মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:০৭ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।
পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী গুদামে সংরক্ষিত চাল ও আটার মান, মজুদের অবস্থা এবং বিতরণ কার্যক্রমের সরেজমিনে পর্যালোচনা করেন।
তেজগাঁও সিএসডিতে বর্তমানে চালু থাকা ৩৫টি গুদামের মধ্যে খাদ্যমন্ত্রী দৈবচয়ন ভিত্তিতে ১০টি গুদাম পরিদর্শন করেন।
তিনি এসব গুদামে সংরক্ষিত চাল ও আটার মান পরীক্ষা করেন এবং দায়িত্বপ্রাপ্ত গুদামরক্ষকদের সঙ্গে কথা বলেন। গুদামে চাল ও আটা কতদিন ধরে সংরক্ষিত রয়েছে, তা রেজিস্টার পর্যালোচনা করে দেখেন। একইসঙ্গে প্রতিদিন কী পরিমাণ চাল ও আটা বিতরণ করা হয় এবং মজুদ ও বিতরণ সংক্রান্ত সার্বিক তথ্য সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, তেজগাঁও সিএসডিতে মোট ৪৩টি গুদাম রয়েছে। এর মধ্যে ৪টি গুদামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণসামগ্রী সংরক্ষিত রয়েছে। বর্তমানে চালু ৩৫টি গুদামে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে।
কিছু গুদাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি মন্ত্রীর নজরে আসলে তিনি সেগুলো দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। প্রয়োজন হলে এ বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার কথাও জানান।
এ সময় সিএসডির কর্মকর্তা-কর্মচারীরা জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা খাদ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। যেসব সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মাঝেমধ্যেই এখানে চলে আসব। কেউ জানতে পারবেন না। দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
তিনি আরও বলেন, ‘দেশটা সবার। আমরা সবাই একটি পরিবারের মতো। আমরা যেমন আমাদের নিজের ঘরের জিনিস চুরি হতে দিতে পারি না, তেমনি রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না।’
খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ বুলু মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন।
তিনি এ প্রসঙ্গে আরও বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও অনিয়মের ফলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেশের উন্নয়নের জন্য মানসম্মত এবং নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়; তাদের নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা প্রয়োজন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস এবং হাজিপুর এ মজিদ উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহের উপস্থিত ছিলেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েল বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করেছে।
আসন্ন ধর্মীয় ছুটির মৌসুমের প্রেক্ষাপটে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশের ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এই অঞ্চলের দেশগুলোকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে জরুরি ভ্রমণ নির্দেশনা জারি করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত ওই নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের এসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা পরিষদের দাবি, ইরান, হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার উসকানিমূলক প্রচারণা বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষিতে আল-কায়েদা ও আইএসের মতো চরমপন্থি সংগঠনগুলো ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ায় এককভাবে (লোন উলফ) হামলা চালানোর জন্য প্ররোচনা দিচ্ছে।
নিরাপত্তা পর্যালোচনায় ভৌগোলিক নৈকট্যের কারণে তুরস্ক, আজারবাইজান এবং সংযুক্ত আরব আমিরাতকে ইরানি কার্যক্রমের উচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, জর্ডান, কাতার এবং মিসরকে ‘লেভেল ৪’ বা সর্বোচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করে সেখানে যাতায়াত এড়িয়ে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, ইসরায়েলিদের জন্য ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া এবং লেবাননে সফর সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, সোমালিয়া, লিবিয়া এবং আলজেরিয়াকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করে নাগরিকদের সেগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনের নিষিদ্ধ অঞ্চলে মাছ ধরার অপরাধে সাতজন জেলেকে আটক করেছে স্মার্ট টিমের বনক্ষীরা। সোমবার রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে মাছ ধরা জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
আটক হওয়া জেলেদের মধ্যে আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার এবং জাকির হাওলাদার অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের সকলের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থিত।
শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সুপতি এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বাদামতলা খালে মাছ ধরতে দেখা যায় জেলেদের। যেহেতু বামাদতলা খালটি অভয়ারণ্য ঘোষিত, সেহেতু সেখানে মাছ ধরার কারণে তাদের আটক করা হয়। তবে আটক জেলেরা বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের কাছ থেকে জাল ও অন্যান্য মালামলসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী মন্তব্য করেছেন, বৈধ পাস থাকা সত্ত্বেও অভয়ারণ্যে প্রবেশ এবং মাছ ধরার অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, সুন্দরবনের সব ধরনের অপরাধ দমনে বনরক্ষীদের নিয়মিত টহলের পাশাপাশি স্মার্ট টিমের টহলও জোরদার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ