শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:০১ পি.এম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়া শনিবার (১২ আগস্ট) শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং আইনানুগ হেফাজতে থাকা ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন।
আজ সকালে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইনিশিয়েটিভ’ প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আহমেদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও- ১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ইসির তথ্যমতে, দেশের ভেতর ও বাইরের ভোটারদের মধ্যে প্রায় ৫ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট বিতরণ করা হবে।
ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। ৬ অক্টোবর ইসি সেই আপিলগুলোর নিষ্পত্তি করবে। প্রার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।
ইসির তথ্যমতে, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
মোট ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন ভোটার ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনায় ৩ হাজার ১৫২ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন; যার মধ্যে রয়েছেন ১৮৫ জন প্রিসাইডিং অফিসার, ৯৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং অফিসার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"রাখিব চারিপাশ পরিস্কার"" করিব ডেঙ্গু মশক প্রতিকার" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার সকাল ৯ টায় বাকেরগঞ্জ পৌরসভা কক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক প্রতিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত সকলে ভিডিওর মাধ্যমে ডেঙ্গু সচেতনা বৃদ্ধিতে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনামুলক বক্তব্য শোনেন।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, রিপোটার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গনসচেতনা বাড়ানোর লক্ষে পৌর ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়।
পরে সকলের অংশগ্রহনে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট, বাজার রোড ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। আসুন সকলে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৮ বছর বয়সি এক তরুণীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।। খবর বিবিসির।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুয়াঁ শহরের দক্ষিণে ক্লেওঁ কমিউনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই প্রায় ১৪০ জন দমকলকর্মী ও জরুরি সেবার সদস্যকে উদ্ধারকাজে মোতায়েন করা হয়।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত জানান, ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। এটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর কর্তৃপক্ষ ব্যাপক হতাহতের পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ জরুরি পরিকল্পনা চালু করে।
দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, যাত্রীরা দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে বের হয়ে আসছেন। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটির তিনটি বগি উল্টে যায়।
এদিকে ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনা সংস্থা এসএনসিএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণে ওই অঞ্চলের রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বাস সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোগীসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব করতে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
সভায় তিনি প্রতিটি রোগীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, দায়িত্ব পালনে নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ সেবাপ্রত্যাশী। তাদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণ করা সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব। কোনো রোগী বা স্বজন যেন সরকারি স্বাস্থ্যসেবা নিতে এসে অযথা ভোগান্তির শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত করা, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : শুক্রবার ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দিদের পরিবারের সদস্যরা রাজধানী কারাকাসের কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
এদিন তারা একটি বিরল পদক্ষেপ হিসেবে সরাসরি প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে একটি চিঠি হস্তান্তর করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটিতে দীর্ঘকাল ধরে ক্ষমতাসীন চাভিসমো রাজনৈতিক দল রাজধানীর কেন্দ্রস্থলে, বিশেষ করে প্রেসিডেন্টের কার্যালয়ের আশপাশে, বিক্ষোভের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে।
তবে শুক্রবার প্রায় ১০০ জন বিক্ষোভকারী মিরাফ্লোরেস প্রাসাদ পর্যন্ত মিছিল নিয়ে যেতে সক্ষম হন। তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে আরও রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ডেলসি, আপনি যদি আলোচনা করতে চান, তাহলে বন্দিদের মুক্তি দিয়ে শুরু করুন!’
মিছিলটি প্রাসাদের কাছে একটি পুলিশ ব্যারিকেড পর্যন্ত পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদেরকে আটকে দেয়। পরে বিক্ষোভকারীদের দুজন প্রতিনিধিকে প্রেসিডেন্টের প্রাসাদের একটি প্রতিনিধি দল গ্রহণ করে ও তাদের চিঠিটি নেয়।
তবে ডেলসি রদ্রিগেজ নিজে বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন না। তিনি সরকারি সফরে প্রতিবেশী দেশ সুরিনামে অবস্থান করছিলেন।
রাজনৈতিক বন্দি হিসেবে ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির বোন মার্গারেথ বাদুয়েল বলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী প্রেসিডেন্টের কাছে একটি লিখিত আবেদন পৌঁছে দেওয়া।
তিনি উল্লেখ করেন, ‘কারণ, তিনি রাজনৈতিক বন্দিদেরকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই ঘোষণাগুলোর সবগুলো বাস্তবায়ন হয়নি।’
মার্গারেথের বাবা রাউল ইসাইয়াস বাদুয়েল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ‘হুগো চাভেজের’ আমলে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তিনি ২০২১ সালে কারাগারেই মারা যান।
গত মাসে ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাদের আলোচনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দপ্তর ১৩১ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়।
তবে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এখন পর্যন্ত প্রায় ৮০ জনের মুক্তির বিষয়টিকে নিশ্চিত করতে পেরেছে।
তাদের হিসাব অনুযায়ী, আরও ৩০০ জনের বেশি রাজনৈতিক বন্দি এখনো আটক রয়েছেন।
শুক্রবারের এই বিক্ষোভ এমন এক সময়ে হলো, যখন অন্তর্বর্তী সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মাদুরো-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ