০৮:০৩ পি.এম
নীলফামারী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছেন অন্যান্য ঠিকাদাররা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন ঠিকাদার মোক্তার হোসেন, প্রবীর গুহ রিন্টু, হাসান ইমাম লিটনসহ আরও অনেকে।
বক্তারা জানান, মেসার্স মৌরী ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার মো. মিঠু শেখ ডিমলা উপজেলার বালাপাড়া উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণকাজে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এন্টারপ্রাইজের পরিবর্তে সাব-ঠিকাদার হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে নির্মাণকাজটি চলমান রয়েছে। কিন্তু কাজ সম্পন্ন না করেই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসে এসে তিনি সম্পূর্ণ বিল দাবি করেন।
আরও পড়ুন: পদত্যাগের গুজব ও এআই ছবি: বিভ্রান্তির নতুন কৌশল
নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলামের কাছে বিল দিতে অস্বীকৃতি জানালে তিনি হামলার শিকার হন। হামলায় নির্বাহী প্রকৌশলীর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিতে হয়। বক্তারা দাবি জানান, ঠিকাদার মিঠু শেখকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, মিঠু শেখ বুধবার সকালে তাঁর কার্যালয়ে আসেন। সেখানে এসে চলমান নির্মাণকাজ অসম্পূর্ণ রেখেই চূড়ান্ত বিল দেওয়ার জন্য তাঁকে হুমকি দেন। তিনি সরকারি বিধিবিধানের কথা উল্লেখ করে জানান, কাজ সম্পন্ন না করে বিল প্রদানের কোনো নিয়ম নেই। হাজেরুল ইসলাম বলেন, মিঠু শেখ তখন বলেন, ‘আপনার নিয়ম আপনার কাছে রাখেন, আমাকে এখনই টাকা দিতে হবে।’ এ কথা বলেই তাঁকে হত্যার উদ্দেশ্যে বাম চোখের নিচে সজোরে ঘুষি মারেন বলে অভিযোগ করেন হাজেরুল ইসলাম।
তিনি আরও জানান, তাঁর চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে তাঁকে মিঠু শেখের হাত থেকে রক্ষা করেন। এ ঘটনায় তিনি নীলফামারী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন