০২:৪৫ পি.এম
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুতে এক পরিচালকের দ্বারা অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। অভিনেত্রীর দাবি, এক রাতে মদ্যপ অবস্থায় ওই পরিচালক তার কক্ষের দরজায় ক্রমাগত ধাক্কা দিতে শুরু করেন। এমনকি তিনি আশঙ্কা করেছিলেন যে, দরজা ভেঙে ফেলতে পারেন।
সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এ সহপ্রতিযোগীদের সঙ্গে আলাপকালে স্বরা সেই অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেত্রীর মতে, ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পরপরই ঘটনাটি ঘটে। তখন তার বয়স বিশের কোঠায় ছিল। একটি ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য টানা ৫৬ দিন শুটিং করার পরিকল্পনা ছিল তার।
স্বরা জানান, ওই ছবির পরিচালক প্রথমে তাকে বলেছিলেন, পরিচালকদের অভিনয়শিল্পীদের ভালোবাসা প্রয়োজন। এরপর অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিচালকের আচরণ তার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
একপর্যায়ে পরিচালক স্বরাকে একান্তে রোমান্টিক দৃশ্যের মহড়া দেওয়ার প্রস্তাব দেন। মহড়ার সময় কারা উপস্থিত থাকবেন, জানতে চাইলে পরিচালক জানান, সেখানে শুধু তারা দুজনই থাকবেন। তবে এতে আপত্তি জানান স্বরা। তার মতে, এমন মহড়ায় সহ-অভিনেতা ও ক্যামেরা বিভাগের সদস্যদের উপস্থিত থাকা উচিত।
অভিনেত্রী আরও জানান, তারা যে অতিথিশালায় অবস্থান করছিলেন, সেখানে একমাত্র নারী ছিলেন তিনি। পরে পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান। পরিস্থিতি আতঙ্কিত হয়ে তিনি যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যান।
কিন্তু এরপরও স্বস্তি পাননি অভিনেত্রী। তার দাবি, রাতে মদ্যপ অবস্থায় পরিচালক তার কক্ষের দরজায় বারবার ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা ভেঙে ফেলা হতে পারে বলে তিনি ভয় পান।
স্বরা জানান, একসময় দরজা খুললে টলতে টলতে দাঁড়িয়ে থাকা পরিচালক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। অভিনেত্রী সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু এরপরও পরিচালক বারবার একই আবদার করতে থাকেন।
আরও পড়ুন: তানজিন তিশার ক্ষোভ, ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপটে প্রশ্ন তুললেন
স্বরা বলেন, তিনি পরিচালককে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার আচরণে তিনি ভয় পাচ্ছেন। তবে ছবির পরিচালক হওয়ার কারণে ওই পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে হচ্ছিল তার।
এত বছর পরও সেই ঘটনার কথা প্রকাশ করলেও সংশ্লিষ্ট পরিচালকের নাম কিংবা ছবিটির পরিচয় জানাননি স্বরা ভাস্কর।
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় স্বরার। পরবর্তী সময়ে ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝানা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ও ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পরিচিতি পান তিনি।
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা, বাদীকে হুমকির অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন