ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা


যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

জিয়ান্নি ইনফান্তিনো ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে, ফিফার সভাপতি হিসেবে তিনি পদত্যাগ করছেন না, এমনকি ক্ষমা চাওয়ার পরেও।

সমালোচনার ঢেউ থামছে না। এতটাই যে, আগামী মেয়াদে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়া এখন একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

অনেকে ইতিমধ্যে ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেছেন। সম্প্রতি, ফিফার অফিশিয়াল ‘লেজেন্ডস’সহ বর্তমান ও সাবেক কিছু ফুটবলার তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন, যা পরিস্থিতিকে আরও জোরালো করেছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এই খেলোয়াড়দের মধ্যে অন্যতম হলেন—ফিফা ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে, ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রেঞ্জ এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত। তারা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, "যথেষ্ট হয়েছে।" তাদের উদ্বেগের কারণ, ফিফার বর্তমান কমিটি মূল আদর্শ থেকে সরে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, "বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে যে শঙ্কা, আমাদের মধ্যেও ঠিক তাই।

আমরাও দেখেছি, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় খেলাটি কীভাবে মূল আদর্শ থেকে দূরে সরে গেছে। সাম্প্রতিক ঘটনাবলি আমাদের চুপ থাকার সুযোগ রাখেনি। যথেষ্ট হয়েছে। ফিফার ভেতরেও ভালো মানুষ আছেন, যারা আস্থা ফিরিয়ে আনতে চান। নতুন একটি যুগের সূচনার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার।

ফুটবল কীভাবে পরিচালিত হবে, তাতে খেলোয়াড় ও ভক্তদের বাস্তব এবং সরাসরি মতামত থাকতে হবে।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব দেওয়ার কারণে ইনফান্তিনো বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সম্মুখীন হন। এই প্রস্তাবের কারণে উয়েফা ও কনকাকাফসহ একাধিক বড় কনফেডারেশন তার নিন্দা করে। অনেক সদস্য দেশ তার প্রতি সমর্থনও প্রত্যাহার করে নেয়। উয়েফা তো বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে। পরে সমালোচনার মুখে ইনফান্তিনো সেই প্রস্তাব থেকে সরে আসেন। তবে, তিনি অনেকের আস্থা হারিয়েছেন।

সমালোচনার মাঝেও ইনফান্তিনোকে অনেকেই সমর্থন করছেন। আর্জেন্টিনা-মেক্সিকো তাকে সমর্থন দিয়েছে। এবার তার পাশে দাঁড়িয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি ও বার্সেলোনা-ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো। সিএনএন স্পোর্টসকে তিনি বলেছেন, "আমি মনে করি না কোনো ভুল করেছেন ইনফান্তিনো। ইনফান্তিনো পুনর্নির্বাচিত হওয়ার পর প্রকল্পটি আবার আলোচনার টেবিলে তোলার মতো শক্তি আমাদের হবে। আমি মনে করি, এই সবকিছু করা হয়েছে সামনে নির্বাচন আছে বলে, যেখানে ইনফান্তিনো প্রার্থী হয়েছেন। সামনে নির্বাচন আছে বলেই এসব ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, এই নীতিমালায় নির্ধারণ করা হবে এসব রিকশা কোথায় ও কতটুকু চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় ব্যাটারিচালিত রিকশাগুলো বড় ও প্রধান সড়কগুলোতে চলাচল শুরু করেছে, যার ফলে রাস্তায় যানজটসহ বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হয়েছে।

এসব রিকশাচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব রয়েছে। একই সঙ্গে যানবাহনগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট নিরাপদ ও মানসম্মত কি না, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার খুব দ্রুত এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, যানবাহনের মান কেমন হবে, এসব বিষয় নীতিমালায় নিশ্চিত করা হবে।

এর মাধ্যমে দ্রুত একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে।

সংবাদ সম্মেলনে সরকারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর কথাও তুলে ধরেন তিনি। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

ডা. জাহেদ উর রহমান জানান, চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।

 

ফ্যামিলি কার্ডে এত বড় অর্থ ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের অনেক অগ্রাধিকার রয়েছে। তবে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করাও সরকারের একটি বড় অগ্রাধিকার।

তিনি বলেন, দরিদ্র মানুষের হাতে যখন অর্থ পৌঁছাবে, তারা সেই অর্থ দ্রুতই বাজারে ব্যয় করবেন। ফলে শুধু উপকারভোগী পরিবার নয়, পুরো অর্থনীতিতে এর প্রভাব পড়বে। এই অর্থ বাজারে প্রবাহিত হয়ে চাহিদা তৈরি করবে এবং এর ভিত্তিতে নতুন ব্যবসা ও শিল্প গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে।

উপদেষ্টা বলেন, ফ্যামিলি কার্ডের জন্য ব্যয় করা প্রায় ১৪ হাজার কোটি টাকার অর্থনীতিতে বহুগুণ প্রভাব তৈরি হতে পারে। অর্থের এই প্রবাহের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগও তৈরি হবে।

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার দিয়ে কার্যক্রম শুরু হলেও প্রতিবছর এর আওতা বাড়ানো হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে কোতোয়ালি পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান, ‘গাঁজা রফিক’সহ আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


বরিশালে কোতোয়ালি পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান, ‘গাঁজা রফিক’সহ আটক ৫

বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি ও আশপাশের এলাকায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি মিডিয়া সেল জানায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল) অলক কান্তি শর্মার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—মো. রফিকুল ইসলাম ওরফে ‘গাঁজা রফিক’, মো. রিফাত হোসেন বিল্লাল (১৮), মো. মিঠুন মৃধা (৩১), মো. রাব্বি খান (২৩) ও মো. ইমরান (২৬)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন।

বরিশাল নগরীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের আকস্মিক সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন, যা ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর বিকল্প হিসেবে কাজ করবে। তিনি নদীর মোহনা চাঁদপুর এবং সমুদ্র উপকূল মোংলায় ফিজিবিলিটি স্টাডির জন্য নির্দেশনা প্রদান করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বৈঠকের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা শহরের ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে সংগ্রহ করা হয়, যা ঝুঁকিপূর্ণ।

প্রতিমন্ত্রী জানান, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, ডেনমার্ক সরকার এই প্রকল্পে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহযোগিতা করবে। এছাড়া, ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসতে পারেন শি চিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


বড় প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসতে পারেন শি চিনপিং

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। রয়টার্সের তিনটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে শি চিনপিংয়ের আগমন সাত বছরের মধ্যে তার প্রথম সফর হবে।

ভারতের একটি সূত্রের তথ্য অনুযায়ী, চীনা কর্মকর্তারা শি চিনপিংয়ের সফরের প্রস্তুতি হিসেবে হোটেল এবং নিরাপত্তার ব্যবস্থা চূড়ান্ত করার কাজ করছেন। অন্য দুটি ভারতীয় সূত্র জানিয়েছে, শির সঙ্গে প্রায় ৪০০ কর্মকর্তার একটি বড় প্রতিনিধিদল আসতে পারে। ২০১৯ সালে তার সর্বশেষ ভারত সফরে ২০০ জনেরও কম কর্মকর্তা ছিলেন।

২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়ার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ভারত আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলনের আয়োজন করছে। শি চিনপিং যদি সম্মেলনে উপস্থিত হন, তাহলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা এবং সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা অধিক গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, সম্মেলনের সময় ভারত ও চীনের কর্মকর্তারা সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ কমানোর পাশাপাশি দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে পারেন।

তবে শি চিনপিংয়ের সফরের চূড়ান্ত পরিকল্পনা এবং ভারত ও চীনের মধ্যে সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন ব্রিকস সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ বছরের ব্রিকস সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য চীন ভারতকে সমর্থন করছে। উল্লেখ্য, শি ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত সর্বশেষ ব্রিকস সম্মেলনে অংশ নেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শি চিনপিংয়ের সম্ভাব্য সফর নিয়ে কোনো মন্তব্য করেনি।

ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে নতুন করে আলোচনা

ভারত ও চীন দুটোই পারমাণবিক শক্তিধর দেশ। হিমালয় অঞ্চলে দুই দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর একটি বড় অংশ এখনো স্পষ্টভাবে চিহ্নিত নয় এবং দুই দেশই এর কিছু অংশের দাবি করে।

২০২০ সালে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হন। এরপর সীমান্তে প্রায় চার বছর সামরিক উত্তেজনা চলতে থাকে। অবশেষে ২০২৪ সালের অক্টোবরে দুই দেশ সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়।

তবে সীমান্ত নিয়ে এখনো দুই দেশের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। ১২ আগস্ট ভারত জানায়, দুই দেশের সম্পর্ক উন্নত করতে সীমান্তে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে জুলাইয়ের শেষ দিকে একটি প্রত্যন্ত সীমান্ত এলাকায় ভারতীয় ও চীনা সেনাদের টহল দলের মুখোমুখি হওয়ার খবরও আসে।

সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সোমবার বেইজিং সফর শুরু করেছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন।

ভারত ও চীন এখনো একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি দুই দেশের জন্য কিছু ক্ষেত্রে অভিন্ন উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ব্রিকস সম্মেলনে শি চিনপিংয়ের সম্ভাব্য উপস্থিতি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%