০২:২১ এম
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আফিয়নকারাহিসার প্রদেশের তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দেশের পুলিশ হামলাকারীকে গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে প্রদেশটির গ্রামীণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই এলাকা রাজধানী আঙ্কারা এবং উপকূলীয় শহর ইজমিরের মাঝে অবস্থিত।
প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সশস্ত্র হামলায় আটজন নিহত হয়েছেন। আহত একজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ইউকারিতানদির গ্রামে সড়কের ওপর গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে।
এছাড়া, ওই গ্রামের প্রায় আধা ঘণ্টার পথ দূরে কিয়ির গ্রামে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়। একইভাবে, আরও আধা ঘণ্টা দূরের আয়াজিনি গ্রামে উদ্ধার করা হয় তিনজনের মরদেহ।
হামলায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কোন গ্রামে হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলার পর লাল রঙের একটি গাড়িতে করে এক সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। পুলিশ ওই গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়ে বিরোধ, চাক শুমারের চাপে বৃদ্ধি
তবে হামলার কারণ, নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা সন্দেহভাজন হামলাকারীর পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন