ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত


অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : আবহাওয়া অধিদপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা আসে।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে।

আরও পড়ুন: বগুড়ায় 'হাত ধোয়ার নায়ক হোন' শ্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২,৪৪৬ মামলা করেছে ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২,৪৪৬ মামলা করেছে ডিএমপি

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ডিএমপির ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৪৬টি মামলা দায়ের করেছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মামলাগুলি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১০৭টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮১টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১২টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩২০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৯০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৫৮টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩৮৫টি মামলা রেকর্ড করা হয়েছে।

অভিযানের সময় ৭৩৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগল ম্যাপে বিশ্বসেরা ৪.৮ রেটিং পেল টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


গুগল ম্যাপে বিশ্বসেরা ৪.৮ রেটিং পেল টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট

কানাডার টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গুগল ম্যাপে ৫-এর মধ্যে ৪.৮ রেটিং অর্জন করেছে। এই রেটিংটি ৩ হাজারের বেশি পর্যালোচনার ভিত্তিতে প্রাপ্ত হয়েছে এবং কনস্যুলেট কর্তৃপক্ষ দাবি করেছে, এটি বিশ্বব্যাপী কূটনৈতিক মিশনগুলোর মধ্যে সর্বোচ্চ।

এই রেটিং কনস্যুলেটের সেবা গ্রহণকারী বিপুলসংখ্যক মানুষের অভিজ্ঞতা ও মতামতকে প্রতিফলিত করে। এটি কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনের প্রতি আরো সহজলভ্য, দক্ষ, স্বচ্ছ ও সাড়া-দানে সক্ষম কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতিও।

কনস্যুলার সেবা গ্রহণের সঙ্গে যুক্ত সময়, ব্যয় ও ভোগান্তি কমানোর লক্ষ্যে কনস্যুলেট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে একই দিনে এনভিআর, পাওয়ার অব অ্যাটর্নি এবং নথি সত্যায়নের কাজ সম্পন্ন করার ব্যবস্থা। ফলে বিশেষ করে দূরবর্তী প্রদেশগুলো থেকে আসা আবেদনকারীরা একবারের ভ্রমণেই তাদের কাজ সম্পন্ন করতে পারছেন। অধিকাংশ সেবার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি সেবা গ্রহণের সুযোগও চালু করা হয়েছে। এছাড়াও, অ্যাপয়েন্টমেন্টের শর্ত শিথিল করায় দূর-দূরান্তের প্রদেশ থেকে আসা আবেদনকারীরা উপকৃত হচ্ছেন।

প্রয়োজনীয় নথি, প্রক্রিয়া, ফি ও কাজ সম্পন্নের শর্তাবলীর বিষয়ে ধাপে ধাপে নির্দেশনা সম্বলিত ব্যবহারবান্ধব ওয়েবসাইটের মাধ্যমে তথ্যপ্রাপ্তির সুযোগকে আরো জোরদার করা হয়েছে। একটি পরামর্শকেন্দ্র নথি প্রস্তুত এবং সেবা-সংক্রান্ত জিজ্ঞাসায় সহায়তা করে। এ ছাড়া, অনলাইন ভিডিও লাইব্রেরিতে কনস্যুলার প্রক্রিয়াগুলো সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।

কনস্যুলেট জেনারেল কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়িত ফেসবুক মেসেঞ্জারে রিয়াল টাইম উত্তর প্রদান ব্যবস্থা, একটি নির্দিষ্ট কল-সেন্টার হটলাইন এবং টেলিফোন কলের উত্তর নিশ্চিত করার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যোগাযোগের মাধ্যমকে আরো সম্প্রসারিত করেছে। লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যম সেশনে কর্মকর্তারা কনস্যুলার সেবা ব্যাখ্যা করেন, প্রশ্নের উত্তর দেন এবং প্রচলিত ভুল-বোঝাবুঝি দূর করেন—টরন্টোর বাইরে বসবাসরত প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের জন্যও।

অফিসের সময়সূচিসহ গুগল ম্যাপের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়, যাতে আবেদনকারীরা তাদের সফরের পরিকল্পনা করতে এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে পারেন। কনসাল জেনারেলের নিয়মিত সরাসরি যোগাযোগ সেবাপ্রত্যাশীদের উদ্বেগ জানানোর এবং জটিল বা ব্যতিক্রমী বিষয়গুলোর প্রতি যথাযথ মনোযোগ আকর্ষণের একটি অতিরিক্ত সুযোগ তৈরি করেছে।

গুগল রিভিউ একদিকে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার নথি হিসেবে কাজ করে, অন্যদিকে প্রক্রিয়া উন্নয়নের জন্য মতামতের উৎস হিসেবেও ব্যবহৃত হয়। এগুলো কনস্যুলেটকে বারবার উঠে আসা উদ্বেগসমূহ চিহ্নিত করতে, সেবাব্যবস্থা মূল্যায়ন করতে এবং আরো উন্নয়নের উদ্যোগ নিতে সহায়তা করে।

সমন্বিতভাবে, এসব পদক্ষেপ অপ্রয়োজনীয় যাতায়াত, বারবার আসা, অপেক্ষার সময় এবং সংশ্লিষ্ট ব্যয় কমিয়েছে। একই সঙ্গে বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, প্রথমবার আবেদনকারী, সীমিত ডিজিটাল দক্ষতাসম্পন্ন ব্যক্তি এবং গ্রেটার টরন্টো এলাকার বাইরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগও উন্নত হয়েছে।

কনস্যুলেট জেনারেল ৩ হাজারের বেশি পর্যালোচনার ভিত্তিতে অর্জিত গুগল ম্যাপে ৫-এর মধ্যে ৪.৮ রেটিংকে সেবা প্রদানের ক্ষেত্রে জনগণের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করে। এই অর্জন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করে এবং বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে সহজলভ্য, জবাবদিহিমূলক, দক্ষ ও জনকল্যাণমুখী সেবা প্রদানে কনস্যুলেট জেনারেল, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে কিনা, গণশুনানি আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে কিনা, গণশুনানি আগামীকাল

গত ৪ অক্টোবর, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একবারে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকায় নির্ধারণ করেছিল। সেই সময়ের ক্ষতির পর, আমদানিকারক, পরিবেশক এবং খুচরা বিক্রেতারা পরিবহণ, মজুত এবং বিপণনের বিভিন্ন খরচের কারণে কমিশনের কাছে আবারও দাম বৃদ্ধির দাবি তুলেছেন।

এখন এই দাবির প্রেক্ষিতে সিলিন্ডারের দাম বাড়বে কিনা, তা নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিইআরসি সরকারি ও বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের দর সংশোধনের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করবে।

গণশুনানির মূল উদ্দেশ্য হলো এলপিজি বোতলজাতকরণ, মজুত এবং বিক্রির প্রতিটি স্তরে লভ্যাংশ ও খরচ বৃদ্ধির প্রস্তাবগুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা।

সর্বশেষ ৪ অক্টোবর, বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকায় নির্ধারণ করে। সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বৃদ্ধি পায়। প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা শূন্য ৬ পয়সা নির্ধারণ করা হয়।

অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা শূন্য ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

৪ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে পাঁচ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ৮৩৭ টাকা, এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, ১৫ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা, এবং ২০ কেজির সিলিন্ডারের মূল্য ৩ হাজার ৬১ টাকা ধার্য করা হয়।

বড় সিলিন্ডারগুলোর মধ্যে ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির দাম ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে সরকারি অফিসে ঘুষ বাণিজ্যের ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


পঞ্চগড়ে সরকারি অফিসে ঘুষ বাণিজ্যের ভিডিও প্রকাশ

পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসে অভিযোগ উঠেছে যে, ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। অফিসটির দুই কর্মচারীর ঘুষ গ্রহণের ভিডিও প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মচারীরা হলেন- ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আল আমিন লাবু এবং অফিস সহায়ক হারুন অর রশিদ। দীর্ঘ সময় ধরে তাঁদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ থাকলেও সম্প্রতি ঘুষ আদায়ের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।

সরকারি ভূমি অফিসে জমির বিভিন্ন কাগজপত্র ঠিক করতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত সরকারি ফির অতিরিক্ত টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়। নামজারি বা মিউটেশনের বিভিন্ন কারণে সেবা প্রার্থীদের কাছ থেকে আল আমিন লাবু তিন হাজার টাকা এবং নামজারির শুনানির তারিখ নির্ধারণ ও সিরিয়াল দেওয়ার নামে হারুন অর রশিদ এক হাজার টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সালাম জানান, দীর্ঘদিন আগে নামজারির আবেদন করলেও তাঁর ফাইল টেবিলে উঠছিল না। একপর্যায়ে হারুন ও লাবু স্পষ্ট জানিয়ে দেন যে টাকা দিলেই কেবল কাজ হবে। পরে উপায় না পেয়ে তাঁদের দুজনকে চার হাজার এবং সার্ভেয়ারসহ কর্মকর্তার জন্য পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন।

তবে অভিযুক্ত ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আল আমিন লাবু ও অফিস সহায়ক হারুন অর রশিদ ক্যামেরায় ঘুষ গ্রহণের দৃশ্য ও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

অতিরিক্ত দায়িত্বে থাকা বোদা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সোয়েব বলেন, "আমি সেখানে সপ্তাহে দুই একদিন যাই এবং কেবল কাগজপত্র দেখে রিপোর্ট দিই। এর বাইরে আমি কিচ্ছু জানি না। আমার নাম বলে যদি কারো কাছ থেকে কেউ অর্থ নেয়, তবে সেটার দায় সম্পূর্ণ তার নিজের।"

বোডা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম এ বিষয়ে জানান, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%