০২:১৯ পি.এম
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নেভার মাইন্ড’ নিয়ে যে চর্চা চলছে, তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক ও বিভিন্ন আচরণ নিয়েও আলোচনা চলছে। তবে শুধুমাত্র পোশাকের কারণেই নয়, একটি বিশেষ মুদ্রাদোষের জন্যও তাকে প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়।
বিভিন্ন সাক্ষাৎকারে অথবা কথা বলার সময় অভিনেত্রীর বারবার চুলে হাত দেওয়ার অভ্যাসটি সোশ্যালে ট্রোলিং-এর একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই স্বভাবের জন্য তাকে উপহাস করেন, আবার কেউ কেউ মনে করেন যে দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি এমনটা করেন। এ বার এই ট্রোলিং এবং নিজের বিশেষ অভ্যাসটি নিয়ে নিজেই মুখ খুলেছেন ঋতুপর্ণা।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, জরুরি পরিষেবা থাকবে সচল
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একটি বদভ্যাসের সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে, কথা বলার মধ্যে বারবার চুলে হাত দেওয়া তার পুরোনো অভ্যাস। ঋতুপর্ণা বলেন, কথা বলার সময় তার মনে হয় যে চুলটা হয়তো ঠিকভাবে সেট করা নেই, এবং সেই কারণেই অবচেতনভাবে হাত চলে যায় চুলের দিকে। তিনি জানান, এটি তার ছোটবেলার অভ্যাস হলেও একা থাকার সময় সাধারণত এমনটা করেন না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন যে তিনি বাড়তি সচেতন হয়ে পড়েন এবং নিজের অজান্তেই চুলে হাত দিয়ে বসেন, তা তার কাছে রহস্যময়।
এছাড়াও, চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আর সেই রেশ ধরেই অভিনেত্রীর এই পুরোনো মুদ্রাদোষের বিষয়টি আবারও নেটজনতার মধ্যে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন