ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মাহাদেব মজুমদারের পাশে দাঁড়ালেন মধ্যনগরের ইউএনও


মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মাহাদেব মজুমদারের পাশে দাঁড়ালেন মধ্যনগরের ইউএনও

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মধ্যনগর উপজেলার জলুষা গ্রামের সন্তুস মজুমদার ছেলে অসহায় মাহাদেব মজুমদারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) সঞ্জয় ঘোষ। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছিলেন মাহাদেব মজুমদার। সম্প্রতি তার করুণ অবস্থার খবর উপজেলা প্রেসক্লাবে নেতৃবৃন্দের কাছে আসিলে তারা মানবিক দায়িত্বে ঐ রোগীকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। উপজেলা প্রশাসন ইউএনও নিজ উদ্যোগে তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাকে সহায়তার আশ্বাস দেন।
এ সময় ইউএনও বলেন, "মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও যদি এমন মানুষদের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবার নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পাবে।"
মাহাদেব মজুমদার ও তার পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের নতুন করে বেঁচে থাকার সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অসহায় মানুষের প্রতি সহমর্মিতা বাড়াতে সবাইকে উৎসাহিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাসুদকে সরিয়ে পাকিস্তানের নেতৃত্বে আবারও বাবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


মাসুদকে সরিয়ে পাকিস্তানের নেতৃত্বে আবারও বাবর

টানা ব্যর্থতায় বিষয়টি যেন অবধারিতই ছিল। শেষমেশ সেটাই ঘটে গেছে। শান মাসুদকে বরখাস্ত করে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে আবারও বাবর আজমকে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে এই সিদ্ধান্তটি নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রায় তিন বছর আগে মাসুদ টেস্ট দলের নেতৃত্ব পান বাবরকে সরিয়ে নিয়ে। তার অধীনে পাকিস্তান ১৬ টেস্টের মধ্যে ১২টিতে পরাজয় বরণ করেছে। টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের প্রথম ১৬ ম্যাচে এতগুলো হারানোর রেকর্ড আর নেই। পাকিস্তান টানা সাতটি টেস্টে হেরেছে, যা তাদের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বড় হার-ধারা হিসেবে চিহ্নিত।

পিসিবির হাই-পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ বলেছেন, বারবার একই ধরনের ভুল ও ম্যাচ শেষ করতে না পারার প্রবণতা নেতৃত্ব পরিবর্তনের কারণ হিসেবে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, “ক্যাপ্টেনের দায়িত্ব হলো ম্যাচ শেষ করা, সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া। এসব জায়গায় ঘাটতি ছিল।”

অধিনায়কত্বের দায়িত্বে বাবরের ব্যাটিং গড় বেড়ে দাঁড়িয়েছে ৩৪.০৬, যা আগের তুলনায় প্রায় ছয় রান বেশি। তিনি দুটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি তৈরি করেছেন। তবে, ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলের ফলাফল তেমন আসেনি।

বাবর আজম দ্বিতীয়বারের জন্য টেস্ট অধিনায়কত্বে ফিরছেন। এর আগে তার নেতৃত্বে পাকিস্তান ২০ টেস্টের মধ্যে ১০টিতে জয় পেয়েছিল। অধিনায়ক থাকা অবস্থায় তার ব্যাটিং গড় ছিল ৫০-এর বেশি। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারের মতো হতাশাজনক মুহূর্তও ছিল।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তান ছয় বছর পর ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার

চলতি মাসের প্রথম ৪ দিনে দেশে এসেছে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দৈনিক হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, চলতি জুলাই মাসের প্রথম ৪ দিনে দেশে এসেছে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৬ কোটি ডলার।

এছাড়া, গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

এদিকে, গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত আগস্ট এবং জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ব্যবহার করে দেড় বছরে সফল নারী উদ্যোক্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


এআই ব্যবহার করে দেড় বছরে সফল নারী উদ্যোক্তা

অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে শুধুমাত্র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং ছোট উদ্যোক্তাদের জন্যও গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। এটির একটি উদাহরণ হিসাবে যুক্তরাষ্ট্রের মিশেল টার্নার এর কথা উল্লেখ করা যেতে পারে।

রয়টার্সের দ্বারা প্রচারিত ওই প্রতিবেদনটি জানাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি 'হিয়ার নাও হেলথ' নামে একটি মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এর কার্যক্রম শুরু করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন কর্মী কর্মরত রয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে ফস্টার কেয়ারে থাকা শিশুদের মেডিকেইডের আওতায় মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার অনুমোদন লাভ করেছে।

মিশেল টার্নার একজন প্রযুক্তি বিশেষজ্ঞ নন। তিনি ছয় সন্তানের মা। ব্যবসা শুরু করার বিষয়টি তার জন্য নতুন, যেখানে তিনি প্রথমবারের মতো ব্যবসার পরিকল্পনা তৈরি করেছেন, স্টার্টআপ সম্পর্কে শেখার চেষ্টা করছেন এবং বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনার প্রস্তুতি নিতে এআই টুল ব্যবহারের সহায়তা নিয়েছেন। এই প্রযুক্তির ব্যবহার তার সময় এবং খরচ—দুটোই কমাতে সক্ষম হয়েছে।

পরবর্তীতে, তিনি বিনিয়োগ পেয়ে অল্প সময়ের মধ্যে ব্যবসা সম্প্রসারণে সক্ষম হন। টার্নার মন্তব্য করেন যে, এআই তার জন্য একজন অভিজ্ঞ ব্যবসায়িক পরামर्शকের মতো কাজ করেছে। প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এআইয়ের কারণে বর্তমানে ছোট উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। পূর্বে যেসব কাজের জন্য অনেক সময় এবং অর্থ ব্যয় করতে হতো, সেগুলি এখন দ্রুত এবং কম খরচে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।

ফলে নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসা দ্রুত গতিতে বাড়াতে এবং একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছেন। তবে, এআই নিয়ে উদ্বেগও বিদ্যমান। অনেক অর্থনীতিবিদ মনে করেন, ভবিষ্যতে কিছু ধরণের চাকরির চাহিদার কম হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অফিস প্রশাসনিক ও কেরানিভিত্তিক কাজের ক্ষেত্রগুলোতে এর প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, অনেক বিশেষজ্ঞের মতে, এআই চাকরির পরিমাণ সম্পূর্ণরূপে কমিয়ে দেবে না। বরং এটি কাজের প্রক্রিয়া পরিবর্তন করবে এবং নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি করবে। এআইয়ের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গবেষণা শুরু করেছে। তাদের মতে, এআই উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে পারে। তবে শ্রম বাজারে এর দীর্ঘমেয়াদি প্রভাব উপলব্ধি করতে আরো সময় প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিক্ষা করে জমানো ৭০ টাকা নির্বাচনী তহবিলে দিয়েছিলেন, প্রতিদানে পেলেন নতুন ঘর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ভিক্ষা করে জমানো ৭০ টাকা নির্বাচনী তহবিলে দিয়েছিলেন, প্রতিদানে পেলেন নতুন ঘর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমরকে ভিক্ষা করে জমানো টাকা থেকে একটি রিনা স্নাল (৭১) নামে ৭০ টাকা নির্বাচনী খরচ দিয়েছিলেন। এমপি নির্বাচিত হয়ে প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে সালমান ওমর সেই নারীকে নতুন ঘর করে দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরটি রিনা স্নালের কাছে হস্তান্তর করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা গেছেন। জীবদ্দশায় তিনি বাঁশ ও বেতের কাজ করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় পরে ভিক্ষাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন।

রিনা স্নালের একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান। বর্তমানে তিনি সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করছেন। বৃদ্ধা রিনা স্নাল দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে।

স্থানীয়রা বলেন, রিনা স্নালের দেখভালের তেমন কেউ নেই। ভিক্ষা করে তার দৈনন্দিন জীবন চলত। নতুন ঘর পাওয়ায় তিনি নিরাপদে বসবাসের সুযোগ পেলেন।

সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, ভাবিনি জীবনের এই বয়সে নতুন ঘরে থাকতে পারব। যারা আমাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%