ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আগস্টের মধ্যেই শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণের পরিকল্পনা সরকারের: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী


আগস্টের মধ্যেই শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণের পরিকল্পনা সরকারের: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ড্রেস (ইউনির্ফম) ও জুতা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।

তিনি বলেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় জুতার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় ববি হাজ্জাজ বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে সরকারের উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখেরও বেশি ড্রেস পাওয়া যাচ্ছে।

একইভাবে দেশের জুতা শিল্পের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।

তিনি আরো বলেন, পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

যেহেতু প্রথম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর বয়স প্রায় ছয় বছর, তাই উপযুক্ত সাইজ, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহযোগ্য সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং দেশের জুতা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইমচরে ওমর ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


হাইমচরে ওমর ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৭

চাঁদপুরের হাইমচরে সংঘটিত ওমর ফারুক হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে সাতজন। এজাহারনামীয় পাঁচজন নারী এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরসহ মোট সাতজনের গ্রেফতারের তথ্য জানিয়েছে হাইমচর থানা পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার ৩ জুন হাইমচর থানায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪ ধারায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয় (যার এফআইআর নং-৫, জি আর নং-১৩৭)।

মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে তৎপর হয়ে উঠেছে পুলিশ। হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষ ও পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার ২নং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট লক্ষ্ণীপুর (মৃধা বাড়ি) গ্রামের বিল্লাল হোসেন মৃধার স্ত্রী আখি আক্তার (২৩), সানাউল্যাহ মৃধার স্ত্রী নাজমা বেগম (৪৫), জব্বর মৃধার স্ত্রী লাকী বেগম (৩০), হাবিব মৃধার স্ত্রী সোনিয়া বেগম (১৯) এবং মৃত রুহুল আমিন মৃধার স্ত্রী তয়মুনন্নেছা (৫৫)।

এ ছাড়া একই অভিযানে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরকে গ্রেফতার করা হয়। তারা হলো ছোট লক্ষ্ণীপুর গ্রামের সানাউল্যাহ মৃধার ছেলে জুম্মান মৃধা (১৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার টেক কাতরা এলাকার মৃত পিন্টুর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৩)। হত্যাকাণ্ডের বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে মূল আসামিদের আইনের আওতায় এনেছে। অপরাধের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন দুপুরে হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্ণীপুর গ্রামের মৃধা বাড়িতে ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে যুবককে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায়, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজের বিধান লঙ্ঘন করার কারণে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এটি প্রদান করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ৭ জুন বিকেল ৪টার পূর্বে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অধিদপ্তরের নোটিশে জানানো হয়, ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তদন্তকালে কমিটি হাসপাতালের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্মরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া এবং রোগী ও রোগীর অ্যাটেনডেন্টসহ মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে যা উঠে এসেছে, তাতে কমিটির কাছে প্রতীয়মান হয় যে, হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর বিধানগুলো যথাযথভাবে পালিত হয়নি, যার ফলস্বরূপ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সুতরাং, কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায় নিরূপণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উলে¬খ করা হয়, আদ-দ্বীন হাসপাতালটি উক্ত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ মেলার পর, ধারা মোতাবেক কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তার যৌক্তিক কারণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে বা লিখিতভাবে জানানোর জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের

ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সড়ক অবরোধ

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় স্থানীয় বাসিন্দারা অবরোধ কর্মসূচি পালন করেছেন। সড়ক অবরোধের সময়কাল প্রায় আধা ঘণ্টা ছিল, এরপর তাঁরা সড়কের পাশে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর ফলে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন যে, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার তাঁদের বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও, আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

অবরোধ চলাকালে একজন স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেছেন যে, তাঁদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে। তাঁরা তাঁদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। একইভাবে আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেছেন, ব্রিটিশ আমল থেকে এই জমি তাঁদের মালিকানাধীন এবং তাই তাঁরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেবেন? তাঁরা একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন। 'নিজ ঘরে পরবাসী' নামের সামাজিক সংগঠনের সভাপতি আশিক চৌধুরী মন্তব্য করেছেন, তাঁরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছেন এবং তাঁদের ১৩ টি গ্রামের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চান। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবরোধের ফলে সৃষ্ট যানজটের বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি, তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।

এবং সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেছেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করেছেন। কিছু মানুষ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল, পরে আমরা তাঁদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, নিজ ঘরে পরবাসী সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ টা গ্রামের কয়েক হাজার এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্ণীপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


লক্ষ্ণীপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্ণীপুরে মিথ্যা মামলায় কারাগারে বন্দী থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল বেলায় লক্ষ্ণীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধিবাসীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জহির উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একজন ডেইরি ফার্ম ব্যবসায়ী। মানববন্ধনে বক্তারা অভিযোগ জানান, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আফতাব উদ্দিন ও তার সহযোগীরা প্রতিবেশীদের মারধর করেছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে জহির উদ্দিন ঘটনাস্থলে ছিলেন না। এর পরও তাকে আসামি করে মামলা করা হয় এবং তিনি দীর্ঘকাল ধরে কারাগারে রয়েছেন।

বক্তাদের মধ্যে কেউ একজন বলেন, "জহির উদ্দিন নির্দোষ। ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে তার মুক্তির ব্যবস্থা করা হোক।" বক্তারা আরও অভিযোগ করেন, আফতাব উদ্দিন ও তার ভাই মাহতাব উদ্দিন এলাকায় ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত। তাদের প্রভাবে নির্দোষ ব্যক্তিরা হয়রানি হচ্ছেন। তারা এও বলেন, বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজও অব্যাহত রয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা সুস্পষ্টভাবে বিরোধপূর্ণ জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধ করার এবং জহির উদ্দিনের দ্রুত মুক্তির দাবি জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, বিএনপি নেতা মো. রুবেল, জহির উদ্দিনের ভাই মো. আলিম উদ্দিন, তার ছেলে মো. নাঈম, মেয়ে জান্নাতুল ফেরদৌस, জান্নাতুল মাওয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%