বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪০ পি.এম
একসময় ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য আতঙ্কের নাম। তাঁর গতি, ক্ষিপ্রতা এবং দুর্দান্ত ড্রিবলিংয়ের কারণে নিয়মিতভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করতেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে বর্তমানে সেই পরিচিত ভিনিসিয়ুস যেন হারিয়ে যাচ্ছেন। গোলের অভাব, অ্যাসিস্টের অভাব; এমনকি ড্রিবলিংয়ে সাফল্যও পাচ্ছেন না তিনি। এই পরিস্থিতিতে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহ নতুন করে দলবদলের আলোচনা উস্কে দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিন ম্যাচে ভিনিসিয়ুস একবারও সফল ড্রিবলিং করতে পারেননি। রোমা, আরবি লাইপজিগ এবং এইকে এথেন্সের বিপক্ষে খেলেও তিনি প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে কাটিয়ে উঠতে পারেননি। এইকে এথেন্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮১ মিনিট মাঠে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। পুরো ম্যাচে তিনি মাত্র একবার ড্রিবলিংয়ের চেষ্টা করেছিলেন, সেটিও ব্যর্থ হয়েছে।
ড্রিবলিংয়ের পাশাপাশি গোল এবং অ্যাসিস্টের হিসাবেও তাঁর সময় ভালো যাচ্ছে না। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের তথ্য অনুযায়ী, টানা ছয় ম্যাচে ভিনিসিয়ুস কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি। ২০২২-২৩ মৌসুমের পর এমন দীর্ঘ খরা তিনি আগে দেখেননি।
তুলনামূলক পরিসংখ্যানও তাঁর ছন্দপতনের বিষয়টি স্পষ্ট করে। ২০২৩-২৪ মৌসুমে প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.২৭টি সফল ড্রিবলিং করতেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সেই সংখ্যা নেমে এসেছে ১.৬৩-এ। শুধু সফল ড্রিবলিংয়ের সংখ্যা নয়, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার চেষ্টাও কমে গেছে। এএসের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি ২১.৬ মিনিটে একবার ড্রিবলিংয়ের চেষ্টা করছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে এই ব্যবধান ছিল মাত্র ৯.৫ মিনিট।
ভিনিসিয়ুসের এই পারফরম্যান্সের মধ্যেই সৌদি আরবের আগ্রহ আবার আলোচনায় এসেছে। বিশেষ করে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির নাম সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ভিনিসিয়ুস সৌদি আরবের গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম বড় লক্ষ্য। তাঁর এজেন্টের সঙ্গে সৌদি প্রতিনিধিদের যোগাযোগের খবরও সামনে এসেছে। তবে সেসব আলোচনা চুক্তির পর্যায়ে পৌঁছেছে, এমন নিশ্চিত তথ্য নেই।
রিয়াল মাদ্রিদের ইতিহাসও ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করছে। ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাকেও একসময় ছেড়ে দিয়েছিল মাদ্রিদ। শুধু রোনালদোই নয়, সময় ও পরিস্থিতির প্রয়োজনে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিদায় দেওয়ার ইতিহাস রয়েছে স্প্যানিশ ক্লাবটির। ফলে ভিনিসিয়ুস যত বড় তারকাই হোন না কেন, ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পারফরম্যান্স এবং আর্থিক সমীকরণ তাঁর ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারে। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরাতে না পারলে এবং সৌদি আরবের ক্লাবগুলো বড় প্রস্তাব নিয়ে এলে তাঁর মাদ্রিদ অধ্যায়ও শেষ হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
আল হিলালের প্রধান নির্বাহী এস্তেভে কালজাদাও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, ভিনিসিয়ুসকে পাওয়ার সুযোগ তৈরি হলে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করবে সৌদি আরব। এর আগে তাঁকে ঘিরে এক বিলিয়ন ইউরোর সম্ভাব্য চুক্তির খবরও প্রকাশিত হয়েছিল। তবে সৌদি প্রো লিগের কর্মকর্তারা স্পষ্ট করেছিলেন, খেলোয়াড় কেনার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ক্লাবগুলো, লিগ কর্তৃপক্ষ সরাসরি সেই প্রক্রিয়ায় যুক্ত নয়।
সব মিলিয়ে, মাঠের পারফরম্যান্সে ভিনিসিয়ুসের বর্তমান সময়টা তাঁর ক্যারিয়ারের অন্যতম কঠিন অধ্যায় হয়ে উঠছে। যে ড্রিবলিং ও আক্রমণাত্মক ফুটবল তাঁকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গিয়েছিল, সেখানেই এখন সবচেয়ে বড় ঘাটতি। এই ছন্দপতন কাটিয়ে তিনি আবার নিজের পুরোনো রূপে ফিরতে পারেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। অন্যদিকে সৌদি আরবের আগ্রহ বাস্তবে দলবদলের প্রস্তাবে রূপ নেয় কি না, সেটিও নজরে রাখার মতো বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট টেস্টে বাংলাদেশ শুরুতে ভালো অবস্থানে থাকলেও দ্বিতীয় সেশনে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছে। প্রথম ৩ উইকেট মাত্র ২৭ রানে হারানোর পর, চতুর্থ উইকেটে ১৩১ রানের জুটি গড়ে কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু উইন্ডিজকে ম্যাচে ফিরিয়ে আনেন। দ্বিতীয় সেশনের শেষদিকে হাসান মাহমুদ উইকহ্যামকে আউট করলেও, উইন্ডিজ বড় সংগ্রহের পথে রয়েছে।
দ্বিতীয় সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে। জাঙ্গু সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে থেকে সেশন শেষ করেন। অপরদিকে গ্রিভস ১৬ রান করে অপরাজিত আছেন।
দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের হতাশ করেছেন জাঙ্গু ও উইকহ্যাম। মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করার পর, এই সেশনে কোনো উইকেট না হারিয়ে আরও ৭২ রান যোগ করেন তারা।
হাসান মাহমুদ উইকহ্যামকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। হাসানের লেংথ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন উইকহ্যাম। ১৪৫ বলের ইনিংসে তিনি ৬১ রান করেন।
উইকেট হারালেও উইন্ডিজ আক্রমণাত্মক ক্রিকেট বজায় রেখেছে। চা বিরতিতে জাঙ্গু ও গ্রিভস কোনো উইকেট না হারিয়ে গেছেন।
এর আগে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। প্রথম সেশনে সফরকারীরা ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসার ফলে তৈরি পোশাকশিল্পে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শিল্পাঞ্চলগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কাজে যোগদানের ফলে পরিস্থিতির উন্নতি ঘটেছে।
শিল্প পুলিশের ডিজি (এআইজি) গাজী জসিম মন্তব্য করেন, "আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।" সার্বিকভাবে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
নারায়ণগঞ্জের পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবি সমাধানে সরকারের উদ্যোগে ন্যূনতম মজুরি বোর্ড গঠন, শ্রমিক-মালিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার উদ্যোগ এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার সিদ্ধান্ত শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন মঞ্জুর করেন। এই বিষয়ে সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।
গত ২৭ অক্টোবর, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী সংলগ্ন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাকে অর্থ ও অন্যান্য মাধ্যমে সহায়তা প্রদানকারী (মদদদাতা) হিসেবে চিহ্নিত করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া তাকে দুদকের একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র্যাব দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল। পরে বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন। পলাতক আসামী মির্জা আজমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নেয়।
মিরপুর ও উত্তরাসহ সারা দেশে ছাত্র-জনতার ওপর এই সাত প্রভাবশালী নেতার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, সুপরিকল্পিতভাবে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে এ দমনপীড়ন চালানো হয়।
তিনি আদালতকে আরও জানান, জুলাই আন্দোলনের সময় আমির হোসেন আমুর ব্যক্তিগত গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। আসামিরা সবাই মিলিতভাবে আন্দোলন দমনে উসকানি ও হত্যাযজ্ঞের মূল নির্দেশদাতা হিসেবে কাজ করেছেন।
প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে। এর মধ্যে কারাগারে থাকা ছয়জনকে আগামী ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মামলার অন্যতম আসামী মির্জা আজম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ