০৩:০২ পি.এম
বান্দরবান, ৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আজ থেকে পার্বত্য জেলা বান্দরবানে দুস্থ ও অসহায় মানুষের জন্য দুইদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে রাজার মাঠে এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু, চর্মরোগ এবং নাক-কান-গলা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি
দূরদূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় ও দরিদ্র রোগী এবং তাদের স্বজনরা সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও সুস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এ ধরনের চিকিৎসা সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হবে।
স্থানীয় বাসিন্দারা বাসস’কে জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ওষুধ সরবরাহের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও বান্দরবানের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বান্দরবানের প্রান্তিক জনগণের বিপুলসংখ্যক মানুষ সেনাবাহিনীর দুইদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করছেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন