০৫:০৩ পি.এম
প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত। মঙ্গলবার ৬ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী।
বিভা সেনগুপ্তের মৃত্যুর খবর বাংলা সংগীতাঙ্গনে শোকের ছায়া ফেলেছে। তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, মৃত্যুর মাত্র কয়েক দিন আগে তিনি বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন। গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’র পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছিল।
ত্রিপুরায় জন্মগ্রহণকারী বিভা সেনগুপ্ত ১৯৫৯ সালে কলকাতায় আসেন। সংগীতে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় মায়া সেনের কাছে। পরে মায়া সেনের মাধ্যমেই তিনি কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে গান শেখার সুযোগ পান। দীর্ঘ সংগীতজীবনে তিনি শুধু গান গাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং নিয়মিত শিক্ষাদানের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী তৈরির কাজও করেছেন।
আরও পড়ুন: অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, ভক্তদের মধ্যে আলোচনা
এক সময় সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের মতো শিল্পীদের দাপটের সময়ে বিভা সেনগুপ্ত অনেকটাই আড়ালে ছিলেন। তবে জীবনের শেষ ১০-১২ বছরে তার গান ও সংগীতসাধনা নতুন করে শ্রোতাদের নজরে আসে। তিনি প্রচার বা খ্যাতির চেয়ে গান শেখানো এবং সংগীতচর্চাকেই বেশি গুরুত্ব দিতেন।
সম্প্রতি রবীন্দ্রসদনে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক আয়োজনে ‘তবু মনে রেখো’ পরিবেশন করে বিভা সেনগুপ্ত শেষ বয়সেও নিজের কণ্ঠের মাধুর্য ও গানের প্রতি নিষ্ঠার প্রমাণ দিয়েছিলেন। তার প্রয়াণে রবীন্দ্রসংগীতের জগতে সৃষ্টি হলো এক অপূরণীয় শূন্যতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন