ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

রোনালদো সাত-আট বছর আগেই ফুরিয়ে গেছেন, দাবি সাবেক কোচ টেন হ্যাগের


রোনালদো সাত-আট বছর আগেই ফুরিয়ে গেছেন, দাবি সাবেক কোচ টেন হ্যাগের

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এরিক টেন হ্যাগ। দুইজনের সম্পর্কের অবনতি এতটাই তীব্র হয়েছিল যে, রোনালদো ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগানের অনুষ্ঠানে গিয়ে কোচের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেন। এই সংঘাতের ফলস্বরূপ রোনালদো ওল্ডট্রাফোর্ড ত্যাগ করে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। পরে টেন হ্যাগও ইউনাইটেড ছাড়তে বাধ্য হন।

সময়ের পরিবর্তনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় মাইকেল ক্যারিক। গত মৌসুমে কিছু আশা দেখা গেলেও, চলতি মৌসুমে ক্যারিকের অধীনে রেড ডেভিলরা দুর্বল অবস্থায় রয়েছে। একই সময়ে, ইউনাইটেডে নিজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন টেন হ্যাগ। তিনি রোনালদোকে সমালোচনা করে বলেন, একসঙ্গে কাজ করার সময় রোনালদো পুরোপুরি ফিট ছিলেন না এবং দলের প্রতি তার প্রতিশ্রুতি ছিল কম।

২০২১ সালে জুভেন্টাস ছেড়ে আসার পর রোনালদো মাঠে আগের মতো পারফর্ম করতে পারছিলেন না বলেও মন্তব্য করেছেন ইউনাইটেডের এই ডাচ কোচ। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর শারীরিক সক্ষমতা ধরে রাখতে কঠোর পরিশ্রমের যে পরিচিতি রয়েছে, সেটিও টেন হ্যাগের মতে পুরোপুরি সত্য নয়।

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ ২০২৭ সালে

জুভেন্টাস থেকে ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয়বার যোগ দেন রোনালদো। ওলে গুনার সুলশার ও টেন হ্যাগের অধীনে ৫৪ ম্যাচে ২৭ গোল করেন তিনি। তবে ইউনাইটেডে টেন হ্যাগের দায়িত্বের শেষের দিকে দুজনের সম্পর্কের অবনতি ঘটে। বেশ কয়েকবার রোনালদোকে শুরুর একাদশের বাইরে রাখা হয়।

২০২২ সালের নভেম্বরে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন হাগের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলেছিলেন রোনালদো। তিনি ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সমালোচনা করেন। এরপর ইউনাইটেড রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে।

বর্তমানে ডাচ ক্লাব এফসি টোয়েন্টির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন টেন হ্যাগ। তিনি ইউনাইটেডে কাটানো সময়ের অভিজ্ঞতা নিয়ে ইএসপিএন নেদারল্যান্ডসের ‘গুড মর্নিং এরেডিভিসি’ অনুষ্ঠানে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ হলো দলকে কার্যকরভাবে গড়ে তোলা, সবসময়। প্রত্যেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ এবং জিততে হলে সেরা খেলোয়াড়দের প্রয়োজন। বড় দলগুলোকে তাদের সেরা খেলোয়াড়কে রাখতে হয়। কিন্তু সেই সেরা খেলোয়াড়কেও দলের জন্য কাজ করতে হবে। রোনালদোর ক্ষেত্রে সমস্যা ছিল এখানেই।’

আরও পড়ুন: অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে নিউজিল্যান্ডের জন্য আরও এক দুঃসংবাদ

টেন হ্যাগ আরও বলেন, ‘খেলোয়াড়েরা তার জন্য খেলতে চাইত এবং তাকে অনেক সম্মান করত। এতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। সে নিঃসন্দেহে অসাধারণ একজন খেলোয়াড়, সর্বকালের অন্যতম সেরা। কিন্তু গত সাত-আট বছরে সে আগের মতো পারফর্ম করতে পারছিল না। জুভেন্টাস ছাড়ার সময় থেকেই তার সেই অধ্যায় শেষ হয়ে গিয়েছিল।’

রিয়াল মাদ্রিদের উদাহরণ টেনে টেন হ্যাগ বলেন, কোনো খেলোয়াড়ের পারফরম্যান্সের অবনতি শুরু হলে কখন বিদায় জানাতে হয়, সেটি স্প্যানিশ ক্লাবটি ভালোভাবে জানে। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের বড় কৃতিত্ব হলো, তারা সবসময় সঠিক সময়ে খেলোয়াড়দের বিদায় জানাতে পারে। তারা বুঝতে পারে কখন একজন খেলোয়াড়ের মান কমতে শুরু করেছে। বাইরের মানুষের কাছে যখন সেই খেলোয়াড়কে এখনো নিজের সেরা সময়ে মনে হয়, তখনই তারা বিদায় জানায়। কিন্তু বাস্তবে সে আর আগের মতো পারফর্ম করতে পারে না।’

৩৬ বছর বয়সে প্রিমিয়ার লিগে ফেরার পর রোনালদো প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের ওপর চাপ তৈরি করতে না পারায় সমালোচিত হন। তবে টেন হ্যাগ তার বয়সকে শারীরিক সক্ষমতা কমে যাওয়ার একমাত্র কারণ হিসেবে দেখছেন না। বরং তিনি দাবি করেন, রোনালদো ব্যথা উপেক্ষা করে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছিলেন।

টেন হ্যাগ বলেন, ‘আমি স্বাভাবিকভাবেই তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলাম। দায়িত্ব নেওয়ার আগে তার সঙ্গে কথা বলেছিলাম। আমরা কীভাবে খেলব, সেখানে তার ভূমিকা কী হবে, তার কাছ থেকে আমার প্রত্যাশা কী এবং আমার ও দলের কাছ থেকে সে কী আশা করতে পারে; সবকিছুই ব্যাখ্যা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত নিজের দায়িত্বটাও পালন করতে হয়। আর সে নিজেকে আর সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে পারছিল না।’

আরও পড়ুন: উয়েফার চাপের মুখে বিশ্বকাপের স্বত্ব বিক্রির নথি দেখাতে রাজি ফিফা

তিনি আরও বলেন, ‘আগেই বলেছি, ব্যথা উপেক্ষা করে নিজেকে নিংড়ে দেওয়া, প্রতিদিন সর্বোচ্চ পরিশ্রম করা এবং ফিট থাকার জন্য সর্বোচ্চ পর্যায়ে অনুশীলন করার মানসিকতা তার আর ছিল না। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ কিংবা পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলতে হলে ফিট না থাকলে আপনার কোনো সুযোগ নেই।’

রোনালদোর ফিটনেস ধরে রাখার প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন করা হলে টেন হ্যাগ বলেন, ‘বিষয়টি পুরোপুরি সত্য নয়, তবে মানুষের মধ্যে এমন ধারণাই রয়েছে। আর এভাবেই সে এত ভালো খেলোয়াড় হয়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে আর সেই পরিশ্রমটা করতে পারছিল না।’

‘আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে প্রিমিয়ার লিগের বাস্তবতা আপনাকে ছাড় দেবে না। তখন আপনি আর প্রতিপক্ষের সঙ্গে তাল মেলাতে পারবেন না, বক্সে পৌঁছাতে পারবেন না। সুযোগ পেলে সে এখনো ফিনিশিং করতে পারে, সেটা দেখা যায়। কিন্তু প্রিমিয়ার লিগের শারীরিক সক্ষমতা ও খেলার তীব্রতার সঙ্গে তাল মেলানো তার পক্ষে আর সম্ভব ছিল না। এর জন্য ফিট থাকা প্রয়োজন,’–টেন হ্যাগ যোগ করেন।

রোনালদো গোল করার পর কখনো তাকে নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে টেন হ্যাগ বলেন, ‘সেটা ঘটেনি। ব্যক্তিগত কিছু কারণে সে অনেক দেরিতে দলে যোগ দিয়েছিল। তত দিনে মৌসুম শুরু হয়ে গিয়েছিল এবং শুরু থেকেই সবকিছু ভুল পথে এগোতে থাকে। সে ফিট ছিল না এবং নিজের সেরাটা দিতে পারছিল না।’

আরও পড়ুন: নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

তবে রোনালদোর সামগ্রিক ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেছেন টেন হ্যাগ। তার মতে, ফুটবলে রোনালদোর অবদান অনেক। তবে ওল্ড ট্রাফোর্ডে দলের স্বার্থে তাকে নিয়ে কঠোর ও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

গত অক্টোবরে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠ ছাড়ার ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করে। পাশাপাশি তাকে ২৫৫ ইউরো জরিমানাও করা হয়। তবে ভবিষ্যতে পর্তুগালের হয়ে খেলার জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে টেন হ্যাগও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘কোনো খেলোয়াড়ই ক্লাব বা দেশের চেয়ে বড় নয়। ক্রিশ্চিয়ানো রোনালদোও নয়, লিওনেল মেসিও নয়। শেষ পর্যন্ত দলই সবার আগে। প্রতিটি বড় দলকে তার সেরা খেলোয়াড়কে আপন করে নিতে হবে। কিন্তু সেই সেরা খেলোয়াড়কেও দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। সে যদি তা না করে, তাহলে সাফল্য আসতে পারে না, কখনোই আসবে না। তখন সবকিছু থেমে যায়।’

মেসির উদাহরণ টেনে টেন হ্যাগ বলেন, ‘আর্জেন্টিনার হয়ে মেসি যেভাবে খেলেছে, সেটিও ছিল অসাধারণ দেখার মতো। তবে এর জন্য মেসিকেও অনেক কিছু দিতে হয়েছে। শেষ পর্যন্ত সবাই তার সঙ্গে মানিয়ে নিয়েছে, সবাই তার জন্য কাজ করেছে। কিন্তু মেসিও দলকে বিশাল কিছু ফিরিয়ে দিয়েছে।’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের জন্য ব্যালন ডি’অরও ছাড়তে রাজি কেইন

গত মাসে দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারেও রোনালদোর সঙ্গে নিজের টানাপোড়েনের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন টেন হ্যাগ।

ইউনাইটেড ছাড়ার পর দুই বছর সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ইএসপিএনকে তিনি বলেন, ‘সাক্ষাৎকার দেওয়ার অনুমতি ছিল, তবে ক্লাবের ক্ষতি হয় এমন কিছু বলা যাবে না। যদিও আমি এমনিতেও কখনো তা করতাম না, সেটা বলাই বাহুল্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক হলেন নাজমুল আবেদীন ফাহিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আহ্বায়ক হলেন নাজমুল আবেদীন ফাহিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ক্রীড়া উইং হিসেবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ) আত্মপ্রকাশ করেছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির উদ্বোধন করা হয়।

ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ছয় মাসের জন্য ‘ন্যাশনাল স্পোর্টস আ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটির উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং আহনাফ সাঈদ খান রয়েছেন।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, জহির রায়হান, খালেক শিকদার এবং মো. আব্দুল মোনায়েম দায়িত্ব পালন করছেন।

কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে মাহমুদুল হাসান রাকিব, আবু বক্কর সিদ্দিক সুমন, আব্দুল্লাহ আল মামুন, সাদিয়া ফাইরোজ, মো. রাকিব হোসেন, নাঈম হাওলাদার এবং জিনিয়া শারমিন রিয়া দায়িত্ব পালন করছেন।

কমিটির সাংগঠনিক সম্পাদক আরমানুল ইসলাম নয়ন। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন আকিব জাবেদ মুন্না, মনির হোসেন, ফাহাদ আহমেদ রকি, মো. একরামুল হক (রনি), মোহাম্মদ আরিফুল ইসলা, আরাফাত জোয়াদ্দার, মাঈনউদ্দিন মো. সাকিব, শাহরিয়ার খান, রুমি আক্তার মুনি, তাহিরুম লুফা এমেরা, শাহাব উদ্দিন বাবলু, ইমরান হোসেন (ইমন), তালহা জোবাইর, আদিফুর রহমান, মো. হাসান (নূরজামাল), সালেহ আহমেদ শাকিল, শফিকুল ইসলাম রানা খান, মো. আল ইমরান, আল ইমন হোসেন আহমেদ, মো. আশিকুজ্জামান, সৈয়দ মোর্শেদ আনোয়ার, মো. মেহেদী হাসান, মো. সাবরিন আবিদ, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল জাবেদ, আবু নাইম এবং মো. সাকিব মিয়াজি।

সংগঠক হিসেবে আরও রয়েছেন মুহাম্মদ হোসাইন, মো. আলী রাজা, মো. নাজির হোসেন, সাবের সালেহ চৌধুরী, সাইদুল হাসান, আলমা জাহান ইমা, আব্দুল মুহাইমিন চোধুরী (সাদমান), মো. খাইরুল ইসলাম ইমরুল এবং আকিবুল হাসান ভূঁইয়া।

কমিটির সদস্যদের মধ্যে মোহাম্মাদ ওমর ফারুক যুবরাজ, সোয়াদ মাহমুদ লিওন, মাহফুজ কাউসার সাদি আমজাদ হোসেন, নাসিমুর সাকিব, অনিক হাসান লিমন, মো. ফারহান তানভীর ফাহিম, মো. জাহিদুল সর্দার জনি, আসাদুল্লাহ নোমান, কিবরিয়া সরোয়ার, এ কে এম জিয়া উদ্দীন রনি, মাহফুজুল ইসলাম ভূঁইয়া (হৃদয়), এনায়েত হোসেন, শরিফুল বারি লিমন, সাজেদুল হক হৃদয়, মাশেক আহমেদ, মো. নাজমুল হক, মো. ফয়সাল, বশির আহম্মেদ অপু, মোহাম্মদ সেকান্দর আলী, আব্দুল্লাহ আল মারুফ, সফির উদ্দিন, তানভীর মো. মিফতাহুল হক, মো সুমন হোসেন, আশিকুর রহমান চৌধুরী, সিমরান হাসান সৌরভ, মো. রাইসুল ইসলাম এবং ইনজামুল হক অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন সাফাত খান, মো. রমজান শেখ, চৌধুরী মো. ফারদিন হায়াত, মো. জাহিরুল ইসলাম ফারাজি, মো. সাজেদুল ইসলাম, আব্দুল মোহাইমিন চৌধুরি, আদিবা সিদ্দিকা প্রিয়তি, মো. আরিফ হোসেন, ওমর ফারুক, কামরান আহমেদ, মো. আব্দুল মুহিত, ফারহান তাশরীফ (সিয়াম), খাইরু নেছা পান্না, মো. আব্দুল্লাহ জোবায়ের, রফিকুল ইসলাম সুজন, এম এইচ তানভীর, আলিফ মোহাম্মদ এবং আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংগীতশিল্পী আসিফ আকবর উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সেবক হতে চান ধীতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোকসেদুল ইসলাম ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


জনগণের সেবক হতে চান ধীতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোকসেদুল ইসলাম ইকবাল

শাসক নয়,একজন জনসেবক হিসেবে কাজ করে এলাকাবাসীর পাশে থাকতে চান ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, তরুণ প্রজন্মের পরিচিত মুখ ও স্বেচ্ছাসেবক দল নেতা মোকসেদুল ইসলাম ইকবাল। একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত,আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি প্রাইম টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ধীতপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন মোকসেদুল ইসলাম ইকবাল। তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য ক্ষমতা ভোগ করা নয়; বরং জনগণের সেবা করা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা।

তিনি আরও জানান,ধীতপুর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চান। ইউনিয়নের রাস্তাঘাট,শিক্ষা,স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় রয়েছে তাঁর। একই সঙ্গে মাদক, দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার কথাও জানান তিনি।

দীর্ঘ দেড় যুগের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির একাধিক আগ্রহী নেতা মাঠে সক্রিয় হয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মোকসেদুল ইসলাম ইকবাল বলেন, দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং কঠিন সময়ে দলের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাঁরা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের আবেগ ও আস্থার জায়গা।

তিনি মনে করেন,প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় কিংবা প্রভাবের চেয়ে রাজনৈতিক ত্যাগ,সাংগঠনিক অবদান,জনসম্পৃক্ততা,জনপ্রিয়তা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। যোগ্যতাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে প্রার্থী বাছাই করা হলে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল আরও বৃদ্ধি পাবে এবং দলের অভ্যন্তরীণ ঐক্য ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় হবে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এই চেয়ারম্যান প্রার্থী বলেন,ধীতপুর ইউনিয়নের মানুষের ভাগ্যোন্নয়ন এবং একটি পরিকল্পিত, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন,জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করে ইউনিয়ন পরিষদকে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চান। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি সেবা সহজলভ্য করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার।

মোকসেদুল ইসলাম ইকবালের ভাষ্য, তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নবাসীর মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। তরুণদের কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা,মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সবশেষে ধীতপুর ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ, দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এই চেয়ারম্যান প্রার্থী। তাঁর প্রত্যাশা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধীতপুর ইউনিয়নকে উন্নয়ন ও জনকল্যাণের একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে অমিত শাহের বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে অমিত শাহের বিস্ফোরক মন্তব্য

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কংগ্রেসের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতা করার জন্য তীব্র সমালোচনা করেছেন। অমিত শাহ অভিযোগ করেছেন যে, কংগ্রেস অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই এসআইআরের বিরোধিতা করছে।

সোমবার হায়দরাবাদে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ এসব কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণে কংগ্রেস নির্বাচনে পরাজিত হচ্ছে বলে দাবি করলে, যেসব রাজ্যে তারা ক্ষমতার বাইরে রয়েছে, সেখানে কেন তারা সরকার গঠন করতে পারছে না?

অমিত শাহ বলেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায়। তিনি উল্লেখ করেন যে, অনুপ্রবেশকারীরাই কংগ্রেসের ভোটের প্রধান ভরসা। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে। তিনি অভিযোগ করেন যে, ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার উদ্যোগ বাধাগ্রস্ত করতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে।

রাহুল গান্ধীর ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবিও অমিত শাহ নাকচ করেন। তার দাবি, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ মানুষ অন্যত্র চলে গেছেন এবং প্রায় ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।

এ প্রসঙ্গে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা অন্য এলাকায় চলে গেছেন, তাদের কি একাধিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যারা মারা গেছেন, তাদের নাম কি ভোটার তালিকায় রেখে দেওয়া প্রয়োজন? মৃত ব্যক্তিদের হয়ে শেষ পর্যন্ত কারা ভোট দেবেন?

এদিকে, তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্যের সম্পদকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএম’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এছাড়া, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) সাবেক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ওই সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতি হয়েছিল।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে দৃঢ়প্রতিজ্ঞ: ড. মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


সরকার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে দৃঢ়প্রতিজ্ঞ: ড. মারুফ

বিএনপি নেতা ড. খন্দকার মারুফ মন্তব্য করেছেন যে, সরকার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয়, তাহলে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

সোমবার (২ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ বলেন, "গণতন্ত্রের প্রথম পাঠশালা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন।" তিনি সতর্ক করেন যে, যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভিত্তি দুর্বল হয়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে দেশের উন্নয়ন ও জনগণের অগ্রগতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জাতীয় সংসদ ও স্থানীয় সরকারসহ কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে একদলীয় নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে। এইভাবে তারা ১৭ বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল। তিনি বলেন, "ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে পালিয়ে গেছেন।"

স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরে ড. খন্দকার মারুফ বলেন, রাষ্ট্র পরিচালনা এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের পক্ষে দেশের প্রতিটি অঞ্চলের পৃথক সমস্যা সমাধান করা সম্ভব নয়। স্থানীয় সরকার স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করতে সক্ষম।

তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট নির্মাণ, স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক কাজগুলো সম্পন্ন করেন। স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি করে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় পর্যায় থেকেই রাজনৈতিক সচেতনতা, ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গড়ে ওঠে।

আসন্ন ইউপি নির্বাচনে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য চেয়ারম্যান ও সদস্য পদে সৎ, মেধাবী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রার্থী বাছাই কার্যক্রমের প্রথম দিন রোববার দাউদকান্দি উপজেলা সদরের মারুফ ভিলায় এবং দ্বিতীয় দিন সোমবার গৌরীপুরে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে বিশেষ সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম। এ সময় বিএনপি নেতা ভিপি জাহাঙ্গীর আলম ও যুবদল নেতা রোমান খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%