শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১১ পি.এম
সুনামগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে জেলায়।
শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি কালিবাড়ি মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও ছিলেন। ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তদের নানা আয়োজনে শোভাযাত্রাটি একটি মিলন মেলায় পরিণত হয়।
এ সময় বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাড. কুশল রাজ পাল, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ব-খ্রিস্ট্রান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মলয় চক্রবর্তী রাজু এবং জেলা শাখার সভাপতি দীপক রঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, চন্দন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কাল্যাট জেলায় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) অন্তত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২ সেপ্টেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে কাল্যাট জেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে সন্ত্রাসীদের গোপন আস্তানা চিহ্নিত করে সেখানে সুনির্দিষ্ট হামলা বা ‘সার্জিক্যাল অ্যাকশন’ পরিচালনা করে। এই হামলায় ঘটনাস্থলেই ১২ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান সামরিক বাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা ভারতের মদদপুষ্ট গোষ্ঠী ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সাথে যুক্ত ছিল।
অভিযান শেষে উক্ত আস্তানা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র এবং আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয় এবং সেনা সদস্যরা ঘটনাস্থলেই তা ধ্বংস করে দেয়। এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে আইএসপিআর পুরো এলাকায় তল্লাশি অভিযান জোরদার করার কথা জানিয়েছে।
এদিকে, একই সময়ে বালুচিস্তানের ভাগ (Bhagh) শহরে একটি থানায় বড় ধরনের সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, প্রায় ৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রকেট ও হ্যান্ড গ্রেনেড নিয়ে থানায়, ব্যাংকে এবং সহকারী কমিশনারের কার্যালয়ে হামলার চেষ্টা চালায়। এতে পুলিশ ও সাধারণ নাগরিকসহ অন্তত ৫ জন আহত হলেও হামলাকারীরা ব্যাংক থেকে কোনো অর্থ লুট বা থানায় দখল নিতে সক্ষম হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলা ও সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামগ্রিক সহিংসতার প্রায় ৯৬ শতাংশ ঘটনা ঘটেছে এই দুই অঞ্চলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মদন থানার পুলিশ পাচারের সময় দুইটি হ্যান্ডট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে। এই ঘটনায় চালক দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে নেত্রকোনা জেলার মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকা দিয়ে চালগুলো পাচার হচ্ছিল, তখন হ্যান্ডট্রলিগুলো আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে উপজেলার দেওসহিলা বড়বাড়ি গ্রামের মামুন মিয়া (২৮) এবং একই গ্রামের আকাল্লাহ (২৪)।
মদন থানার পরিদর্শক অসীম চন্দ্র সরকার জানিয়েছেন, ফতেপুর গ্রামের দিক থেকে সরকারি চাল বোঝাই দুইটি হ্যান্ডট্রলি মদনের দিকে আসছিল।
পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলিগুলোতে তল্লাশি চালায় এবং সরকারি চাল উদ্ধার করে। চালের সঠিক তথ্য দিতে না পারায় এবং কোন কাগজপত্র দেখাতে না পারায় দুই চালককে আটক করা হয়। সেইসাথে ১০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাদির হোসেন শামীম জানিয়েছেন, পুলিশ কর্তৃক জব্দকৃত সরকারি চালের বিষয়ে থানায় মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা।
পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে মথুরার রাজা কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্মকে স্মরণ করেই জন্মাষ্টমী পালিত হয়।
শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষায় ধর্ম, ন্যায়, কর্তব্য ও মানবকল্যাণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
গোপালপুরের এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার একটি সুন্দর প্রকাশও।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ছবিতে: গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় আজ নানা আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী কালিমাতা মন্দিরে শ্রীকৃষ্ণের মহানাম কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম-আহাবায়ক মো. সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মো. মাহবুব উর রহমান, শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক তাপস সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবারের কর্মসূচিতে শহরের শ্রী শ্রী শিব মন্দির, মিলনপল্লী, বাড়াইপাড়া মন্দির, যোগমায়া এবং সনাতন গীতা সংঘ, শারদাঞ্জলি ফোরাম, জেলা পূজা উদযাপন ফ্রণ্ট, হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রণ্টসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য এবং সাধারণ ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।
শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, মন্দির কমিটির আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার সকালে কর্মসূচির সমাপ্তি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ