মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২০ পি.এম
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আমেনা বেগম আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর।
তিনি চার ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের কোনো জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচলের কোনো ধরনের আইনি সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রাবিউল আলম।
তবে দেশের একটি বিরাট অংশের মানুষের জীবন-জীবিকা ও কর্মসংস্থান এই পেশার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁদের মানবিক দিক বিবেচনা করে ধাপে ধাপে একটি টেকসই ও শৃঙ্খলাবদ্ধ নীতিমালার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।
আজ রাজধানীর ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সামাজিক সংগঠন ধানমন্ডি ইয়ুথ ক্লাব এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করে।
সড়ক মন্ত্রী জোরালো কণ্ঠে বলেন, ‘সরকার কোনোভাবেই মহাসড়কে অটোরিকশা চলাচলের পক্ষে নয় এবং এটি কঠোরভাবে নিয়ন্ত্রণে ইতোমধ্যে একাধিক সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে অটোরিকশা ঠিক কোন পরিসরে চলবে এবং কোথায় কোনোভাবেই চলাচল করতে পারবে না—এ বিষয়ে সর্বজনগ্রাহ্য একটি সমন্বিত নীতিমালা চূড়ান্ত করা এখন সময়ের দাবি।’
তিনি বলেন, ‘আমরা জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের সম্পূর্ণ বিরোধী। আমরা এটি দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণ করছি। অটোরিকশা স্থানীয় বা ফিডার রোডে কীভাবে চলবে এবং মহাসড়কে এর অনুপ্রবেশ কীভাবে বন্ধ থাকবে—নীতিমালায় তার স্পষ্ট রূপরেখা প্রয়োজন।’
শেখ রাবিউল আলম জানান, অটোরিকশা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ, বিআরটিএ এবং সড়ক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সকল স্টেকহোল্ডারের যৌথ সমন্বয়ে নীতিমালা তৈরি করা হচ্ছে। তবে সেই নীতিমালায় কোনোভাবেই জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের আইনি অনুমোদন দেওয়ার সুযোগ থাকবে না।
হঠাৎ চরম সিদ্ধান্ত না নিয়ে কেন পর্যায়ক্রমে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে—তার ব্যাখ্যায় মন্ত্রী বলেন, বর্তমানে দেশের লাখ লাখ সাধারণ মানুষ সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত। তারাও আমাদেরই সমাজের অংশ। ফলে হঠাৎ একক সিদ্ধান্তে গাড়ি বন্ধ করে দিলে সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই শুধু যানবাহন বন্ধ করাই মূল সমাধান নয়; বরং বিকল্প কর্মসংস্থান ও শৃঙ্খলিত ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘অটোরিকশা নিয়ন্ত্রণের কারণে যারা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাদের জীবন-জীবিকা রক্ষায় সরকার সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি রাখবে। তাদের কীভাবে অনুমোদনপ্রাপ্ত কোনো স্থানীয় রুটের আওতায় আনা যায় কিংবা শৃঙ্খলার মধ্যে আনা যায়-সেটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত কোনো আঞ্চলিক বা অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি থাকলেও চালকের নূন্যতম ড্রাইভিং দক্ষতা ও বয়সের যোগ্যতা নির্ধারণ করা হবে। ফিটনেসবিহীন যানবাহন ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কোনো ছাড় দেওয়া হবে না।
সড়ক ও মহাসড়ক বিভাগের কাজের পরিধি উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের প্রধান কাজই হলো উচ্চমানের রাস্তা ও মহাসড়ক নির্মাণ, সম্প্রসারণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা। সে অনুযায়ী কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।
মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এককভাবে শুধু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দায়ী নয় উল্লেখ করে শেখ রাবিউল আলম বলেন, হাইওয়ে ব্যবস্থাপনার সঙ্গে একাধিক মন্ত্রণালয়, দপ্তর ও হাইওয়ে পুলিশ জড়িত। সব পক্ষকে নিয়ে সমন্বিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মহাসড়কের কোনো বিশৃঙ্খলা বা অনিয়মের পুরো দায়ভার এককভাবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দেওয়া যৌক্তিক নয়; কারণ সার্বিক আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ধানমন্ডি ইয়ুথ ক্লাবের সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকীর সভাপতিত্বে সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘চিরন্তন নজরুল’ অনুষ্ঠিত হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এ অনুষ্ঠানে আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠে। এছাড়া ‘নজরুল চেতনা’ শীর্ষক দেয়ালিকায় কবিতাসহ শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল লেখা উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দীন। সভাপতিত্ব করেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, পিটিএ কমিটির সভাপতি সঞ্জয় কুমার পালসহ অনেকে।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বিদ্রোহী কবি, মানবতা কবির, সাম্যের কবি, প্রেমের কবি। তার জীবনাদর্শ শিক্ষার্থীসহ সবার মাঝে শক্তি ও সাহস জোগায়। অনুপ্রেরণা সৃষ্টি করে। মানবিকতার শিক্ষা দেয়। তাই ‘নজরুল বর্ষ’ এর শিক্ষা, চিন্তা-চেতনা সবার মাঝে যথাযথ ভাবে প্রতিফলিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।
পরে তিনি অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পাওয়ায় অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
‘ওপেন হাউজ ডে’তে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাঠজুড়ে উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতা আর নারীদের দারুণ ফুটবল নৈপুণ্য। এমনই আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হয়েছে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট (নারী)-২০২৬’। ফাইনালে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।
নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পাহাড়ি জনপদে সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
দীঘিনালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। শুরু থেকেই বিভিন্ন দলের নারী খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে ফাইনালে জয় তুলে নেয় বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ পিএসসিসহ জেলা পরিষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পিএসসি বলেন, “দীঘিনালার মানুষ খেলাধুলা পছন্দ করেন। আমরা চাই, দীঘিনালা সম্প্রীতি ও সৌহার্দ্যের উদাহরণ হয়ে থাকুক। নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সুপর্ণা চাকমার মতো আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলে দীঘিনালার জন্য গৌরব বয়ে আনবে।”
স্থানীয় ক্রীড়াবিদদের মতে, নিয়মিত এমন আয়োজন হলে প্রত্যন্ত এলাকার নারী খেলোয়াড়রা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানো সম্ভব হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় দীঘিনালায় নারী ফুটবলের নতুন প্রতিভা উঠে আসবে এবং জাতীয় পর্যায়েও তারা নিজেদের অবস্থান তৈরি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ