সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:৫০ পি.এম
বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি এবং অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তিনজন কর্মকর্তাকে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন উপসচিব আফরোজা আক্তার রিবা।
মনোনীত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বেসিক ব্যাংক পিএলসির জন্য জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা, জনতা ব্যাংক পিএলসির জন্য সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম এবং অগ্রণী ব্যাংক পিএলসির জন্য যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট পত্রে উল্লেখ করা হয়েছে, মনোনীত কর্মকর্তাদের নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সরকারের সম্মতি জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল ইভেন্টের উদ্বোধনী ম্যাচে নর্থ সাউথ ও ড্যাফোডিল সমতায় বিরতিতে গেছে। প্রথমার্ধে ১-১ গোলে সমাপ্ত হয় ম্যাচটি, যেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ফলাফল অর্জন করে।
ম্যাচের শুরুতেই, সোমবার (২৬ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায়, নর্থ সাউথের একুশ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিসান মাহমুদ গোল করে চমক সৃষ্টি করেন। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে তিনি গোল করেন।
তবে, নর্থ সাউথ তাদের লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৪ মিনিটে, ড্যাফোডিলের বিদেশি শিক্ষার্থী ইউনুসা সতীর্থের বাড়ানো ক্রস থেকে গোল করে সমতা ফেরান।
এরপর, দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে একটি দারুণ খেলা উপহার দেওয়া হলেও আর কোনো গোল হয়নি। ফলে, ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল।
এর আগে, বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফুটবল ইভেন্টের উদ্বোধন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে ক্যারম বোর্ড খেলার কারণে তোফাজ্জল (১৯) নামে এক যুবককে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম (২৪) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাতে মহানগরীর বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে পবা থানার একটি পুলিশ দল তাঁকে আটক করে।
সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া মাসুম পবা উপজেলার বাগধানী উলাপুর গ্রামের বাসিন্দা ওহেদুল ইসলামের ছেলে। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ক্যারম বোর্ড খেলার সময় মাসুম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জালের মৃত্যু ঘটে। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে রোববার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লাতিন আমেরিকার ডানপন্থী প্রার্থীদের জয়লাভের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একের পর এক সরকারের 'কিংমেকার' বা ক্ষমতাধর অভিভাবক হিসেবে উপস্থাপন করে আসছিলেন। তবে ব্রাজিলের সাম্প্রতিক নির্বাচনে তার প্রভাবের কৌশল একটি বড় ধাক্কা খেয়েছে। ট্রাম্প সাবেক ফার-রাইট নেতা জেইর বলসোনারোর ছেলে ফ্ল্যাভিও বলসোনারোকে প্রকাশ্যে সমর্থন না করলেও, পুরো নির্বাচনের সময় ট্রাম্পের উপস্থিতির ছায়া স্পষ্ট ছিল।
গত বছর, ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র জেইর বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়াকে 'রাজনৈতিক ডাইনি শিকার' (Witch-hunt) বলে উল্লেখ করেছিলেন। বলসোনারোর বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে দাবি করে তিনি ব্রাজিলীয় পণ্যের ওপর অস্বাভাবিক ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন।
ব্রাজিলের পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রশাসনের এসব পদক্ষেপকে "উপনিবেশবাদী মনোভাব" হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। লুলার এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ব্রাজিলের বহুপাক্ষিক পররাষ্ট্রনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সঙ্গে প্রাগম্যাটিক বা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি, পেন্টাগনের সঙ্গে যৌথভাবে লাতিন আমেরিকার মাদক কার্টেলবিরোধী সামরিক জোটে যোগ দেওয়ার মার্কিন প্রস্তাবও লুলা প্রত্যাখ্যান করেছেন, যা ব্রাজিলীয় ভূখণ্ডে মার্কিন সামরিক প্রভাব বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্লেষকদের মতে, এক দেশে গণতন্ত্রকামীদের জয় অন্যান্য দেশের গণতান্ত্রিক শক্তির মনস্তাত্ত্বিক মনোবল বৃদ্ধি করে। সার্বিয়া, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর প্রেক্ষাপটে ল্যাটিন আমেরিকার এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে, যখন বিশ্বনেতারা লুলাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন, তখন বিশ্ব রাজনীতিতে লুলার এই জয় সুদূরপ্রসারী বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে ঝালকাঠি ও নলছিটি পৌরসভার বিরুদ্ধে। স্থানীয়রা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কা করছেন।
সাম্প্রতিক সময়ে ঝালকাঠি শহরের মেঘনা তেলের ডিপোসংলগ্ন স্থানে সুগন্ধা নদীর পাড় এবং নলছিটি পৌর এলাকার কলবাড়ীসহ নদীর তীরবর্তী কয়েকটি স্থানে ময়লার স্তূপ দেখা গেছে। এই স্তূপগুলোর মধ্যে গৃহস্থালি বর্জ্য, পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন ধরনের আবর্জনা রয়েছে। বর্জ্য পচে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পৌর এলাকার বাসাবাড়ি, বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করা হয়। এর একটি অংশ নির্দিষ্ট স্থানে না নিয়ে নদীর তীরে ফেলা হচ্ছে। পরবর্তীতে বৃষ্টি ও জোয়ারের পানিতে এসব বর্জ্যের একটি অংশ নদীতে গিয়ে পড়ছে।
নলছিটি পৌরসভার বাসিন্দা এইচ এম সিজার বলেন, "পৌরসভার যত বর্জ্য আছে, সেগুলো নিয়ে এসে কলবাড়ী এলাকার সুগন্ধা নদীর তীরে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। জোয়ারের পানিতে ময়লা নদীতেও মিশে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন।"
ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা মাহবুব হোসেন সৈকত বলেন, "নদীর পাশে ময়লা ফেলায় সব সময় দুর্গন্ধ থাকে। বৃষ্টি হলে ময়লা পানিতে মিশে নদীতে চলে যায়। দ্রুত এভাবে ময়লা ফেলা বন্ধ করা দরকার।"
সুজন ও ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, "ঝালকাঠি ও নলছিটি পৌর এলাকায় প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদন হয় তা সংগ্রহ ও অপসারণে পরিচ্ছন্নতাকর্মী অনেক কিন্তু বাস্তবে কম। দুটি পৌরসভার বর্জ্যই সুগন্ধা নদীর পাড়ে ফেলা হচ্ছে। এগুলোর গলিত পানি ভূগর্ভস্থ পানিতে চলে যাচ্ছে। জোয়ার ও বৃষ্টিতে আশপাশের কৃষিজমি ও নদীনালায় যাচ্ছে। অনেক সময় বর্জ্য পুড়িয়ে দিলেও বাতাস দূষিত হচ্ছে। সভ্য কোনো দেশে এভাবে নদীর পাড়ে বর্জ্য ফেলা হয় না।"
পৌর রাজস্ব বাজেটের অনেকটাই খরচ হওয়ার কথা বর্জ্য ব্যবস্থাপনায়। রাতের অন্ধকারে সড়কের পাশে, নদীর পাড়ে বর্জ্য ফেলা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্টেশন তৈরি করতে পারলে ময়লা ধ্বংস বা রিসাইকেল করা যাবে- যা স্থায়ী সমাধান।
ঝালকাঠির কুনিহারীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণে পরিবেশ অধিদপ্তরের সাইট ক্লিয়ারেন্স ও পরিবেশের ছাড়পত্র পাওয়া গেলেও এখনও জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। অন্যদিকে নলছিটি পৌরসভার ক্ষেত্রেও এমন উদ্যোগ নিতে হবে।
নলছিটি পৌর প্রশাসক প্রতীক কুমার কুন্ডুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, "এর আগে ডাম্পিং স্টেশন ছিল না। বর্তমানে পৌরসভার জন্য ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নদীর তীরে যাতে বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
জেলা প্রশাসক মোহাম্মাদ মমিন উদ্দিন বলেন, "পৌরসভার প্রশাসকদের আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে, নদীর তীরে ময়লা ফেলা যাবে না। ময়লা ফেলার জন্য বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরপরও যদি নদীতে ময়লা ফেলা হয়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ