০৪:৫১ এম
বয়স যখন ৩০ পেরোবে, তখন থেকেই ত্বকের স্বাভাবিক কোলাজেন উৎপাদন ধীরে ধীরে কমে আসতে শুরু করে। এর ফলে সূক্ষ্ম রেখা ও বলিরেখার মতো বয়সের ছাপ ত্বকে দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো, এই সময় থেকেই নিয়মিত অ্যান্টি-এজিং ত্বক পরিচর্যা করা প্রয়োজন। তবে এর জন্য সবসময় দামি অ্যান্টি-রিঙ্কল ক্রিম ব্যবহার করা জরুরি নয়।
ত্বককে আর্দ্র ও পুষ্ট রাখা এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখলে বয়সের ছাপ অনেকটাই ধীরগতিতে আসতে পারে। এ ক্ষেত্রে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল খুবই উপকারী হতে পারে। এতে থাকা রিসিনোলেইক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ রাখে। সেইসাথে এটি কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনেও সহায়তা করে বলে মনে করা হয়।
কিন্তু ক্যাস্টর অয়েল বেশ ঘন হওয়ার কারণে সরাসরি ব্যবহার করলে অনেকের ত্বকে চিটচিটে অনুভূতি দেখা দিতে পারে। তাই এটি বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে সিরাম, ক্রিম বা ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: পুরুষদের চেয়ে নারীরা কেন বেশি দিন বাঁচেন?
নাইট সিরাম হিসেবে ব্যবহার করতে একটি সহজ মিশ্রণ তৈরি করা যায়। সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও রোজহিপ অয়েল একসঙ্গে মিশিয়ে তাতে ২ থেকে ৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল যোগ করুন। এই মিশ্রণটি একটি কাচের বোতলে সংরক্ষণ করুন।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে পারেন। নিয়মিত ব্যবহারে ত্বক আরও কোমল ও সতেজ দেখাবে।
শুষ্ক ত্বকের জন্য ক্যাস্টর অয়েল দিয়ে একটি পুষ্টিকর নাইট ক্রিমও তৈরি করা যায়। এক টেবিল চামচ শিয়া বাটারের সঙ্গে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং এক টেবিল চামচ জোজোবা অয়েল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
রাতে ঘুমানোর আগে এই ক্রিম ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান
আরো একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে ক্যাস্টর অয়েলযুক্ত ফেসপ্যাক। সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করা যেতে পারে। এই ফেসপ্যাক ত্বকে আর্দ্রতা যোগ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
ফেসপ্যাক তৈরির জন্য এক টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, এক চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার এবং ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যাদের ত্বক বেশ সংবেদনশীল, তারা নতুন কোনো উপাদান ব্যবহারের আগে হাতে বা কানের পেছনে প্যাচ টেস্ট করে নিতে পারেন। যদি ত্বকে জ্বালা, চুলকানি বা অস্বস্তি অনুভূত হয়, তাহলে ব্যবহারে বিরতি দেওয়া উচিত।
আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন