শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:০৫ পি.এম
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৮ বছর বয়সি এক তরুণীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।। খবর বিবিসির।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুয়াঁ শহরের দক্ষিণে ক্লেওঁ কমিউনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই প্রায় ১৪০ জন দমকলকর্মী ও জরুরি সেবার সদস্যকে উদ্ধারকাজে মোতায়েন করা হয়।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত জানান, ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। এটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর কর্তৃপক্ষ ব্যাপক হতাহতের পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ জরুরি পরিকল্পনা চালু করে।
দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, যাত্রীরা দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে বের হয়ে আসছেন। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটির তিনটি বগি উল্টে যায়।
এদিকে ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনা সংস্থা এসএনসিএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণে ওই অঞ্চলের রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বাস সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোগীসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব করতে রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।
সভায় তিনি প্রতিটি রোগীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, দায়িত্ব পালনে নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ সেবাপ্রত্যাশী। তাদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণ করা সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব। কোনো রোগী বা স্বজন যেন সরকারি স্বাস্থ্যসেবা নিতে এসে অযথা ভোগান্তির শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত করা, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : শুক্রবার ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দিদের পরিবারের সদস্যরা রাজধানী কারাকাসের কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
এদিন তারা একটি বিরল পদক্ষেপ হিসেবে সরাসরি প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে একটি চিঠি হস্তান্তর করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটিতে দীর্ঘকাল ধরে ক্ষমতাসীন চাভিসমো রাজনৈতিক দল রাজধানীর কেন্দ্রস্থলে, বিশেষ করে প্রেসিডেন্টের কার্যালয়ের আশপাশে, বিক্ষোভের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে।
তবে শুক্রবার প্রায় ১০০ জন বিক্ষোভকারী মিরাফ্লোরেস প্রাসাদ পর্যন্ত মিছিল নিয়ে যেতে সক্ষম হন। তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে আরও রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ডেলসি, আপনি যদি আলোচনা করতে চান, তাহলে বন্দিদের মুক্তি দিয়ে শুরু করুন!’
মিছিলটি প্রাসাদের কাছে একটি পুলিশ ব্যারিকেড পর্যন্ত পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদেরকে আটকে দেয়। পরে বিক্ষোভকারীদের দুজন প্রতিনিধিকে প্রেসিডেন্টের প্রাসাদের একটি প্রতিনিধি দল গ্রহণ করে ও তাদের চিঠিটি নেয়।
তবে ডেলসি রদ্রিগেজ নিজে বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন না। তিনি সরকারি সফরে প্রতিবেশী দেশ সুরিনামে অবস্থান করছিলেন।
রাজনৈতিক বন্দি হিসেবে ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির বোন মার্গারেথ বাদুয়েল বলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী প্রেসিডেন্টের কাছে একটি লিখিত আবেদন পৌঁছে দেওয়া।
তিনি উল্লেখ করেন, ‘কারণ, তিনি রাজনৈতিক বন্দিদেরকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই ঘোষণাগুলোর সবগুলো বাস্তবায়ন হয়নি।’
মার্গারেথের বাবা রাউল ইসাইয়াস বাদুয়েল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ‘হুগো চাভেজের’ আমলে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তিনি ২০২১ সালে কারাগারেই মারা যান।
গত মাসে ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাদের আলোচনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দপ্তর ১৩১ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়।
তবে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এখন পর্যন্ত প্রায় ৮০ জনের মুক্তির বিষয়টিকে নিশ্চিত করতে পেরেছে।
তাদের হিসাব অনুযায়ী, আরও ৩০০ জনের বেশি রাজনৈতিক বন্দি এখনো আটক রয়েছেন।
শুক্রবারের এই বিক্ষোভ এমন এক সময়ে হলো, যখন অন্তর্বর্তী সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মাদুরো-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির উদ্বোধন সারা দেশে করা হয়েছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জে তিন মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সহকারী কমিশনার মো. ফজলুল করিম টিপু, সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর অ্যাড.কেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সদর উপজেলার স্কাউটের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্কাউট দলের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় সকলকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোনো স্থানে পানি জমতে না দেয়ার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষকদের কাছে সময়মতো ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই গুদাম চালুর ফলে বরিশাল অঞ্চলে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে গুদামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (উৎপাদন ও গবেষণা) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্মসচিব মো. মনিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মু. খায়রুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিপণন) মো. মঞ্জুর রেজা, বরিশাল বাফার গুদামের ইনচার্জ শাহ আলম গাজী, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম, উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিকসহ সার ডিলার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিআইসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান বলেন, কৃষকদের কাছে সময়মতো এবং সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও সমন্বিত করার লক্ষ্যে বিসিআইসি কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে কোথাও সার নিয়ে কোনো সমস্যা বা ঘাটতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সঙ্গে সার নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের গুদামগুলোতে প্রচুর পরিমাণ সার মজুত রয়েছে। বরিশালে উদ্বোধন করা নতুন বাফার গুদামটির ধারণক্ষমতা ৩ হাজার মেট্রিক টন। এই গুদামের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সার সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। এতে কৃষক পর্যায়ে সারপ্রাপ্তির ক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য যাচাই করে নেওয়া জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হলে কৃষকদের মধ্যে বিভ্রান্তি দূর হবে এবং সার সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়বে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ বলেন, কৃষকদের স্বার্থে সার সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে তা কঠোরভাবে নজরদারি করা হবে। বাফার গুদামের কার্যক্রমের মাধ্যমে বরিশাল অঞ্চলে সার ব্যবস্থাপনা আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (উৎপাদন ও গবেষণা) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্মসচিব মো. মনিরুজ্জামান বলেন, বাফার গুদামটি চালুর ফলে প্রয়োজনের সময় সার মজুত করা এবং দ্রুত বিভিন্ন এলাকায় সরবরাহের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহে সমন্বয় আরও বাড়বে এবং সার ব্যবস্থাপনা সহজতর হবে। কৃষি উৎপাদনের সঙ্গে সার সরবরাহ সরাসরি সম্পৃক্ত। তাই কৃষকের স্বার্থে বিসিআইসি, প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সারসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা যাচাই করে গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ রইল।
এ সময় বিভিন্ন সার ডিলার তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ