০৩:০৯ এম
হবিগঞ্জের মাধবপুরে জিটিসিএল দ্বারা নিয়ন্ত্রিত জাতীয় গ্রিডের দক্ষিণাঞ্চলীয় তেল পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরির ঘটনায় শুক্রবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এ ঘটনায় প্রধান আসামি সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
৪ নভেম্বর রাতে উপজেলার রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় পাইপলাইনটি ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় গুরুত্বপূর্ণ এই পাইপলাইন থেকে পূর্বেও একাধিকবার তেল চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত।
গত কয়েক বছরে রঘুনন্দন, রতনপুর জামতলা, নারায়ণপুর, সাতবর্গ, বোয়ালিয়া, শাহপুর ফরেস্ট অফিসসহ বিভিন্ন নির্জন এলাকায় পাইপলাইন কেটে তেল চুরির ঘটনা ঘটেছে। বিশেষ করে শুকনো মৌসুমে পাহাড়, হাওর ও বিলের মধ্য দিয়ে বিস্তৃত পাইপলাইনটির কারণে চোরচক্রের কার্যকলাপ বৃদ্ধি পায়। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইনের নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক নয়। মাত্র চারজন নিরাপত্তাকর্মী দিয়ে দিনরাত পাহারার ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের প্রশিক্ষণ ও দক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন: রোজি পেরিউইঙ্কল (নয়নতারা)Ñছাদবাগানের সৌন্দর্য
নিরাপত্তাকর্মী শামসু মিয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজের সময় রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় তেলের পাইপ বের হয়ে আসে। এ সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করা হয়েছে বলেও তাদের ধারণা। অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ি পাইপলাইন থেকে প্রায় ১৫০ গজ দূরে অবস্থিত। ঘটনার রাতে তেলের গন্ধ পেয়ে তারা চুরির বিষয়টি শনাক্ত করেন। তিনি জানান, পাইপলাইনের পাশেই গ্যাসের লাইন রয়েছে, ফলে রতনপুরে পাইপলাইন ছিদ্রের ঘটনায় আগুন লাগার ফলে বড় ধরনের দুর্ঘটনা ও তেল ও গ্যাস লাইনের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল।
মামলার বাদী জাহেদ হোসেন জানান, সিলেটের বিভিন্ন গ্যাসক্ষেত্রে উৎপাদিত কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে আশুগঞ্জের কনডেনসেট স্থাপনায় নেওয়া হয়। সংঘবদ্ধ চক্র মাটির গভীরে গর্ত করে লোহার পাইপ কেটে নতুন পাইপ সংযোগ দিয়ে তেল চুরি করেছে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন ও তাঁর লোকজন জড়িত বলে তিনি মামলা দায়ের করেছেন।
জিটিসিএলের জিএম ও নিরাপত্তা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উত্তর-দক্ষিণ জাতীয় তেল পাইপলাইন দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। স্থানীয় লোকজনকে দিয়ে লাইনটির নিরাপত্তায় কাজ করা হচ্ছে। তবে একটি চক্র সুযোগ পেলেই পাইপলাইন কেটে অপরিশোধিত তেল চুরির চেষ্টা করে। ৪ নভেম্বর রাতে অত্যন্ত কৌশলে তেল চুরির ঘটনা ঘটানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শামসু চৌধুরী জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন