু বাণিজ্য অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কারিগরি মূল্যায়নের মাধ্যমে উপকূলরক্ষা বেড়িবাঁধ, বসতভিটা ও কৃষিজমির দীর্ঘমেয়াদি নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%