মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৪ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সিজন ১’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাকর ফাইনালে আনাস একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে আকাশ-নিলয় একাদশ।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর রেল স্টেশন সংলগ্ন পূর্ব গাইলকাটা খেলার মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করে ‘পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহল’।
বিকেলে ফাইনাল খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মো. কামরুল ইসলাম মুছা।
এ সময় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছা বলেন, "খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। যুবসমাজ ও তরুণরা সঠিক পথে এগিয়ে গেলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।"
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ বলেন, "গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা আজ হারিয়ে যাওয়ার পথে। পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহলের এই উদ্যোগ আমাদের শৈশবের সেই হারানো ঐতিহ্য ও খেলাধুলার আমেজকে আবার ফিরিয়ে এনেছে। খেলোয়াড়দের সুন্দর ক্রীড়াশৈলী ও উভয় দলের চমৎকার মনোভাব দেখে আমি সত্যিই মুগ্ধ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আলী সোহেল, কামাল আহমেদ ও মোবারক হোসেন।
বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ ধারায় টিকিয়ে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট পরিচালনায় স্থানীয় যুবক ও তরুণদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
ফাইনালে আকাশ-নিলয় একাদশ ও আনাস একাদশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। শেষ পর্যন্ত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আকাশ-নিলয় ফুটবল একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এলাকার ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর ক্রেমলিনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।
রুশ প্রেসিডেন্টের অফিস এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির পাশাপাশি দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
ক্রেমলিনের প্রকাশিত ছবি ও বিবরণে দেখা যায়, বৈঠকে পুতিনের সঙ্গে রাশিয়ার প্রতিনিধি দলে ছিলেন ক্রেমলিনের বৈদেশিক নীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা ইউরি উশাকভ এবং সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্ত্যুকভ। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠককালে মোহসেন রেজায়ি রাশিয়ার নেতার কাছে তেহরানের শীর্ষ নেতৃত্ব বা সর্বোচ্চ নেতার একটি বিশেষ বার্তা পৌঁছে দেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো ও তেহরানের এই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস চালু করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কলেজের ক্যাম্পাসে বাস দুটি উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি কলেজটিকে এই দুটি বাস বরাদ্দ দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ বাসের জ্বালানি খরচ বহন করবে। এছাড়া, যাতায়াতকারী প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বছরে ৬০০ টাকা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং কলেজের ছাত্রসংগঠন নেতৃবৃন্দসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ