প্রতিবেদক, মোঃ সাকিব (মোহাম্মদপুর) ঢাকা
০৬:৪৩ পি.এম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কিশোরগ্যাংয়ের নেতৃত্ব ও ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট ‘সামুরাই’ নামের এক সদস্যও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-২ এর সূত্র অনুযায়ী, মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। এই প্রেক্ষাপটে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় সক্রিয় কিশোরগ্যাং এবং ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বিশেষ করে, ছিনতাই, পথচারীদের ভয়ভীতি দেখানো, সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটন এবং এলাকায় আধিপত্য বিস্তারের মতো কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
র্যাব-২ আরও জানায়, রাজধানীতে কিশোরগ্যাং ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোরগ্যাং, ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী মন্তব্য করেছেন যে, বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে কাজ করেছে। তিনি বলেন, "দেশকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিগত সরকার। এ কারণে তারা সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে।"
বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা ইতিমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। শনিবার (২৯ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদল আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী আরও বলেন, "আজ যেসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তারাই একসময় ডাক্তার, প্রকৌশলী, মন্ত্রী ও সংসদ সদস্য হয়ে দেশসেবায় কাজ করবে।"
তিনি উল্লেখ করেন, "এরাই হবে আগামীর বাংলাদেশ। তাই আমি আমার জীবনের সবটুকু দিয়ে এসব মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে চাই।"
উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এ মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার ও শিক্ষক ইদ্রিসুর রহমান বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি এস এম জিলানী ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী (ইংরেজি) শিক্ষিকা নিশাত আফিফা (২৮) মটোরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। শনিবার (২৯ আগষ্ট) সকাল ৮ টার দিকে পিরোজপুর বিএড কলেজে ভাইবা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভান্ডারিয়া থেকে মটোরসাইকেলযোগে পিরোজপুর যাওয়ার সময় তার স্বামীর সাথে বের হওয়ার পর এই দুর্ঘটনাটি ঘটে। চৌরাস্তা এলাকায় পৌঁছালে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আফিফা উপজেলার পুরাতন স্টিমারঘাট এলাকার বাসিন্দা মাওঃ মোঃ আব্দুল সবুরের ছেলে বায়জীদ হোসেনের স্ত্রী ছিলেন। তার মৃত্যুর সময় তিন বছরের একটি শিমু সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সময়সূচিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুন সিলেবাসের পত্রকোড ২১২১০৯-এর ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো সময়সূচি দেখে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ হলে তা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার পর শ্বশুর মজিদ মোড়লকে কুড়াল দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ঘটনার পর জামাতা মোজাম্মেল হক, যিনি মুজা সরকার নামেও পরিচিত, থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে কালীগঞ্জ থানায় এসে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন। হত্যাকাণ্ডটি ঘটেছিল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জামালপুর বাজারের ভাঙ্গাড়িপট্টি এলাকায়।
নিহত মজিদ মোড়ল পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত জামাতা মোজাম্মেল হক একই উপজেলার জামালপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে মজিদ মোড়লের মেয়ে শাহানারার সঙ্গে মোজাম্মেলের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, মোজাম্মেল মাদকাশক্ত হয়ে পড়ার পর থেকে যৌতুকের দাবিসহ বিভিন্ন অজুহাতে শাহানারাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। প্রায় ১৫ দিন আগে শাহানারাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে মজিদ মোড়ল কলার ছড়া নিয়ে জামালপুর বাজারে যাচ্ছিলেন। বাজারের ভাঙ্গাড়িপট্টি এলাকায় পৌঁছালে মোজাম্মেল পেছন থেকে এসে কুড়াল দিয়ে তার মাথা ও ঘাড়ে একাধিক কোপ দেন। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত মোজাম্মেল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে আত্মগোপনে চলে যান। তবে শনিবার সকাল ১০টার দিকে তিনি নিজেই কালীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
নিহতের ছেলে মো. লিটন মোড়ল বাদী হয়ে মোজাম্মেলকে একমাত্র আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, পারিবারিক বিরোধ ও যৌতুকের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্ত আসামি থানায় এসে আত্মসমর্পণ করে অপরাধ স্বীকার করেছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ