১১:৩২ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বিজনেস প্রফেশনালস (এআইবিপি)’ নামক একটি ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কোর্সটি পরিচালিত হবে।
এ কোর্সটি আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)-এর অধীনে অনুষ্ঠিত হবে। এর মূল উদ্দেশ্য হলো পেশাজীবী ও ব্যবস্থাপকদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বাস্তবভিত্তিক জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করা, যাতে তারা পরিবর্তনশীল ডিজিটাল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হন।
কোর্সটিতে জেনারেটিভ এআই-এর ব্যবহারিক প্রয়োগ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই-নির্ভর কর্মপ্রবাহ ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক পরিবেশে উন্নত এআই মডেলের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, ব্যবসায়িক যোগাযোগ, তথ্য বিশ্লেষণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের কৌশল শেখানো হবে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রম্পট লাইব্রেরি তৈরি, দৈনন্দিন কার্যক্রম স্বয়ংক্রিয়করণ এবং এআই-সহায়তাপ্রাপ্ত দল পরিচালনার ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় বৈষম্য কমাতে স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
এই ছয় সপ্তাহব্যাপী কোর্সে মোট ১২টি ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি ক্লাসের সময়কাল তিন ঘণ্টা। আইবিএ প্রাঙ্গণে শুক্রবার ও শনিবার দুটি পৃথক সেকশনে ক্লাস অনুষ্ঠিত হবে। সেকশন ‘এ’-এর ক্লাস শুরু হবে ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার এবং সেকশন ‘বি’-এর ক্লাস শুরু হবে ২৮ নভেম্বর ২০২৬, শনিবার।
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করা যেতে পারে। ক্লাসে অংশগ্রহণের জন্য প্রত্যেক অংশগ্রহণকারীকে নিজস্ব ল্যাপটপ সঙ্গে আনতে হবে।
কোর্সের জন্য নির্বাচিত প্রার্থীদের মোট ৪০ হাজার টাকা ফি প্রদান করতে হবে। অংশগ্রহণকারীদের মূল্যায়ন ব্যক্তিগত ও দলীয় অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি এবং পরীক্ষার মাধ্যমে করা হবে। সফলভাবে কোর্স সম্পন্ন এবং ন্যূনতম ৭০ শতাংশ ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সনদ প্রদান করা হবে।
এ কোর্সে পাঠদান করবেন আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবী ও এআই বিশেষজ্ঞরা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।
আরও পড়ুন: ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ১৪ নভেম্বর ২০২৬, শনিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে https://mdp.iba-du.edu/এআইবিপি ঠিকানায়। আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
ভর্তি ও কোর্স-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি), রুম ৪০২ (তৃতীয় তলা), আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায়। যোগাযোগ: ০১৭৬৬৯৯৩৩৯০, ০১৭২৬৮৮৫৩২৯। ই-মেইল: [email protected]। ওয়েবসাইট: www.iba-du.edu
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন