১২:৫৪ পি.এম
রাজধানীর বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার কারণে ১৫ জনসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানার পুলিশ। জুয়ার আসর থেকে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দেন।
বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে বংশাল থানার একটি বাসায় অভিযানে গিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, এছাড়াও পৃথক অভিযানে সোহেল রানা (৩২) ও ইকরামুল হক ওরফে ইমরান (২৭) আটক হন। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার জন্য ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে সোহেল রানা, ইকরামুল হক ওরফে ইমরান, ফয়সাল আহমেদ, পাপন, কালাম, মোক্তার হেসেন, ফারুখ, নূর হোসেন, মনির হোসেন, রুবেল হোসেন, টিটু, আব্দুল মতিন, বাহার, শুভ, মামুনুর রহমান জাবেদ, আব্দুর রহিম ও ফয়সাল রয়েছেন।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন