১২:৫৬ পি.এম
চুয়াডাঙ্গা শহরতলির নুরনগর মুন্নামোড়ে একটি গরুবাহী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনায় হেলাল উদ্দিন (৩৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় পাওয়ার ট্রলির চালকসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে দুটি গরুও মারা গেছে।
এটি ঘটে সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড় এলাকায়। নিহত ব্যক্তি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৮ অক্টোবর) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। সোমবার ভোরে নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দিনের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় দুটি গরু মারা যায় এবং চালকসহ দুজন আহত হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।
আরও পড়ুন: লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিলেন শ্রমিকদল নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির
আহত পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ বলেন, ‘রবিবার বিকেলে আমরা তিনজন ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা দেই। ভোরে গাড়ি চালানোর সময় হঠাৎ চোখে ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলিটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।’
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন