ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান


মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন।

স্যান্ডার্স শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, ‘আমরা শুধু প্রস্তাব পাস করেই এই যুদ্ধ বন্ধ করতে পারব না; যুদ্ধ বন্ধ করতে হলে এর অর্থায়ন বন্ধ করতে হবে—এটাই করণীয়।’

তিনি আরও জানান, ‘এ যুদ্ধ অবৈধ এবং অসাংবিধানিক। এ যুদ্ধে ১৯ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন। এছাড়া যুদ্ধের পেছনে শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।’

আরও পড়ুন: বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত, দিল্লির কারখানায় আত্মহনন ব্যক্তির

ভারমন্ট অঙ্গরাজ্যের এই স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ককাসভুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা যুদ্ধ বন্ধের পক্ষে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: ট্রাম্পের ইরানে ‘দখলের’ ইঙ্গিত, সামরিক অভিযানকে ‘যুদ্ধ’ বললেন না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো মাত্র ১০ ঘণ্টায় মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


রোনালদো মাত্র ১০ ঘণ্টায় মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন

সবুজ ঘাসের ২২ গজে দুই যুগেরও বেশি সময় ধরে চলা তাদের রূপকথার লড়াইয়ের সমাপ্তি ঘটেছে আগেই। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন থামছে না আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। পর্তুগালের লাল-সবুজ জার্সি চিরতরে তুলে রাখার ঘোষণা দিয়ে এবার ইনস্টাগ্রামের জনপ্রিয়তায় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়েছেন সিআরসেভেন।

পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো যে বিদায়ী ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন, তাতে পড়া লাইকের সংখ্যা পেছনে ফেলে দিয়েছে মেসির আন্তর্জাতিক অবসরের পোস্টকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ ফরোয়ার্ড মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই এই অনন্য কীর্তি গড়ে ফুটবলবিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রায় পাঁচ মিনিটের এক আবেগঘন ভিডিও প্রকাশ করে পর্তুগাল দল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা স্মৃতিচারণার পাশাপাশি সতীর্থ, পরিবার ও কোটি কোটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

মার্কিন সংবাদমাধ্যম ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিডিও প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই রোনালদোর পোস্টে ২ কোটি ৬০ লাখ লাইক পড়ে। অথচ এর বিপরীতে গত ৩১ আগস্ট মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পোস্টে তখন লাইক ছিল ১ কোটি ৯৭ লাখ। অর্থাৎ দুই মাসেরও বেশি সময় আগে প্রকাশিত মেসির বিদায়ি পোস্টটিকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ছাড়িয়ে যান রোনালদো।

এর পরও এই উন্মাদনা থামেনি। মেক্সিকোর ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই রোনালদোর ভিডিওর লাইক ৩ কোটি ৮ লাখে পৌঁছে যায়, যেখানে একই সময়ে মেসির পোস্টে লাইক ছিল ১ কোটি ৯৮ লাখ। অর্থাৎ দুই মহাতারকার বিদায়ি পোস্টের ব্যবধান দাঁড়ায় প্রায় ১ কোটি ১০ লাখে।

পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের ‘গালফ নিউজ’-এর তথ্য মতে, রোনালদোর ভিডিওর লাইক বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৩ কোটি ২০ লাখে, আর কমেন্ট আসে ৩২ লাখের বেশি এবং শেয়ার বা রিপোস্ট হয় প্রায় ৬২ লাখ বার। এমনকি ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় ৪৫ কোটি ৫০ লাখ। অন্যদিকে, মেসির বিদায়ি পোস্টে তখন লাইক ছিল প্রায় ২ কোটি, মন্তব্য ৮ লাখ ৯২ হাজার এবং শেয়ার বা রিপোস্ট ২৬ লাখ। তবে ভিউয়ের সংখ্যার দিক থেকে তখনো সামান্য এগিয়ে ছিলেন আর্জেন্টাইন জাদুকর, যার পোস্টে ভিউ ছিল ৪৬ কোটির বেশি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে রোনালদোর ভিডিওর দর্শকসংখ্যাও সমস্ত রেকর্ড ছাড়িয়ে যায়। আরব সংবাদমাধ্যম ‘আল আরাবিয়া’র প্রতিবেদনে জানানো হয়, পর্তুগিজ তারকার সেই ঐতিহাসিক পোস্টে লাইক পৌঁছায় প্রায় ৩ কোটি ৩৫ লাখে এবং ভিডিওটির মোট ভিউ ছাড়িয়ে যায় ৪৮ কোটি ৬০ লাখ। ফলস্বরূপ, কেবল লাইকের সংখ্যাতেই নয়, বরং ভিডিও দেখার সার্বিক জনপ্রিয়তায়ও এক বিশাল মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত এই হিসাবগুলো ভিন্ন সময়ে সংগৃহীত।

অবশ্য রোনালদোর এই বিশাল অর্জনকে ইনস্টাগ্রামের সর্বকালের সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টের বিশ্বরেকর্ড বলা যাবে না। ইন্টারনেটের দুনিয়ায় সেই মুকুট এখনো শক্তভাবে নিজেদের দখলেই রেখেছেন লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সোনালী ট্রফি উঁচিয়ে ধরার কয়েকটি স্মরণীয় ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন মেসি, যা পরবর্তীতে ৭ কোটিরও বেশি লাইক কুড়িয়ে নেয়। ২০২৩ সালের ২৪ মার্চ ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ ওই পোস্টের লাইক সংখ্যা ৭ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৪৭টি বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিল।

ফুটবল দুই মহাতারকার এই অবসরের ধরণ ও প্রক্রিয়াতেও ছিল ভিন্নতা। গত ৩১ আগস্ট নিজের হাতে লেখা একটি মার্জিত ও আবেগঘন চিঠির ছবি শেয়ার করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন মেসি। এরপর গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ গোলের জয় উপহার দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আর্জেন্টিনা অধিনায়ক।

অন্যদিকে রোনালদো বেছে নিয়েছিলেন একটি দীর্ঘ ভিডিওবার্তা। পর্তুগালের হয়ে দুই দশকের দীর্ঘ যাত্রার নানা না বলা গল্প তুলে ধরে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। সেই ভিডিওতে জাতীয় দলের ‘সাত নম্বর’ জার্সিটি এবার আনুষ্ঠানিকভাবে অন্য কারো হাতে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন পর্তুগিজ কিংবদন্তি।

২০০৩ সালে দেশের জার্সিতে অভিষেকের পর দীর্ঘ পথচলায় ২৩৪ ম্যাচে মাঠে নেমে ১৪৬টি গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের অবিসংবাদিত রেকর্ড নিজের কাঁধে নিয়েই বিদায় নিলেন তিনি। দেশের হয়ে জিতেছেন ২০১৬ সালের ঐতিহাসিক ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের দুটি উয়েফা নেশন্স লিগ শিরোপা।

এর বিপরীতে আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন লিওনেল মেসি। তার জাদুকরী নেতৃত্বেই ২০২২ সালের বহুকাঙ্ক্ষিত বিশ্বকাপ ছাড়াও দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃদয়ের সেঞ্চুরিতে লাঞ্চে বাংলাদেশ, তবে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


হৃদয়ের সেঞ্চুরিতে লাঞ্চে বাংলাদেশ, তবে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে

গত ম্যাচের বাজে আউটটি নিঃসন্দেহে তাওহীদ হৃদয়কে অনেক পুড়িয়েছে। তবে সিলেট টেস্টে দলের প্রয়োজনে তিনি একাই ঢাল হয়ে দাঁড়িয়েছেন, যদিও গত ম্যাচে তেমন কিছু করতে পারেননি। দলের বিপর্যয়ের মধ্যেই হৃদয় তুলে নিয়েছেন একটি দারুণ সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথে একমাত্র কাঁটা হয়ে এখনও অপরাজিত রয়েছেন এই ডানহাতি ব্যাটার।

সিলেট টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ২০৫ রান করেছে। প্রথম ইনিংসে এখনও উইন্ডিজের চেয়ে ১৫১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। হৃদয় সেঞ্চুরি করে ১০০ রানে অপরাজিত আছেন।

৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি হৃদয়ের প্রথম সেঞ্চুরি। ১৭১ বল খেলে সেঞ্চুরিটি করেছেন তিনি। ১১টি চারের সঙ্গে একটি ছক্কাও মেরেছেন।

৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে রোববার বাংলাদেশ প্রথম ৭ ওভার নির্বিঘ্নে কাটিয়েছিল। রানের গতিও ছিল ভালো। প্রথম ৭ ওভারে বাংলাদেশ ৩৩ রান তুলেছিল। কিন্তু মুশফিকুর রহিমের বিদায়ে ছন্দপতন ঘটে। জোমেল ওয়ারিক্যানের হাওয়ায় ভাসানো বলে ড্রাইভ খেলে শর্ট কাভারে সহজ ক্যাচ তুলে দেন অভিজ্ঞ মুশফিক। ৩৪ রান করে তিনি আউট হন।

মুশফিকের মতো একই ধরনের আউট হয়েছেন লিটন দাসও। ওয়ারিকানের ধীরগতির বলে আক্রমণাত্মক ভঙ্গিতে ড্রাইভ করতে গিয়ে কাভারে দাঁড়িয়ে থাকা কিংয়ের হাতে ক্যাচ দেন উইকেটরক্ষক ব্যাটার। ৮ রান করে লিটন ফেরেন।

লিটনের বিদায়ের পর মেহেদী মিরাজের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন হৃদয়। দুজনেই বেশ সাবলীলভাবে ব্যাটিং করছিলেন। সুইপ খেলতে গিয়ে আউট হন হৃদয়।

এই ক্যাচে জাস্টিন গ্রিভসের কৃতিত্ব অনেক বেশি। চেজের বলে মিরাজ আগেভাগেই প্যাডেল সুইপ খেলার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু বলটি মাটিতে রাখতে পারেননি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা গ্রিভস আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। তিনি দ্রুত পাশের দিকে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন।

বল হাতে আগুন ঝরানো হাসান ব্যাট হাতে কেবল ১ রান করতে পেরেছেন। ১ রানে অপরাজিত রয়েছেন তাইজুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত মাদরাসাছাত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


আদিতমারীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত মাদরাসাছাত্র

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাপটিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (১১) ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা গন্তব্যের দিকে যাচ্ছিল, যখন খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছায়, বুড়িমারীগামী একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এ কারণে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতদের মধ্যে রয়েছেন— সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক নিরাপত্তা আইনের খসড়ায় মানবিক উদ্ধারকারীদের আইনি সুরক্ষার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


সড়ক নিরাপত্তা আইনের খসড়ায় মানবিক উদ্ধারকারীদের আইনি সুরক্ষার প্রস্তাব

মোশতাক আহমদ

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানবিক সহায়তাকারীর বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করা যাবে না। এমনকি আহত ব্যক্তির মৃত্যুর ঘটনাতেও কেবল তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্ধারকারীকে দায়ী করা যাবে না।

সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষা এবং উদ্ধারকাজে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সড়ক নিরাপত্তা আইন-২০২৬ (খসড়া)-এ ‘গুড সামারিটান’ বা মানবিক উদ্ধারকারীদের আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

দুর্ঘটনার পর আহত ব্যক্তির জীবন রক্ষায় প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চিকিৎসাবিজ্ঞানে ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে পরিচিত। এই সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা প্রদান করা গেলে প্রাণহানি ও গুরুতর শারীরিক ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তবে পুলিশি ঝামেলা, মামলা কিংবা আদালতে হাজিরার ভয়ে অনেক সময় সাধারণ মানুষ আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে আগ্রহী হন না।

ফলে, সময়মতো চিকিৎসা না পাওয়া অনেকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

এ পরিস্থিতি পরিবর্তনে উদ্ধারকারীর আইনি সুরক্ষা, হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা এবং দ্রুত উদ্ধারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত আইনে।

বর্তমানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬২ ধারায় দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোটরযানের চালক, কন্ডাক্টর বা তাদের প্রতিনিধিকে দুর্ঘটনার খবর নিকটস্থ থানায় জানানোর পাশাপাশি আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর এবং চিকিৎসার ব্যবস্থা করার বাধ্যবাধকতা রয়েছে। এই বিধান লঙ্ঘনের জন্য সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে সাধারণ নাগরিকের মানবিক সহায়তার ক্ষেত্রে সুস্পষ্ট আইনি সুরক্ষার বিষয়টি আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাসসকে বলেন, “দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন আইনি জটিলতার ভয়ে পিছিয়ে না যায, সে জন্য কার্যকর সুরক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ। তাই গুড সামারিটান সুরক্ষার প্রস্তাবটির মাধ্যমে উদ্ধারকারীকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

প্রস্তাবিত বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি সৎ উদ্দেশ্যে মানবিক বিবেচনায় আহত ব্যক্তিকে উদ্ধার, প্রাথমিক সহায়তা প্রদান কিংবা হাসপাতালে স্থানান্তর করলে সেই সহায়তার ফলে দুর্ঘটনাজনিত ক্ষতি বা মৃত্যুর জন্য তাঁকে ফৌজদারি ও দেওয়ানি মামলায় দায়ী করা যাবে না।

জানতে চাইলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাহমিদুর রহমান বাসসকে বলেন, মানবিক কারণে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া হলে তা জনসাধারণকে উদ্ধারকাজে উৎসাহিত করতে পারে। তবে প্রকৃত মানবিক সহায়তা এবং ইচ্ছাকৃত ক্ষতি বা গুরুতর অবহেলার মধ্যে পার্থক্য নির্ধারণে আইনে সুরক্ষার পরিধি স্পষ্ট থাকা প্রয়োজন।

প্রস্তাবিত আইনে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে কমিউনিটি ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স টিম গঠনের কথা বলা হয়েছে। এসব দল দুর্ঘটনার খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে।

পাশাপাশি, আহত ব্যক্তিকে উপযুক্ত হাসপাতালে নেওয়া এবং গোল্ডেন আওয়ারের মধ্যে চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্রগুলোকে জরুরি অবস্থায় আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়ার বাধ্যবাধকতার আওতায় আনার প্রস্তাবও রয়েছে।

এ ছাড়া বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬২ ধারায় দেশব্যাপী টোল-ফ্রি টেলিফোন নম্বর চালুর বিধান রয়েছে। এর মাধ্যমে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, চালক, মালিক, যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জরুরি উদ্ধার ও চিকিৎসাসেবার জন্য সহায়তা চাইতে পারবেন।

তবে কার্যকর উদ্ধারব্যবস্থার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, প্রশিক্ষিত উদ্ধারকর্মী, হাসপাতালের জরুরি চিকিৎসা সক্ষমতা এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ও প্রয়োজন।

সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর খসড়ায় দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ অবকাঠামো নির্মাণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সড়কের নকশা, নির্মাণ ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। ভুল নকশা বা অনিরাপদ অবকাঠামোর কারণে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।

পথচারীদের নিরাপত্তায় ফুটপাত, নিরাপদ পারাপার ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মোটরসাইকেলের চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা, শিশু পরিবহনে নিরাপত্তা বিধিমালা প্রণয়ন এবং সাইকেল আরোহীদের জন্য পৃথক লেন তৈরির প্রস্তাবও রয়েছে।

নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের উপযোগী সড়ক ও গণপরিবহন নিশ্চিত করার বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের ভুল বা অসতর্কতাকে দায়ী করে সমস্যার সমাধান সম্ভব নয়। সড়কের নকশা, নির্মাণ, রক্ষণাবেক্ষণ, যানবাহনের কারিগরি অবস্থা, গতিসীমা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সব বিষয় সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮-এ দুর্ঘটনার জন্য দায়ী চালকদের শাস্তিরও বিধান রয়েছে। আইনের ৯৮ ধারায় বেপরোয়া চালনা, নির্ধারিত গতিসীমা অতিক্রম, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কিংবা অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে দুর্ঘটনায় জীবন বা সম্পত্তির ক্ষতি হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ১০৫ ধারায় বেপরোয়া বা অবহেলাজনিত চালনায় গুরুতর আহত বা প্রাণহানির ঘটনায় নির্ধারিত শর্তে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

সড়ক নিরাপত্তাসংক্রান্ত নতুন আইনের অন্যতম লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা।

সংশ্লিষ্টদের মতে, গুড সামারিটান সুরক্ষা কার্যকর হলে দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে সাধারণ মানুষের ভয় ও দ্বিধা কমবে।

তবে এ সুরক্ষার অপব্যবহার রোধে সৎ উদ্দেশ্যে সহায়তার শর্ত, ইচ্ছাকৃত ক্ষতি ও গুরুতর অবহেলার ক্ষেত্রে দায় এবং উদ্ধারকারীর পরিচয় সংগ্রহের প্রক্রিয়া আইনে স্পষ্ট করা প্রয়োজন।

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন রক্ষায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

এ ক্ষেত্রে চালক, পথচারী কিংবা প্রত্যক্ষদর্শীর তাৎক্ষণিক উদ্যোগ একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই শাস্তির পাশাপাশি নিরাপদ অবকাঠামো, জরুরি উদ্ধারব্যবস্থা, হাসপাতালের চিকিৎসাসেবা এবং মানবিক উদ্ধারকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করেই কার্যকর সড়ক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%