ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান


ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থীদের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান। তিনি রোববার অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনের প্রথম পর্বে উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেছেন। ভোটের আয়োজকেরা এই তথ্য প্রকাশ করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৬ বছর বয়সী গ্লুকসম্যান মধ্য-বামপন্থী দল প্লাস পাবলিকের নেতা। প্রাথমিক নির্বাচনে মোট ১ লাখ ২০ হাজার ৭৮৭ ভোটের মধ্যে তিনি ৬৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী কারা, জানা যাচ্ছে

গ্লুকসম্যানের নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ে ফোর পেয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোট। অন্য তিন প্রার্থীর প্রত্যেকেই ১০ শতাংশের কম ভোট অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্লুকসম্যান মন্তব্য করেছেন, ‘এই ফলাফল একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বামপন্থীরা নিজেদের আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে ঐক্যবদ্ধ হতে পারে, সরকার পরিচালনা করতে পারে এবং নির্বাচনে জয়ী হতে পারে।’

গ্লুকসম্যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নীতির বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। তিনি মনে করেন, কট্টর ডানপন্থীদের পরাজিত করা তার পক্ষে সম্ভব।

তবে বর্তমানে জনমত জরিপে তার সমর্থন ৯ থেকে ১৪ শতাংশের মধ্যে রয়েছে, যা শীর্ষ প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের চেয়ে অনেক কম।

আরও পড়ুন: হন্ডুরাসে চীনা ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি শুরু

মাখোঁর অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মধ্য-ডানপন্থী নেতা এদুয়ার ফিলিপ এবং কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর চেয়েও জরিপে পিছিয়ে রয়েছেন গ্লুকসম্যান। উল্লেখ্য, মেলঁশোঁর দল ফ্রান্স আনবোড নির্বাচনে অংশগ্রহণ করেনি।

গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে গ্লুকসম্যান নিজেকে ‘চিরাচরিত রাজনৈতিক’ বলয়ের বাইরে থাকা একজন ব্যক্তি হিসেবে তুলে ধরেন।

তিনি বিদেশে তার অতীত কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিয়েছেন, যার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার পরবর্তী সময়ে কাজ করা এবং মস্কোবিরোধী অবস্থানের জন্য পরিচিত জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন। ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনের জন্যও তিনি পরিচিত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ধস নামানো চীনা প্রতিষ্ঠান ডিপসিককে নিষিদ্ধ করলো

গ্লুকসম্যানের রাজনৈতিক অবস্থান সমাজতান্ত্রিক দলের তুলনায় বেশি সংস্কারপন্থী ও মধ্যপন্থী। অতীতে তিনি সমাজতন্ত্রীদের সঙ্গে নির্বাচনী জোট গঠনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।

এবারও ঐতিহ্যবাহী সমাজতান্ত্রিক দলের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রচারযন্ত্রের সুবিধা নিতে তিনি দলের সঙ্গে কাজ করা লাভজনক মনে করতে পারেন।

তবে বামপন্থীদের মধ্যে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মেলঁশোঁর সঙ্গে কোনো ধরনের সহযোগিতার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

সমালোচকদের মতে, গ্লুকসম্যান ‘অতিরিক্ত প্যারিসকেন্দ্রিক’ এবং সাধারণ ফরাসি নাগরিকদের দৈনন্দিন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ফলে প্রেসিডেন্ট পদে বিশ্বাসযোগ্য প্রার্থী হয়ে ওঠা তার জন্য কঠিন হতে পারে।

আরও পড়ুন: ক্রেমলিন: ইউরোপ বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে

জবাবে তিনি সংঘাতপূর্ণ অঞ্চলে মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

গ্লুকসম্যান বলেছেন, ‘বিশ্ব সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা ডাভোস কিংবা ওয়াশিংটনে গড়ে ওঠেনি; বরং এমন সব জায়গায় গড়ে উঠেছে, যেখানকার ধ্বংসযজ্ঞের গভীরতা আপনারা কল্পনাও করতে পারবেন কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’

চলতি গ্রীষ্মে ফ্রান্সজুড়ে নির্বাচনী প্রচারের সময় তিনি এমন একটি বামপন্থী কর্মসূচি তুলে ধরেন, যেখানে পরিবেশগত রূপান্তরের সঙ্গে সামাজিক অগ্রগতির সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বছর ১৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট এর দুই সপ্তাহ পর ২ মে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণে নিহত ৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানালেন আমিরাতের আনোয়ার গারগাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানালেন আমিরাতের আনোয়ার গারগাশ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘আমরা সবাই হামলার লক্ষ্যবস্তু’ এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা অবিচ্ছেদ্য। গারগাশ বলেন, সৌদি আরবের ওপর হামলা আমিরাতসহ উপসাগরীয় সব দেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে।

একটি পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনোয়ার গারগাশ মন্তব্য করেন যে, উপসাগরীয় দেশগুলো যে যুদ্ধে জড়াতে চায়নি, সেই যুদ্ধে তাদের দুর্বলতম পক্ষ হিসেবে বিবেচনা করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এই ভুল মূল্যায়ন থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গারগাশের মতে, উপসাগরীয় দেশগুলোর যৌথ উদ্যোগ আবারও জোরদার করা জরুরি। বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে পুরো অঞ্চলের সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা অন্যদের উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে বাড়াবাড়ি করতে উৎসাহিত করেছে। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার অভিন্ন দায়িত্ব। এ বিষয়ে কোনো শিথিলতা বা বিলম্বের সুযোগ নেই।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে একাধিক দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


সৌদি আরবে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে একাধিক দেশ

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার পর দেশটির ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে একাধিক দেশ।

সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সর্বশেষ দেশ হিসেবে সৌদি আরবে ভ্রমণ না করার জন্য সতর্কতা প্রদান করে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং জাপানও একই ধরনের সতর্কতা জারি করেছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ (ডিএফএটি) নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় নাগরিকদের সৌদি আরবের রাজধানীর প্রধান বিমানবন্দর এবং নাজরান, জিজান ও আসির প্রদেশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। সেইসাথে, দেশটির অন্যান্য এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

রোববার, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়। এ সতর্কতা ইরান ও ইরান-সমর্থিত হুথিদের হামলার আশঙ্কার কথা উল্লেখ করে জারি করা হয়।

কানাডার পররাষ্ট্রবিষয়ক দপ্তর গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সৌদি আরবের সব এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের জরুরি কাজ ছাড়া দেশটি ত্যাগ করার সুপারিশ করেছে। একই সাথে, সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করা নাগরিকদের সফর বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) জরুরি প্রয়োজন ছাড়া জেদ্দা ও দাম্মামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সাথে, মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া দেশটির অন্য সব বিমানবন্দরে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটিতে।

সূত্র: আল জাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটক হওয়া আমির খানের ভাতিজি জেনের শরীরে আঘাতের চিহ্ন, ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


আটক হওয়া আমির খানের ভাতিজি জেনের শরীরে আঘাতের চিহ্ন, ভিডিও প্রকাশ

মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের কারণে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং অভিনেত্রী জেন মেরি খান। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে আমির খানের ভাতিজি জেন তার শরীরে আঘাতের চিহ্ন প্রদর্শন করেছেন। তিনি এ সময় ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।

রবিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করে জেন। ভিডিওতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন প্রদর্শন করার পর তিনি বলেন, “প্রথমত, এত ভয় দেখিও না যে, আর ভয় অবশিষ্টই না থাকে।” ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “সবার সামনে প্রকাশ করে দিল সে।”

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হন জেন, অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা লেখা ওয়াশিংটন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির সমর্থনে সেখানে জমায়েতের পরিকল্পনা ছিল তাদের। যদিও কয়েক ঘণ্টা পর পুলিশ তাদের মুক্তি দেয়।

আটক হওয়ার পর পুলিশের ভ্যানের ভেতর থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন জেন। ইমরান ও লেখার সঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ!” ছবিতে ইমরানকে হাসিমুখে বিজয়সূচক চিহ্ন দেখাতে দেখা যায়।

এদিকে আটকের পর তাদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা জানিয়ে ভিডিও প্রকাশ করেন লেখা। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “পুলিশ আমাদের বাড়ি ফিরতে দিচ্ছে না। আমরা রাস্তায় এ দিক-ও দিক ঘুরছি। বাড়ি ফেরার জন্য কোনও গাড়ি বা অন্য যানবাহনও ধরতে দিচ্ছে না ওরা।”

পরে অবশ্য আরেকটি ভিডিওতে অনুরাগীদের আশ্বস্ত করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি শুধু বলতে চাই, আমরা সবাই নিরাপদে আছি, ভাল আছি এবং বাড়ির পথে রয়েছি।”

পুলিশের ভ্যানের ভেতর থেকে একটি মজার ভিডিওও প্রকাশ করেন জেন। সেখানে ইমরানকে তিনি প্রশ্ন করেন, এর আগে কখনো জেলে গিয়েছেন কি না। পরিস্থিতির কথা মাথায় রেখে এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে বলে হাসতে হাসতে জবাব দেন অভিনেতা।

মুম্বাই পুলিশের দাবি, ক্রান্তি ময়দানে বিক্ষোভের ঘটনায় চার শতাধিক মানুষকে আটক করা হয়েছিল। পুলিশের ভাষ্য, কর্মসূচিটির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিক্ষোভের অনুমতি শুধু আজাদ ময়দানেই দেওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

তবে সিজেপির কর্মীদের দাবি, বিক্ষোভের অনুমতি চেয়ে ইমেইলের মাধ্যমে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা। কিন্তু পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাননি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। দলটির এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন ইমরান, লেখা ও জেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, গুরুত্বপূর্ণ ছোট দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, গুরুত্বপূর্ণ ছোট দলগুলো

আগামী ৭ নভেম্বর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে বিরোধী দলগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হলো মধ্য-বামপন্থী লেবার পার্টি।

বিশ্লেষকরা মনে করছেন, ২০২৩ সালের নির্বাচনের মতো এবারও সরকার গঠনে ছোট দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাদের সমর্থন নির্ধারণ করে দিতে পারে, শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে। নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন দল ও তাদের নেতাদের পরিচয় তুলে ধরা হলো।

ন্যাশনাল পার্টি

নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ৫৬ বছর বয়সী ক্রিস্টোফার লুক্সন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। ২০২০ সালে অকল্যান্ডের বোটানি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী বছর ন্যাশনাল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লুক্সন। রাজনীতিতে আসার আগে তিনি এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালের নির্বাচনে অর্থনীতি ভালোভাবে পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে তার নেতৃত্বে জয় পায় ন্যাশনাল পার্টি। তবে গত এক বছরে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২৬ সালের এপ্রিল ও আগস্টে দলের সংসদ সদস্যদের আনা আস্থা ভোটে টিকে যান লুক্সন। আগস্টে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস পেঙ্ক তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। জনমত জরিপে দলের সমর্থন কমে যাওয়া, অর্থনৈতিক চাপ এবং জোটের শরিকদের মধ্যে মতবিরোধের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এবারের নির্বাচনে অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ন্যাশনাল পার্টি। বাজেটে আয়-ব্যয়ের ভারসাম্য এনে উদ্বৃত্ত অর্জন এবং কিউইসেভার নামের পেনশন সঞ্চয় কর্মসূচি সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

লেবার পার্টি

৪৮ বছর বয়সী ক্রিস হিপকিন্সের নেতৃত্বে নির্বাচনে অংশ নিচ্ছে লেবার পার্টি। ২০২৩ সালের নির্বাচনে পরাজয়ের পর আবারও প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন তিনি। ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন হিপকিন্স। জেসিন্ডা আরডার্নের পদত্যাগের পর ২০২৩ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে ওই বছরের অক্টোবরে নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা হারান। এরপর থেকে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন হিপকিন্স। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি সেবার মান বৃদ্ধি এবং অর্থনীতি স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিচ্ছে তার দল। লেবার পার্টির পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও পরিবহন খরচ কমানো, কর্মসংস্থান বৃদ্ধি, আবাসন ও অবকাঠামো খাতে বিনিয়োগ এবং সরকারি সেবা উন্নত করা।

নিউজিল্যান্ড ফার্স্ট

উইনস্টন পিটার্সের নেতৃত্বে নিউ জিল্যান্ড ফার্স্ট পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে। ২০২৫ সালের মে পর্যন্ত তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০-এর দশক থেকে তাঁর দল কখনো লেবার, আবার কখনো ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে জোট গঠন করেছে।

এবারের নির্বাচনে দলটি প্রস্তাব দিয়েছে, নিউজিল্যান্ডের নির্বাচনে শুধুমাত্র দেশটির নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত। বিদ্যুৎ উৎপাদন ও বিক্রি—দুই কাজই করে এমন বড় কোম্পানিগুলোকে আলাদা করার প্রস্তাব দিয়েছে দলটি। এ ছাড়া দেশটির বড় সুপারমার্কেট ব্যবসার একটি প্রতিষ্ঠানকে ভাগ করে দুটি আলাদা সুপারমার্কেট কোম্পানি গড়ার প্রস্তাবও রয়েছে। পিটার্স চান, নিউজিল্যান্ড প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসুক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে দুটি লক্ষ্য রাখার পক্ষে তিনি। লক্ষ্য দুটি হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা।

অ্যাক্ট নিউজিল্যান্ড

অ্যাক্ট নিউজিল্যান্ড একটি ডানপন্থী রাজনৈতিক দল, যা ব্যক্তিস্বাধীনতাকে গুরুত্ব দেয়। দেশটির সংসদের ১২৩টি আসনের মধ্যে বর্তমানে দলটির আসন ১১টি। ন্যাশনাল পার্টি ও নিউ জিল্যান্ড ফার্স্টের সঙ্গে জোটে রয়েছে দলটি। ডেভিড সেমুর দলটির নেতা। ২০১৪ সালের অক্টোবরে তিনি নেতৃত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের মাঝামাঝি থেকে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনের আগে অভিবাসন নিয়ে ছয় দফার পরিকল্পনা দিয়েছে অ্যাক্ট। এর মধ্যে রয়েছে গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের নিউজিল্যান্ড থেকে বহিষ্কার করা। তারা যত দিন ধরেই দেশটিতে বসবাস করুন না কেন, এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে দলটি। অস্থায়ী কাজের ভিসার ওপর অতিরিক্ত ফি আরোপ এবং নতুন করে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাবও রয়েছে তাদের পরিকল্পনায়।

গ্রিন পার্টি

গ্রিন পার্টি, যা ক্লোয়ি সোয়ারব্রিক ও মারামা ডেভিডসনের যৌথ নেতৃত্বে রয়েছে, পরিবেশ রক্ষায় গুরুত্ব দেয়। অতীতে এই বামপন্থী দলটি লেবার পার্টির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিয়েছে। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো, প্রকৃতি রক্ষা এবং রাজনৈতিক দলগুলোর অর্থায়নব্যবস্থায় পরিবর্তন আনার ওপর জোর দিচ্ছে দলটি। গ্রিন পার্টি সম্পদের ওপর কর এবং বড় কোম্পানি, ব্যাংক ও বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মুনাফার ওপর বেশি কর আরোপের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে আয়ের প্রথম ১০ হাজার নিউজিল্যান্ড ডলারের ওপর কর না নেওয়া এবং অধিকাংশ করদাতার আয়কর কমানোর পরিকল্পনা করেছে তারা। ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রায় ৫ হাজার ৬১৪ মার্কিন ডলারের সমান। দলটি রাষ্ট্রীয় মালিকানায় কিউইপাওয়ার নামে একটি বিদ্যুৎ কোম্পানি গড়ে তুলতে চায়। পাশাপাশি বাড়িতে তাপ ধরে রাখার ব্যবস্থা উন্নত করা, সৌরবিদ্যুতের প্যানেল ও ব্যাটারি কেনার জন্য সুদবিহীন ঋণ দেওয়ার এবং স্থানীয় জনগোষ্ঠীর মালিকানায় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া কিউইমার্ট নামে রাষ্ট্রীয় মালিকানাধীন সুপারমার্কেটের একটি চেইন গড়ে তুলতে চায় দলটি। মুদি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো ঠেকাতে আরো কঠোর নিয়ম চালুর প্রস্তাবও রয়েছে তাদের।

তে পাতি মাওরি

জনমত জরিপে পাতি মাওরি পার্টির সমর্থন ৫ শতাংশের নিচে রয়েছে। সাধারণভাবে সংসদে আসন পেতে দলগুলোর এই পরিমাণ ভোট প্রয়োজন হয়। তবে নিউজিল্যান্ডের নির্বাচনী ব্যবস্থায় মাওরি জনগোষ্ঠীর জন্য নির্ধারিত সাতটি বিশেষ আসনের কয়েকটিতে দলটি জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। এবারের নির্বাচনে মাওরি ভোটার তালিকায় নিবন্ধিত মানুষের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে দলটি। মাওরি ভোটারদের জন্য নির্ধারিত সাতটি আসনের মধ্যে বর্তমানে ছয়টি তাদের দখলে রয়েছে। রাওইরি ওয়াইতিতি ও ডেবি গারেওয়া-প্যাকার যৌথভাবে দলটির নেতৃত্ব দিচ্ছেন। ২০২০ সালের অক্টোবর থেকে তারা একসঙ্গে দলের দায়িত্ব পালন করছেন। গারেওয়া-প্যাকার জানিয়েছেন, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ রক্ষা এবং সংবিধান ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বড় পরিবর্তন আনা তাদের নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়।

অপরচুনিটি

অর্থনীতিবিদ গ্যারেথ মরগান ২০১৬ সালে ‘দ্য অপরচুনিটিজ পার্টি’ নামে দলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে দলটি অপরচুনিটি নামে পরিচিত। আগের তিনটি নির্বাচনে অংশ নিয়েও দলটি সংসদে আসন পায়নি। ২০১৭ সালের নির্বাচনে দলটি সর্বোচ্চ ২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছিল। বর্তমানে অকল্যান্ডের ব্যবসায়ী কিউলে ওং দলটির নেতা। ২০২৫ সালের নভেম্বরে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি দলটির পঞ্চম নেতা। ওং বলেছেন, তার দল বাস্তবায়নযোগ্য এবং ব্যয়ের হিসাব করা সংস্কারের পক্ষে। এসব পরিবর্তনের মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে চান তারা। তার দাবি, দলটি বামপন্থী বা ডানপন্থী—কোনো শিবিরেরই নয়। এবারের নির্বাচনে অপরচুনিটির প্রধান প্রতিশ্রুতি জমির মূল্যের ওপর কর আরোপ। আবাসিক জমির মূল্যের ওপর বছরে ১ দশমিক ৭৫ শতাংশ এবং গ্রামীণ জমির মূল্যের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ হারে কর বসানোর প্রস্তাব দিয়েছে দলটি। অপরচুনিটির দাবি, এ কর থেকে বছরে ২৪ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার আয় হবে। এই অর্থ দিয়ে করব্যবস্থায় আরও বড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%