ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রতিশ্রুতি আছে, প্রাপ্তি নেই: জলবায়ু সম্মেলনে জৌলুস হারাচ্ছে


প্রতিশ্রুতি আছে, প্রাপ্তি নেই: জলবায়ু সম্মেলনে জৌলুস হারাচ্ছে

তুরস্কের আনতালিয়ায় ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন ৯ নভেম্বর শুরু হয়েছে। উদ্বোধনী ভাষণে সম্মেলনের সভাপতি মুরাত কুরুম দেশগুলোর প্রতি জলবায়ু প্রতিশ্রুতিকে বাস্তবায়নে আহ্বান জানান।

জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, অগ্রগতি যথেষ্ট দূর এগোয়নি এবং ন্যায্যতাও হয়নি। ৩১ বছর ধরে প্রতিবছর আলোচনা হচ্ছে, প্রতিশ্রুতি আসছে; কিন্তু সভাপতিকে আবারও পুরনো আহ্বান জানাতে হচ্ছে। এই সময়ে বিশ্বনেতারা সম্মেলন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রশ্ন উঠছে, প্রতিশ্রুতি ও প্রাপ্তির এই ফারাক কি জলবায়ু সম্মেলনের জৌলুসকে ক্ষুণ্ণ করছে?

প্রতিশ্রুতির খতিয়ান : জলবায়ু সম্মেলনের ইতিহাস মূলত প্রতিশ্রুতির ইতিহাস, এবং সেই প্রতিশ্রুতির ফলাফল দেখলেই সমস্যার গভীরতা বোঝা যায়। ২০০৯ সালে কোপেনহেগেনে উন্নত দেশগুলো অঙ্গীকার করেছিল, ২০২০ সাল থেকে উন্নয়নশীল দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থ দেবে।

আরও পড়ুন: ইসরায়েলি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

ওইসিডি’র হিসাব অনুযায়ী, এই লক্ষ্য প্রথম পূরণ হয় ২০২২ সালে, দুই বছর দেরিতে, ১১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে, তবে সেই বছরও সরকারি জলবায়ু অর্থের ৬৯ শতাংশ ছিল ঋণ, যা সবটা রেয়াতি শর্তেও নয়। অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ হয়েছে দেরিতে, এবং অনেকটাই ঋণের আকারে।

২০২১ সালে গ্লাসগোতে অঙ্গীকার ছিল ২০২৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করে প্রায় ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালে এই অর্থ ছিল মাত্র ২৬ বিলিয়ন, আগের বছরের ২৮ বিলিয়ন থেকেও কম; লক্ষ্য পূরণ হয়নি।

২০২৫ সালে বেলেমে নতুন লক্ষ্য এসেছে, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থ তিন গুণ করা; কিন্তু তার কোনো ভিত্তিবর্ষ নেই, কে কতটা দেবে তাও ঠিক হয়নি। আনতালিয়ায় এই বিষয়টি আলাদা আলোচ্যসূচি হিসেবে তোলার প্রস্তাবও ইউরোপীয় ইউনিয়নের আপত্তিতে আটকে গেছে।

২০২২ সালে মিসরে ঘোষিত ক্ষয়ক্ষতি তহবিলকে জলবায়ু ন্যায়ের ঐতিহাসিক বিজয় বলা হয়েছিল। ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত এতে প্রতিশ্রুতি এসেছে প্রায় ৮২২ মিলিয়ন ডলার, জমা পড়েছে ৪৪৮ মিলিয়ন; প্রতিশ্রুতির পুরো অঙ্ক বার্ষিক ক্ষয়ক্ষতির প্রয়োজনের এক শতাংশেরও কম। ২০২৩ সালে দুবাইয়ে প্রথমবারের মতো সব দেশ জীবাশ্ম জ্বালানি থেকে ‘সরে আসার’ বিষয়ে একমত হয়েছিল।

আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল

তবে স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউটসহ তিনটি গবেষণা প্রতিষ্ঠানের প্রোডাকশন গ্যাপ রিপোর্ট ২০২৫ বলছে, সরকারগুলো ২০৩০ সালে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি উৎপাদনের পরিকল্পনা করছে, তা দেড় ডিগ্রি সেলসিয়াসের সীমার সঙ্গে সংগতিপূর্ণ মাত্রার চেয়ে ১২০ শতাংশ বেশি, এবং দুই ডিগ্রির তুলনায় ৭৭ শতাংশ বেশি। শীর্ষ ২০টি উৎপাদক দেশের ১৭টি ২০৩০ সাল পর্যন্ত অন্তত একটি জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়াতে চায়।

জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকিও ২০১৮ সালের ৬৬০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪ সালে ৯২০ বিলিয়নে দাঁড়িয়েছে।

প্যারিস চুক্তির দেড় ডিগ্রির সীমা সম্পর্কে সবচেয়ে বড় প্রতিশ্রুতি? ইউরোপীয় কোপারনিকাস জলবায়ু পরিষেবার হিসাবে ২০২৬ সাল প্রায় নিশ্চিতভাবেই দ্বিতীয় বছর হতে যাচ্ছে, যখন বৈশ্বিক গড় তাপমাত্রা দেড় ডিগ্রির সীমা ছাড়াবে।

ইউএনইপি’র এমিশনস গ্যাপ রিপোর্ট ২০২৬ স্পষ্টভাবে বলছে, এই সীমা অতিক্রম না করে ধরে রাখার সুযোগ হারিয়ে গেছে; সব দেশের জাতীয় প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হলেও উষ্ণতা দাঁড়াবে ২ দশমিক ৬ ডিগ্রিতে, এবং বর্তমান নীতিতে ২ দশমিক ৮ ডিগ্রিতে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়

প্রতিশ্রুতি জমা দেওয়ার সময়সীমাও মানা হচ্ছে না। প্যারিস চুক্তি অনুযায়ী নতুন জাতীয় প্রতিশ্রুতি (এনডিসি) জমার সময় ছিল ২০২৫ সালে। জাতিসংঘের সংশ্লেষণ প্রতিবেদন জানাচ্ছে, ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত ১৫৪টি পক্ষ নতুন প্রতিশ্রুতি দিয়েছে, যা ২০১৯ সালের বৈশ্বিক নিঃসরণের প্রায় ৭১ শতাংশ ধরে। অর্থাৎ সময়সীমা পেরোনোর দেড় বছর পরও বিশ্বের প্রায় ৩০ শতাংশ নিঃসরণের কোনো নতুন লক্ষ্য নেই। আর যেগুলো জমা পড়েছে, ইউএনইপি’র মতে সেগুলো উষ্ণতার পূর্বাভাসে প্রায় কোনো পরিবর্তনই আনেনি; পুরোপুরি বাস্তবায়িত হলেও ২০৩৫ সালের মধ্যে প্রয়োজনীয় নিঃসরণ কমানোর বড়জোর এক-তৃতীয়াংশ অর্জিত হবে।

জৌলুসে ভাটা : প্রতিশ্রুতির এই খতিয়ানের পাশাপাশি বিশ্বনেতাদের উপস্থিতির রেখাচিত্রটি মিলিয়ে দেখা জরুরি। ২০১৫ সালে প্যারিসে এবং ২০২৩ সালে দুবাইয়ে দেড় শর বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এসেছিলেন। ২০২৪ সালে বাকুতে সংখ্যাটা ৭৫ থেকে ৮০-র ঘরে নামবে, ২০২৫ সালে বেলেমে ৫৭ জনে। আনতালিয়ায় তুরস্কের পরিবেশ মন্ত্রণালয়ের তালিকায় রাষ্ট্রপ্রধান ৩৭ জন, সরকারপ্রধান ৩৫ জন। জি-৭-এর মধ্যে এসেছেন কেবল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

বিশ্বের মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের অর্ধেকের বেশির জন্য দায়ী চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ নেতারা অনুপস্থিত। যুক্তরাষ্ট্র ২০২৬ সালের জানুয়ারিতে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গেছে এবং টানা দ্বিতীয় বছর কোনো আলোচক দল পাঠায়নি।

এই দুই প্রবণতা বিচ্ছিন্ন নয়। নেতারা তখনই আসেন, যখন বড় ঘোষণা দেওয়ার মতো কিছু থাকে। প্যারিসে ছিল নতুন চুক্তি, দুবাইয়ে ছিল প্রথম বৈশ্বিক মূল্যায়ন।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করলেন বিচারক

এবার নতুন অর্থের প্রতিশ্রুতি দেওয়ার রাজনৈতিক প্রস্তুতি নেই; ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু কমিশনার সম্মেলনের আগেই বলে দিয়েছেন, নতুন অর্থায়ন প্রতিশ্রুতির দাবি ‘অচল’। ওইসিডি’র হিসাব অনুযায়ী ২০২৫ সালে উন্নত দেশগুলোর উন্নয়ন সহায়তা প্রকৃত মূল্যে ২৩ দশমিক ১ শতাংশ কমেছে, যা ইতিহাসে এক বছরে সবচেয়ে বড় পতন। খালি হাতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মুখোমুখি হতে কোনো নেতাই আগ্রহী নন।

কেন সাফল্য মিলছে না : প্রথম কারণ কাঠামোগত। প্যারিস চুক্তির জাতীয় প্রতিশ্রুতি আইনত বাধ্যতামূলক নয়; প্রতিশ্রুতি ভঙ্গের কোনো শাস্তি নেই। দ্বিতীয় কারণ ঐকমত্যের নিয়ম: প্রায় ২০০ দেশের সর্বসম্মতি লাগে বলে সিদ্ধান্ত প্রায়ই নেমে আসে সর্বনিম্ন সাধারণ মাপকাঠিতে। তৃতীয় কারণ ভূরাজনীতি: যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, তেলের দামের ধাক্কা এবং মূল্যস্ফীতির চাপে উন্নত দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে জলবায়ু অগ্রাধিকার হারিয়েছে।

চতুর্থ কারণ মনোযোগের স্থানান্তর : সম্মেলনের কেন্দ্র ক্রমেই দর-কষাকষির টেবিল থেকে সরে স্বেচ্ছামূলক উদ্যোগ ও ব্যবসায়িক চুক্তির দিকে যাচ্ছে, যেখানে কোনো জবাবদিহি নেই। তবে এর মানে এই নয় যে জলবায়ু সম্মেলন অর্থহীন। প্যারিস চুক্তির আগে পৃথিবী প্রায় ৪ ডিগ্রি উষ্ণতার পথে ছিল; আজ তা ২ দশমিক ৬ থেকে ২ দশমিক ৮ ডিগ্রি। স্টিয়েল নিজেই বলেছেন, কোনো একক সম্মেলন সব সমাধান দিতে পারে না। সমস্যা দিকনির্দেশে নয়, গতিতে এবং প্রতিশ্রুতি রক্ষায়।

বাংলাদেশের জন্য বার্তা : প্রতিশ্রুতি ও প্রাপ্তির এই ফারাকের সবচেয়ে বড় মূল্য বাংলাদেশসহ অন্যান্য দেশের মতো দেশগুলো দিচ্ছে। প্রতিটি অপূর্ণ অঙ্গীকার মানে উপকূলের একটি বাঁধ কম, একটি আশ্রয়কেন্দ্র কম, লবণাক্ততায় হারানো আরেকটি ফসল।

আরও পড়ুন: পারমাণবিক হামলা হলে ‘সমপর্যায়ের’ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

দেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন প্রায় ২৩০ বিলিয়ন ডলার, গড়ে বছরে ৮ দশমিক ৫ বিলিয়ন, যার প্রায় ৬ বিলিয়ন আসার কথা আন্তর্জাতিক উৎস থেকে। অথচ সারা বিশ্বের জন্য গঠিত ক্ষয়ক্ষতি তহবিলে এ পর্যন্ত জমা পড়া পুরো অর্থ বাংলাদেশের এক বছরের অভিযোজন চাহিদার মাত্র ৫ শতাংশের মতো।

প্রতিশ্রুতি যখন কাগজে থাকে, তখন খরচ মেটায় উপকূলের মানুষ নিজেই, নয়তো রাষ্ট্র নেয় নতুন ঋণ। আনতালিয়ায় বিশ্বের সবচেয়ে জনবহুল ১০টি দেশের মধ্যে যে চারটি রাষ্ট্র বা সরকারপ্রধান পর্যায়ে উপস্থিত, বাংলাদেশ তার একটি। এই উপস্থিতিকে কাজে লাগাতে হবে তিনটি দাবিতে।

এক, প্রতিটি সম্মেলনে আগের প্রতিশ্রুতি পূরণের আনুষ্ঠানিক হিসাব উপস্থাপন বাধ্যতামূলক করা, যাতে নতুন ঘোষণার আগে পুরনো দেনার জবাব দিতে হয়। দুই, অভিযোজন ও ক্ষয়ক্ষতির অর্থ অনুদানভিত্তিক করা এবং ঋণ ও অনুদান আলাদা করে দেখানো। তিন, স্বল্পোন্নত ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোটকে সংগঠিত করে অভিযোজন অর্থায়ন তিন গুণের লক্ষ্যে ভিত্তিবর্ষ ও দেশভিত্তিক দায় নির্ধারণের দাবি আদায় করা।

জলবায়ু সম্মেলনের জৌলুস কোনো উৎসবের আলো নয়; এটি আসে আস্থা থেকে; আর আস্থা জন্মায় প্রতিশ্রুতি রক্ষায়। যতদিন প্রতিশ্রুতির পাহাড় জমবে আর প্রাপ্তির ঝুলি শূন্য থাকবে, ততদিন নেতারাও আসবেন না, মানুষও আশা হারাবে। কপ তার জৌলুস ফিরে পাবে কেবল তখনই, যখন সেটি ঘোষণার মঞ্চ নয়, প্রতিশ্রুতি পূরণের মঞ্চ হয়ে উঠবে।

আরও পড়ুন: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেনের পার্লামেন্ট

(লেখক : সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, অ্যাকোয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। ই-মেইল: [email protected])

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন জিয়া সড়ক এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রিয়াজ মল্লিক (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত রিয়াজ মল্লিক বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক ১ম গলি হাবিবুল্লাহ হাউজিং এলাকার মৃত আফতার মল্লিক ও ছাবেরা বেগম দম্পতির ছেলে। তিনি ওই এলাকার লিপি বেগমের ভাড়া বাসায় বসবাস করতেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে জিয়া সড়ক ১ম গলি হাবিবুল্লাহ হাউজিং এলাকার লিপি বেগমের ভাড়া বাসায় অভিযান চালায় বিভাগীয় গোয়েন্দা দল। এ সময় রিয়াজ মল্লিকের দখলীয় দুই কক্ষ বিশিষ্ট দক্ষিণমুখী টিনশেড বসতঘরের দক্ষিণ পাশের কক্ষের পূর্ব পাশের চৌকির নিচ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নির্দেশনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে পুকুরে গিয়ে খেয়েছে খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ফরিদপুরের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে পুকুরে গিয়ে খেয়েছে খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান

শ্রেণিকক্ষের সংকটের পাশাপাশি খেলার মাঠের জায়গাজুড়ে পুকুরের উপস্থিতি দেখা যাচ্ছে। ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এই প্রতিকূল পরিবেশে চলমান রয়েছে। বিদ্যালয়ে ১১৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, কিন্তু তাদের জন্য রয়েছে মাত্র দুই কক্ষের একটি ভবন। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায়, শিক্ষকরা নিজেদের খরচে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে পাঠদান চালিয়ে যাচ্ছেন। এই ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি, খেলার মাঠের অভাবে শিশুরা খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সদরপুর উপজেলা সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে অবস্থিত। ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টির দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ১১৩ জন শিক্ষার্থী রয়েছে, কিন্তু তাদের জন্য কক্ষের সংখ্যা অপ্রতুল। এ কারণে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে ব্যবহার করা হচ্ছে, তবে সেগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সজিব হোসেন জানান, "আমাদের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ কম। অনেক সময় পরিত্যক্ত ভবনের কক্ষে ক্লাস করতে হয়। আবার খেলার কোনো মাঠও নেই। মাঠের জায়গায় পুকুর থাকায় আমরা খেলাধুলা করতে পারি না। বিদ্যালয়ে একটি সুন্দর খেলার মাঠ ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ হলে আমাদের অনেক ভালো হতো।"

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার বলেন, "শ্রেণিকক্ষের সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান করতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বসার পর্যাপ্ত জায়গা নেই। বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে পাঠদান চালাতে হচ্ছে। এ ছাড়া খেলার মাঠ না থাকায় শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।"

সহকারী শিক্ষক জেসমিন আক্তার জানান, "প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যালয়ে খেলার কোনো মাঠ নেই। মাঠের জায়গায় পুকুর থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। শ্রেণিকক্ষের সংকট নিরসনের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।"

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, "১১৩ জন শিক্ষার্থীর জন্য দুই কক্ষের একটি ভবন পর্যাপ্ত নয়। এ কারণে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে পাঠদান চালাতে হচ্ছে। অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে পাঠদানের পরিবেশ উন্নত হবে।"

সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, "শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা
 

 

 

 

আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন রোধ এবং বেকারিশিল্পের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
 
 বুধবার দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। এ সময় বিএসটিআই পটুয়াখালী কার্যালয়ের পরিদর্শক মো. আশিকুর রহমান এবং আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।
 
অভিযান চলাকালে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রিয়াদ বেকারি পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রেজাউল করিম। দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার পর গতকাল থেকে নতুন করে বেকারিটির উৎপাদন শুরু হয়েছে বলে জানা যায়। পরিদর্শনে কারখানার পরিবেশ সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে কোনো জরিমানা করা হয়নি।
 
অন্যদিকে, একই ওয়ার্ডের মিঠা বাজার-সংলগ্ন বিসমিল্লাহ বেকারিতে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং কারখানার পরিবেশ যথাযথ না থাকায় ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ৪১ ধারা অনুযায়ী  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করে খাদ্যপণ্যের গুণগত মান উন্নয়ন এবং উৎপাদনস্থলের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়।
 
এ সময় বেকারির শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। শ্রমিকদের নির্ধারিত পোশাক, মাথায় ক্যাপ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কারখানার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বলা হয়।
??
 
এর আগে সকাল ১১ ঘটিকায় মহাসড়ক আইন ২০২১ এর ১৪ ধারা অনুযায়ী সড়কের যানযট নিরসনে ও শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে দুইজন চালককে একহাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। 
 
আমতলী উপজেলা  সহকারী কমিশনার ভূমি রণজিৎ চন্দ্র দাস বলেন, মহাসড়কের শৃঙ্খলা,  জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, উৎপাদনপ্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার সবকিছু হারিয়েছে। ঘরের আসবাবপত্র, বই-খাতা এবং প্রয়োজনীয় সকল জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। সম্প্রতি ভাইয়ের জন্য কেনা ৫০ হাজার টাকার কম্পিউটারটিও আগুনের কবলে পড়ে ধ্বংস হয়েছে।

মরিয়মের বার্ষিক পরীক্ষা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হওয়ার কথা ছিল। এই অবস্থায় পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে তার মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তার চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে স্কুলে থাকা অবস্থায় মরিয়ম হঠাৎ এক বান্ধবীর মায়ের ফোনে জানতে পারে যে, তাদের বস্তির ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে সে দ্রুত বাড়িতে ফিরে আসে, কিন্তু আগুনের কারণে ঘরে প্রবেশ করতে পারেনি। পরে নিজ চোখে দেখে, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে।

মহাখালী মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম জানায়, ‘আমি স্কুলে ছিলাম। আমার এক বান্ধবীর মা ফোন দিয়ে বলল, আমাদের বাসায় আগুন লেগেছে। আমি দৌড়ে বাসায় আসি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। এসে দেখি, সব পুড়ে গেছে।’

ঘরের শোকেস, টেলিভিশন, র‍্যাক, ড্রাম, বই-খাতা কিছুই অবশিষ্ট নেই। তবে তার স্কুলব্যাগে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র রক্ষা পেয়েছে। বর্তমানে তার কাছে যা আছে, তা হলো গায়ে থাকা স্কুলের পোশাক এবং কাঁধের ব্যাগ। মাথা গোঁজার ঠাঁই হারানোর দুঃখ এবং সামনে বার্ষিক পরীক্ষার চাপ তাকে চরম অনিশ্চয়তায় রেখেছে।

মরিয়মের মা ফেরদৌসী বেগম জানান, তারা প্রায় ১০ বছর ধরে মহাখালীর সাততলা বস্তিতে বসবাস করছেন। তার স্বামী ব্যবসা করেন এবং তিনি পোশাক কারখানায় কাজ করেন। দীর্ঘ সময়ের পরিশ্রমে তারা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু মুহূর্তের আগুনে সবকিছু শেষ হয়ে গেছে।

ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই জায়গায় থাকি, এক বাসায়ই ১০ বছর ধরে। এখন কোথাও তো কিছু করতে পারছি না। এখন আল্লাহ যেখানে রাখে, সেখানেই থাকতে হবে। থাকার কোনো ব্যবস্থা আছে কি না, তাও জানি না। সবকিছু পুড়ে গেছে, কিছুই বের করতে পারিনি।’

তিনি আরও জানান, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার সম্পদ ছিল। সব হারিয়ে এখন নতুন করে সংসার গোছানো এবং পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

এত কিছুর পরও মরিয়মের স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন পূরণ নিয়ে সে শঙ্কিত। মরিয়মের ভাষায়, ‘ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কিন্তু মনে হয় না হতে পারব। আসলে দারিদ্র্যের কারণে মানুষের অনেক শখ পূরণ করতে পারে না।’

এদিকে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির কর্মীরা। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বস্তির শতাধিক পরিবারের কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে শুধু একটি পরিবারের ঘরবাড়ি কিংবা কয়েক লাখ টাকার সম্পদই পুড়ে যায়নি, অনিশ্চয়তায় পড়েছে মরিয়মের মতো অনেক শিশুর ভবিষ্যৎও। পরীক্ষার আগের দিন সব হারানো মরিয়ম এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%