ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

লন্ডনে বাড়ির দামে ধস! চার এলাকায় ১০ শতাংশের বেশি কমেছে


লন্ডনে বাড়ির দামে ধস! চার এলাকায় ১০ শতাংশের বেশি কমেছে

লন্ডনের ২০টি প্রশাসনিক এলাকায় গত এক বছরে বাড়ির দাম কমার ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি এলাকায় গড় বাড়ির দাম ১০ শতাংশের বেশি কমেছে। সবচেয়ে বড় পতন লক্ষ্য করা গেছে ওয়েস্টমিনস্টারে, যেখানে এক বছরে গড় বাড়ির দাম ২০ দশমিক ৭ শতাংশ কমেছে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে ওয়েস্টমিনস্টারে একটি বাড়ির গড় দাম ছিল ১১ লাখ ৬ হাজার পাউন্ড। চলতি বছরের জুলাই মাসে তা কমে ৮ লাখ ৭৭ হাজার পাউন্ডে পৌঁছেছে।

লন্ডনের কেন্দ্রীয় এই প্রশাসনিক এলাকায় বাড়ির দামের পতন আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। জুন পর্যন্ত এক বছরের হিসাবে সেখানে বাড়ির দাম কমেছিল প্রায় ২৫ শতাংশ।

আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

১০ শতাংশের বেশি পতন হয়েছে অন্য তিনটি এলাকায়ও। টাওয়ার হ্যামলেটসে চলতি বছরের জুলাই মাসে বাড়ির গড় দাম ছিল ৪ লাখ ৪৮ হাজার পাউন্ড। এক বছর আগে একই সময়ে তা ছিল ৫ লাখ ২৩ হাজার পাউন্ড, অর্থাৎ এক বছরে দাম কমেছে ১৪ দশমিক ৪ শতাংশ।

কেনসিংটন অ্যান্ড চেলসিতে বাড়ির গড় দাম ১৪ দশমিক ১ শতাংশ কমেছে। সেখানে দাম ১৪ লাখ ৩৫ হাজার পাউন্ড থেকে কমে ১২ লাখ ৩৩ হাজার পাউন্ড হয়েছে। ক্যামডেনে কমেছে ১০ দশমিক ১ শতাংশ—৯ লাখ ৭ হাজার পাউন্ড থেকে ৮ লাখ ১৫ হাজার পাউন্ডে।

এছাড়া, হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহ্যামে বাড়ির দাম ৯ শতাংশ কমেছে। ল্যামবেথে ৬ দশমিক ৩ শতাংশ, ওয়ান্ডসওয়ার্থে ৫ দশমিক ৫ শতাংশ, নিউহ্যামে ৫ শতাংশ এবং বার্নেটে ৪ দশমিক ৯ শতাংশ কমেছে।

তবে লন্ডনের সব প্রশাসনিক এলাকায় বাড়ির দাম কমেনি। ১১টি এলাকায় গড় বাড়ির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামে-৫ দশমিক ৩ শতাংশ। সেখানে বাড়ির গড় দাম ৩ লাখ ৫৭ হাজার পাউন্ড থেকে বেড়ে ৩ লাখ ৭৬ হাজার পাউন্ড হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের জনগণের সঙ্গে বিরোধ নেই, নীতি নিয়ে যুক্তরাজ্যের আপত্তি

বাড়ির দাম কমলেও বেড়েছে ভাড়া

বাড়ির দাম কমলেও লন্ডনের প্রায় সব প্রশাসনিক এলাকায় ভাড়া বেড়েছে। আগস্ট পর্যন্ত এক বছরে ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে ইস্লিংটনে-৬ দশমিক ২ শতাংশ। গ্রিনউইচে বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। সাউথওয়ার্ক ও মার্টনে বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ করে। এনফিল্ডে ভাড়া বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ।

পুরো লন্ডনের হিসাবে, জুলাই পর্যন্ত এক বছরে বাড়ির গড় দাম কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে আগস্ট পর্যন্ত ১২ মাসে গড় ভাড়া বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।

ভাড়া বাড়ার পেছনে বাড়িওয়ালাদের কেউ কেউ রেন্টার্স রাইটস অ্যাক্টের কারণে বাড়তি ব্যয়কে দায়ী করছেন।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

সুদের হার অপরিবর্তিত, বাড়ছে বন্ধকি ঋণের খরচ

বাড়ির দামে এই পতনের মধ্যে অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বেড়েছে- এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রানীতি কমিটি সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নির্দিষ্ট সুদের হারের বন্ধকি ঋণের হার বেড়েছে। লন্ডনের বাড়ির মালিকদের সতর্ক করে বলা হয়েছে, চলতি বছর ও ২০২৭ সালে সুদের হার চারবার বাড়লে তাঁদের বার্ষিক বন্ধকি ঋণের খরচ ২ হাজার ৬০০ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।

এলঅ্যান্ডসি মর্টগেজেসের সহযোগী পরিচালক ডেভিড হলিংওর্থ বলেন, মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে—এমন ইঙ্গিতের প্রতি বাজার এখন আরও সংবেদনশীল হয়ে উঠছে। চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দামও এতে প্রভাব ফেলছে।

আরও পড়ুন: সৌদিতে আরামকো তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ২

তিনি বলেন, এর ফলে বাড়ির মালিকদের কয়েক মাস আগের তুলনায় বেশি বন্ধকি ঋণের সুদ এবং তুলনামূলক প্রতিকূল ঋণবাজারের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।

অন্যদিকে লন্ডনভিত্তিক আবাসন প্রতিষ্ঠান অ্যান্টনি রবার্টসের বিক্রয় বিভাগের প্রধান অ্যামি রেনল্ডস বলেন, ভাড়ার বাজারে বাড়ির সরবরাহ এখনো সীমিত। বাড়িওয়ালারা বাজার ছাড়তে থাকায় ভালো বাসার জন্য ভাড়াটিয়াদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তাঁর মতে, শরৎকালেও পরিস্থিতির বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে লন্ডনের ১০ লাখের বেশি বাসিন্দার কাউন্সিল ট্যাক্সও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ওয়েস্টমিনস্টার ও ওয়ান্ডসওয়ার্থসহ কয়েকটি প্রশাসনিক এলাকার জন্য কেন্দ্রীয় সরকারের অর্থায়ন কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এমএসএন অবলম্বনে

আরও পড়ুন: সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈর্ষার জায়গা নিল মুগ্ধতা, হলেন টাবুর অনুরাগী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


ঈর্ষার জায়গা নিল মুগ্ধতা, হলেন টাবুর অনুরাগী

বলিউড বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সহকর্মীদের প্রতি অকপটে প্রশংসা করা কিংবা নিজের মনের ঈর্ষা প্রকাশ করা খুব কম অভিনেতার পক্ষেই সম্ভব। তবে অভিনেত্রী সোনালী কুলকার্নি এই ক্ষেত্রে ব্যতিক্রম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি খুব সহজ ও মজার ছলে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অনুভূতির কথা শেয়ার করেছেন, যিনি ‘দিল চাহতা হ্যায়’ ছবির জন্য পরিচিত।

সোনালী জানান, ১৯৯৭ সালে যখন অভিনেত্রী টাবু ১৯৯৬ সালের ‘মাচিস’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, তখন তিনি বেশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার সেই অনুভূতিটা পুরোপুরি ঈর্ষা থেকেই এসেছিল। আমি সত্যিই একটি জাতীয় পুরস্কার পেতে চেয়েছিলাম, কারণ সেখান থেকেই প্রকৃত সাফল্যের যাত্রা শুরু হয়।”

পরবর্তীতে ২০০২ সালে ৪৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মারাঠি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘চৈত্র’-র জন্য বিশেষ জুরি পুরস্কার লাভ করেন সোনালী। তবে তিনি জানান, তার আসল লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা আরো অনেক উঁচুতে। তিনি বলেন, “আমার এখনো অনেক পথ চলা বাকি। দেশকে নিজের অভিনয়ের মাধ্যমে গর্বিত করতে চাই। আর সে কারণেই তখন টাবুর অভিনয় দেখতে গিয়েছিলাম।”

টাবুর সঙ্গে নিজের প্রথম দেখার একটি বিরল স্মৃতি শেয়ার করেন সোনালী। সোনালী তখন ‘মিশন কাশ্মীর’ ছবির শুটিং করছিলেন এবং টাবু শুটিং করছিলেন ‘চাঁদনি বার’-এর। মুম্বাইয়ের ফিল্ম সিটির সিঁড়িতে দাঁড়িয়ে টাবুর জন্য অপেক্ষা করার কথা স্মরণ করে সোনালী বলেন, “তাকে দেখতে রাজহাঁসের মতো লাগছিল। আমি একজন ভক্ত হিসেবে গিয়ে নিজের পরিচয় দিই এবং তার প্রশংসায় পঞ্চমুখ হই। টাবু খুব ধৈর্য ধরে আমার কথা শোনেন এবং ধন্যবাদ জানান। ওই ঘটনাটি আমাকে উপলব্ধি করিয়েছিল যে এত বড় তারকারাও আসলে কত সাধারণ ও মানবিক।”

শুধু টাবু নন, ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কাটানো একটি মিষ্টি মুহূর্তের কথাও জানান সোনালী। এক দীপাবলির দিনে ঐশ্বরিয়ার পোশাকের প্রশংসা করতেই ঐশ্বরিয়া অত্যন্ত আনন্দের সঙ্গে জানান যে পোশাকটি তার নিজেরই ডিজাইন করা। সহকর্মীদের এই ধরনের আচরণ সোনালীকে বারবার মুগ্ধ করেছে।

উল্লেখ্য, বহু ভাষায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখা সোনালী কুলকার্নিকে খুব শিগগিরই দেখা যাবে তেলেগু সিনেমা ‘দ্য প্যারাডাইস’-এ, যেখানে তার সঙ্গে রয়েছেন অভিনেতা নানি। আগামী ২৪ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


বিএনপি সরকারে থাকলেই নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় গুরুত্ব দিয়েছে : রিজভী

বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তখন নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিএনপি বিশেষ গুরুত্ব দিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী উল্লেখ করেন, নারীদের শিক্ষিত করে গড়ে তোলা হলে এর সুফল শুধুমাত্র পরিবারেই সীমাবদ্ধ থাকে না; বরং সমাজ ও রাষ্ট্রও এর সুফল লাভ করে। নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি পরিবারকে যেমন উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব, তেমনি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতেও ভূমিকা রাখা যায়।

তিনি বলেন, বিএনপি নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য স্নাতক (অনার্স) পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব অপরিসীম। শিক্ষাকে অবহেলা করা হলে কোনো জাতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। অথচ গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।

তিনি জানান, একসময় শিক্ষার গুরুত্বকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পুরো জাতির ওপর পড়েছে।

রিজভী অভিযোগ করেন, অনেক সময় প্রশ্নপত্রে শুধু প্রশ্ন লেখা হয়েছে। শিক্ষার মান নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি ক্ষমতাশালী জায়গা থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করানোর জন্য চাপ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলার ফলে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির বিভিন্ন শাখায় প্রতিযোগিতা করতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। কিন্তু দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পরিচালনা করা হয়েছে, যাতে প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাধাগ্রস্ত হয়। ‘আমাদের নিষ্ক্রিয় করার জন্য ব্যবস্থা করা হয়েছিল’ বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো, প্রযুক্তিগত সরঞ্জাম ও জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষা একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। কোনো জাতি শিক্ষার যথাযথ সুযোগ ও প্রণোদনা ছাড়া এগিয়ে যেতে পারে না। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষায় বিনিয়োগ ও প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য বিনিয়োগ ও প্রণোদনা প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তি ও শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার বিকল্প নেই।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১১টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। হার্ডকপি জমা দেওয়ার জন্য শেষ সময় ৫ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: রেজিস্ট্রার

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

২. পদের নাম: পরিচালক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৩. পদের নাম: পরিচালক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

৪. পদের নাম: পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার)

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৭) ২৯,০০০-৬৩,৪১০ টাকা

৫. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৬. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের নিয়ম

আবেদন করতে হবে jobs.cstu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

হার্ড কপি ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে।

ঠিকানা: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।

আবেদন ফি

১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা; ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা। সার্ভিস চার্জ প্রযোজ্য।

নির্দেশনা

২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, তাদের পুনরায় আবেদন করতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওটিটিতে মুক্তি পেল জয়ার ‘আজও অর্ধাঙ্গিণী’ সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


ওটিটিতে মুক্তি পেল জয়ার ‘আজও অর্ধাঙ্গিণী’ সিনেমা

প্রেক্ষাগৃহে টানা ৭৫ দিন প্রদর্শনের পর এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। শুক্রবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। ফলে বাংলাদেশের দর্শকদের জন্যও এই আলোচিত সিনেমাটি দেখা সম্ভব হলো।

নির্মাতা কৌশিক গাঙ্গুলী পশ্চিমবঙ্গের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন। পোস্টারটি তাঁর সর্বশেষ সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’র। গত ১০ জুলাই মুক্তির পর সিনেমাটি ৭৫ দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। প্রযোজনা সংস্থার মতে, এটি ‘ব্লকবাস্টার হিট’ হিসেবে চিহ্নিত হয়েছে।

মুক্তির পর থেকেই ‘আজও অর্ধাঙ্গিণী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। কৌশিক গাঙ্গুলীর পোস্টের নিচে সিনেমাটি নিয়ে অনেক দর্শক মন্তব্য করেছেন। অরিন্দম চ্যাটার্জি নামের এক দর্শক লিখেছেন, ‘কোনো সিনেমার পার্ট টু যে এত ভালো হতে পারে, আমার জীবনে সেটা প্রথমবার অভিজ্ঞতা হলো। অসাধারণ সিনেমা, প্রত্যেকেরই দেখা উচিত।’

‘অর্ধাঙ্গিণী’র সাফল্যের পর ‘আজও অর্ধাঙ্গিণী’র সাফল্য নিয়েও উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় সিক্যুয়াল ভাগ্যটাই আমার বোধ হয় ভালো। কারণ “বিজয়া”, “বিসর্জন”-এর পর “অর্ধাঙ্গিণী” থেকে “আজও অর্ধাঙ্গিণী”...মজা করে বললাম আর কী। সত্যি বলতে ভালো গল্প হলে, ভালো কনটেন্ট হলে দর্শক দেখতে আসেন। আমরা যে বলি দর্শক হলে যায় না, সেটা কি ঠিক? প্রমাণ হচ্ছে “আজও অর্ধাঙ্গিণী”। যে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা সংলাপে মানুষ হাততালি দিচ্ছে, নিজেকে রিলেট করতে পারছে, আবেগপ্রবণ হচ্ছে...এটা দেখে আমি সত্যিই খুশি।’

সিনেমাটির সাফল্য নিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘আমি খুবই খুশি। কারণ, এমন একটি কাজ করতে পেরেছি, যেটা আসলে সমাজের মানুষের দৈনন্দিন সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। মানুষ এখনো সিনেমাটি দেখছে, কথা বলছে; এটাই তো সবচেয়ে বড় পাওয়া, তাই না?’

এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়াল। আগের কিস্তির মতো এই সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%