১২:২৪ পি.এম
ভারতের রাজধানী দিল্লির ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি বাসনপত্রের কারখানায় পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন সন্দীপ (৪৭) নামের এক বিবাহিত ব্যক্তি। পুলিশের ধারণা, তিনি এক তরুণীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাওয়ার হতাশা থেকে এই চরম পদক্ষেপ গ্রহণ করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্দীপ উত্তর প্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে দিল্লিতে আসেন। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি কারখানায় কর্মরত ২০ বছর বয়সী এক তরুণীর বাবার সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সেই সম্পর্কের কারণে সন্দীপ প্রায়ই বন্ধুর বাড়িতে যাতায়াত করতেন এবং এক পর্যায়ে বন্ধুর মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তবে কিছুদিন আগে ওই নারী সন্দীপের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি দিল্লিতে চলে আসেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্দীপ ওই নারীর কর্মস্থলে হাজির হয়ে দুটি পেট্রলভরা বোতল নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তিনি নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। কারখানার শ্রমিকরা দ্রুত আগুন নিভিয়ে তাকে দীপ চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে সন্দীপ তার আত্মহত্যার জন্য ওই তরুণীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টিকে দায়ী করেছেন। তবে ওই নারী সন্দীপের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে কানপুরেও অনুরূপ আরেকটি ঘটনায় বিবাহিত প্রেমিকার বাড়িতে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন