০৩:১৩ পি.এম
পুলিশি নিরাপত্তার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় চট্টগ্রামের রাউজানের গহিরায় অবস্থিত তার নিজ বাড়ির উঠানে জানাজার আয়োজন করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রোটনের জানাজায় উপস্থিত ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত ২টার দিকে রোটনের মরদেহবাহী গাড়ি রাউজানের গহিরায় বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন। গভীর রাত থেকেই রোটনের গ্রাম এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরেও যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: ‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানালেন, জানাজায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিন প্লাটুন পুলিশ এবং এক প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন