ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদগঞ্জে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণে অর্ধশতাধিক খামারি


ফরিদগঞ্জে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণে অর্ধশতাধিক খামারি

মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নেওয়া অর্ধশতাধিক মৎস্যচাষী আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের নানা কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় অগ্রগামী মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন। মৎস্য খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

কর্মশালায় ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের অফিসার (সেলস) জয়ন্ত কুমার সাহার সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. আরাফাত হোসেন গালিব। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের সঠিক ব্যবহার, এয়ারেটর পরিচালনা, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি অংশগ্রহণকারী চাষীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগও রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালার সমапনী পর্বে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও চাঁদপুর জেলায় এ ধরনের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব

রাজশাহীর পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক নতুন প্রভাত-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের নেতা সোহেল মাহবুবকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাজশাহী প্রেসক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে সত্য ও সাহসী বক্তব্য দেওয়ায় একটি চিহ্নিত কুচক্রী মহল তার বিরুদ্ধে এই অপপ্রচার ও হুমকি শুরু করেছে।
জানা যায়, গত ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক, বিশিষ্ট কলামিস্ট, সমাজসেবক এবং অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় সোহেল মাহবুব একজন সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে স্বাধীন দেশে সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজশাহী প্রেসক্লাবের বর্তমান চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। তার সেই বক্তব্য কতিপয় অসাধু, গণ্ডমূর্খ ও নামধারী সাংবাদিকদের স্বার্থে আঘাত হানলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে, এই অসাধু চক্রটি, যাদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, নারী ব্যবসা ও মাদক কারবারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ফেক আইডি এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সোহেল মাহবুবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও হুমকিস্বরূপ পোস্ট দিচ্ছে। এই ঘটনায় রাজশাহীর মূলধারার সাংবাদিক সমাজ এবং এডিটরস ফোরামের নেতাদের মধ্যে চরম অসন্তোষ ও অস্বস্তি বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর একাধিক প্রবীণ সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই নোংরামির শেষ কোথায়? সাংবাদিকতার লেবাস পরে যারা মাদক ও নারী ব্যবসায় জড়িত, তাদের দাপটে আজ পেশাদার সাংবাদিকরা কোণঠাসা। আমরা অবিলম্বে রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের প্রকৃত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা যাচাই করে এই ভুঁইফোড় ও অপরাধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব বলেন, আমি সত্য বলতে দ্বিধা করি না। সত্য কথা বলার কারণে যদি কোনো বিপদ আসে, তবে আমি তা হাসিমুখে বরণ করতে প্রস্তুত। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে বা অপরাধীদের সাথে আপস করে আমি কারো প্রিয় হতে চাই না।
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে, তাদের অতীত রেকর্ড এবং বর্তমান কর্মকাণ্ড পুলিশ প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এই অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, একজন জ্যেষ্ঠ সংবাদকর্মীর বিরুদ্ধে এমন অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সচেতন মহল এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশবান্ধব কৃষি ও আলুর অধিক ফলনের কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


পরিবেশবান্ধব কৃষি ও আলুর অধিক ফলনের কর্মশালা

আলুর উৎপাদন বাড়ানো, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষির সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ জুন) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে "আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা" অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর বহুমুখী উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতম্য পাল উপস্থিত ছিলেন। এছাড়া ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান এবং চাঁদপুর টেরিটোরির সেলস অফিসার মো. আলমগীর হুসাইনও উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বায়ো পেস্টিসাইডের ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ের কার্যকারিতা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

কর্মশালায় বক্তারা এই বিষয়ে মন্তব্য করেন, আধুনিক উৎপাদন প্রযুক্তি ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সমন্বিত প্রয়োগ কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণে কৃষকদের মধ্যে বায়ো পেস্টিসাইড ব্যবহারের আগ্রহ বৃদ্ধি পাবে এবং ইউনিয়ন পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি চর্চার সুফল ছড়িয়ে পড়বে।

বিশেষজ্ঞদের মতে, বায়ো পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা রক্ষা করা সম্ভব, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আয়োজকরা জানিয়েছেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে, যা দেশের টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে স্বামীর তালাবদ্ধ করে যাওয়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


মাদারীপুরে স্বামীর তালাবদ্ধ করে যাওয়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মাদারীপুরের রাজৈর উপজেলায় সঙ্গিতা (৩৮) নামে এক নারীকে ঘরের বাথরুমে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সঙ্গিতা নামে ওই নারীকে তার স্বামী ঘরের বাথরুমে তালাবদ্ধ করে রেখে যান বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে তিনি ভেতরে আটকা থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর সঙ্গিতাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে তার স্বামী তাকে বাথরুমে তালাবদ্ধ করে রেখে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%